০৮:২৬ এম
আমদানি অর্থায়নে আন্তর্জাতিক সুদের হারের ওঠানামার কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলার জন্য ফরওয়ার্ড রেট চুক্তি চালুর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই চুক্তিটি সরবরাহকারী ঋণ ও ক্রেতা ঋণ সুবিধার আওতায় ইউজেন্স আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বুধবার (২ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারী গ্রাহকদের জন্য ফরওয়ার্ড রেট চুক্তি করার সুযোগ পাবেন। এর ফলে আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক সুদের হার, বিশেষ করে এসওএফআর হারের ভবিষ্যৎ ওঠানামার ঝুঁকি থেকে আমদানিকারকরা সুরক্ষিত হবেন।
আরও পড়ুন: চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ বাবু আটক
এ চুক্তিটি শুধুমাত্র প্রকৃত আমদানি লেনদেনের জন্য সুদের ঝুঁকি কমানোর উদ্দেশ্যের জন্য ব্যবহৃত হবে। ফটকাবাজি বা অরক্ষিত অবস্থান গ্রহণের সুযোগ প্রাপ্ত হবে না। চুক্তির মাধ্যমে একটি নির্দিষ্ট সুদের হার নির্ধারণ করা হবে এবং নির্ধারিত হার ও প্রচলিত মানদণ্ডের হারের পার্থক্যের ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর জন্য আলাদা ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশনাও দিয়েছে। এই নির্দেশনার ভিত্তিতে, ফরওয়ার্ড রেট চুক্তি থেকে উৎপন্ন ঝুঁকি একই দিনে সমান্তরাল লেনদেনের মাধ্যমে পুরোপুরি সমন্বয় করতে হবে, যাতে ব্যাংক নিজেদের হিসাবে কোনো ধরনের বাজারঝুঁকি বহন না করে। এছাড়াও, মূল্য নির্ধারণে ব্যাংকের মার্জিন সর্বোচ্চ ১০ ভিত্তি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, কোনো ব্যাংকের মোট ফরওয়ার্ড রেট চুক্তির পরিমাণ গত ১২ মাসের গড় মাসিক বৈদেশিক মুদ্রা প্রবাহের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।
প্রজ্ঞাপনে আন্তর্জাতিক মানসম্মত চুক্তি কাঠামো অনুসরণ, দৈনিক বাজারমূল্যায়ন, কার্যকর অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং চুক্তির আগাম সমাপ্তির ক্ষেত্রে প্রচলিত বাজারদরে নিষ্পত্তির নির্দেশনা দেয়া হয়েছে। সেইসাথে সংশ্লিষ্ট সমস্ত দলিলপত্র সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় বিএনপি'র পথসভা, অস্থিতিশীল পরিবেশের প্রতিবাদে আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন