০৯:৫৩ এম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ অতিবাহিত হলেও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) এক নিরাপত্তারক্ষীকে জীবিত উদ্ধার করা হয়। সরকারি হিসাব অনুযায়ী, এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২৯৫ জন এবং আহত হয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। তবে বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো সরকারের বিরুদ্ধে হতাহতের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ তুলেছেন।
ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপের মাঝে আটকা পড়েছিলেন হার্নান আলবার্তো গিল আট দিন ধরে। অলৌকিকভাবে তিনি বেঁচে ফিরে এসেছেন। হার্নান আলবার্তো গিল ভেনেজুয়েলায় লা গুয়াইরার একটি শপিংমলে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন।
ভূমিকম্প হলে সেই শপিংমলটি ধসে পড়ে, ফলে হার্নান আলবার্তো গিল ধ্বংসস্তূপে আটকা পড়েন। ৮ দিন পর সুড়ঙ্গ খুঁড়ে তার কাছে পৌঁছায় এল সালভাদর ও চিলির উদ্ধারকারী দল। পরে তাকে নিরাপদে বের করে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: এল-সায়েদের জয়ে উচ্ছ্বসিত মুসলিমরা, তবে ধর্মের কারণে নয়
গেল ২৪ জুন ভেনেজুয়েলে কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানিয়েছিল। এটি লা গুয়াইরা উপকূলীয় অঞ্চলকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে। এতে প্রাণ হারায় বহু মানুষ। ধ্বংসস্তূপ সরিয়ে এখনো নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
দুর্গত মানুষের সহায়তায় সাধারণ মানুষও এগিয়ে এসেছেন। দেশের পশ্চিমাঞ্চলের তাচিরা রাজ্য থেকে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজধানী কারাকাসের একটি আশ্রয়কেন্দ্রে হাজারো বাস্তুচ্যুত মানুষের জন্য প্রতিদিন গরম খাবার রান্না করছেন একটি স্বেচ্ছাসেবী পরিবার। তাদের ভাষ্য, অর্থ সহায়তা ছাড়াও দুর্যোগের সময় মানুষের পাশে সরাসরি দাঁড়ানোই সবচেয়ে জরুরি।
এদিকে, বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো সরকারের বিরুদ্ধে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপনের অভিযোগ তুলেছেন। দেশটির মানবাধিকার সংস্থা প্রোভেয়াও জানাচ্ছে, সরকারি হিসাব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তবে প্রকৃত প্রাণহানির পরিস্থিতি সামনে আসতে আরও সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে মর্গগুলোতেও ক্রমশ চাপ তৈরি হয়েছে। অনেক মরদেহের পরিচয় শনাক্ত করতে ট্যাটু, পোশাক বা দাঁতের গঠনের ওপর নির্ভর করা হচ্ছে। ব্যয়বহুল হওয়ায় ডিএনএ পরীক্ষাও করা সম্ভব হচ্ছে না। নিখোঁজ স্বজনদের খুঁজতে অনেকেই এখন বেসরকারি অনলাইন ডেটাবেসের সহায়তা নিচ্ছেন।
আরও পড়ুন: দুর্যোগের পর ৮০% শিশু অসুস্থ, ৪৯% স্কুল বন্ধ: সেভ দ্য চিলড্রেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন