ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

শোকাহত ভৈরব: চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস


শোকাহত ভৈরব: চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস

কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরব হারালো তার এক বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, জননন্দিত জনপ্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধাকে। ভৈরব পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস সোমবার (২০ জুলাই) দুপুর আনুমানিক ১২টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ মাগরিব ভৈরবপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে ভৈরবজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস একজন সৎ, নীতিবান এবং জনমুখী জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ক্ষমতাসীন দলের নেতা হয়েও তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন ছিলেন। জনগণের স্বার্থকে তিনি সবসময় দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতেন।

আরও পড়ুন: সিলেটে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

ভৈরব পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নাগরিক সেবার মানোন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রাখেন। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষরের আগে তিনি নিজেই প্রতিটি কাগজপত্র মনোযোগ দিয়ে যাচাই করে দেখতেন, যাতে সাধারণ মানুষ ভবিষ্যতে কোনো জটিলতার মুখোমুখি না হন। দায়িত্ববোধ, সততা এবং স্বচ্ছ প্রশাসনিক কর্মকাণ্ড ছিল তাঁর কর্মজীবনের অন্যতম বৈশিষ্ট্য।

উন্নয়ন কর্মকাণ্ডেও তাঁর অবদান ভৈরববাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পরিকল্পিত আধুনিক পৌরসভা গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। স্থানীয়দের মতে, আধুনিক ভৈরবের ভিত্তি নির্মাণে তাঁর অবদান অনস্বীকার্য।

সহকর্মীদের ভাষ্য, দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। দিনের অধিকাংশ সময় তিনি পৌরসভা কার্যালয়ে কাটাতেন। গভীর রাত পর্যন্ত কাজ শেষে বাড়ি ফিরলেও ভোরেই আবার কর্মস্থলে উপস্থিত হতেন। ব্যক্তিগত আরাম-আয়েশের চেয়ে জনসেবাকেই তিনি জীবনের প্রধান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন।

ব্যক্তিগত জীবনেও ছিলেন ব্যতিক্রমী। তিনি সংসার জীবন গড়ে তোলেননি এবং স্ত্রী-সন্তান রেখে যাননি। আত্মীয়-স্বজনের পাশাপাশি ভৈরবের সাধারণ মানুষই ছিল তাঁর বৃহত্তর পরিবার। মানুষের ভালোবাসা, আস্থা এবং শ্রদ্ধাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন।

আরও পড়ুন: সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, আহত ১

অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাসের মৃত্যুতে ভৈরবের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলেও মনে করছেন স্থানীয়রা। তাঁর আদর্শ, সততা, জনসেবার দৃষ্টান্ত এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ভৈরববাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় : জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় : জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। জ্বালানি আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদনেও খরচ বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর একটি বড় চাপ সৃষ্টি করছে।

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত সরকার সমুদ্র জয় করলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ আহরণে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি। প্রতিবেশী দেশগুলো এ খাতে অনেক দূর অগ্রসর হয়েছে।

মন্ত্রী আরো বলেন, সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানিতে উন্নয়ন সহযোগীদের আরো বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন।

জ্বালানিমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে এবারের বাজেটে কর শিথিল রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছেন। সরকার ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েও কাজ করছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মশা নিধন কার্যক্রমে দেশীয় উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে তা পরীক্ষা-নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি করপোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ জুলাই) দুপুরে তিনি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না।” তিনি আরো বলেন, “যদিও দেশের তৈরি রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তির আলোচনা চলছে, সেটি বেশ সম্ভাবনাময়।”

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, “ডেঙ্গু ও চিকনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করাই মূল কাজ। যদি নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা সম্ভব হয়, তাহলে মশা নিধনে সিটি করপোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফলতার দিকে এগিয়ে যাবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরার পর সুমনের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরার পর সুমনের আত্মহত্যা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে বাড়িতে ফিরে কুষ্টিয়ায় এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে সোমবার (২০ জুলাই) ভোরে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ এলাকায়। মৃত্যুবরণকারী সুমন সরদার (৩০) একই এলাকার মো. আবজাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের একজন সমর্থক। তিনি রাতে বন্ধুদের সঙ্গে বসে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন এবং একসঙ্গে খাওয়া-দাওয়াও করেন। তার পর বাড়ি ফেরার পর স্ত्री জেনি খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে আজ সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য এবং আর্জেন্টিনার পরাজয়, ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মস্থলে অনুপস্থিত, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


কর্মস্থলে অনুপস্থিত, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

অনুমতি ছাড়া দীর্ঘ সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং 'পলায়ন' সম্পর্কিত অভিযোগের কারণে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এবার রবিবার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্টের পরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ সময়ে তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল, তবে তার জবাবকে সন্তোষজনক বিবেচনা করা হয়নি।

পরে তার বিরুদ্ধে 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী 'পলায়ন' অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আনা 'পলায়ন' অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন।

এরপর পুনরায় তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হলে তার দেওয়া জবাবও সন্তোষজনক বলে বিবেচনা করা হয়নি।

প্রজ্ঞাপন অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের গম্ভীরতা বিবেচনা করে, সরকারি চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাইলে কমিশনও তাকে বরখাস্তের পক্ষে মতামত প্রকাশ করে।

সব আইনি প্রক্রিয়া শেষে 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮'-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ আদেশ তার অনুপস্থিতির তারিখ অর্থাৎ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%