ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাসুদকে তালাক দিলেন শ্যালিকা পূর্ণিমা


মাসুদকে তালাক দিলেন শ্যালিকা পূর্ণিমা

নওগাঁর আলোচিত মাসুদ, যিনি তার আপন শ্যালিকাকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলেন, আইনগতভাবে তালাক পেয়েছেন তার দ্বিতীয় স্ত্রী পূর্ণিমার কাছ থেকে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মাসুদ নিজেই ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি তিনি লাইভে এসে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন।

লাইভে মাসুদ নিজেদের ভুলের কথা স্বীকার করে বলেন, "ইসলামি শরিয়ত অনুযায়ী একই সঙ্গে দুই বোনকে বিয়ে করা যে জায়েজ নয়, তা আমাদের জানা ছিল না।" তিনি আরও জানান, "না বুঝে আমরা এই ভুলটি করেছিলাম। এই ভুলের কারণে আমাদের বিভিন্নভাবে অপমানিত ও লাঞ্ছিত হতে হয়েছে। যে ভুলটি হয়েছিল, আমরা তা সংশোধন করেছি।"

আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

তিনি উল্লেখ করেন, পূর্ণিমা তাকে আইনগতভাবে তালাক দিয়েছেন এবং বর্তমানে তার প্রথম স্ত্রী মৌসুমীই কেবল তার সঙ্গে স্ত্রী হিসেবে রয়েছেন। মাসুদ নেটিজেনদের কাছে অনুরোধ করেন, তালাকের প্রয়োজনীয় প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থাপন করার পর যেন তারা আর লাঞ্ছনার শিকার না হন। একই সঙ্গে তিনি অনাকাঙ্ক্ষিত এই শরিয়াহবিরোধী কর্মকাণ্ডের জন্য পরিবারসহ সবার কাছে ক্ষমা চান।

এর আগে, ২৪ অক্টোবর মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকার বাসিন্দা ও আইনজীবী সহকারী মাসুদ তার প্রথম স্ত্রীর উপস্থিতিতেই আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন। ২৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে ছবি ও টিকটক ভিডিও পোস্ট করলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে দেশজুড়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।

এই ঘটনার প্রেক্ষিতে ২৬ অক্টোবর রাতে ক্ষুব্ধ স্থানীয় জনতা মাসুদকে মুখে চুন-কালি মেখে এলাকা থেকে বের করে দেয়। পরবর্তীতে মঙ্গলবার মাসুদের শ্বশুরবাড়ির উঠানে আয়োজিত এক মাতবরী সালিশ বৈঠকে গ্রামবাসীর সামনে মাসুদের শ্বশুর মান্নান সাপুরে এবং ছোট মেয়ে পূর্ণিমা হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন।

একই দিনে মাসুদও ফেসবুক লাইভে এসে ভুল স্বীকার করে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার কথা জানান। তার ধারাবাহিকতায় বুধবার পূর্ণিমা আইনগতভাবে মাসুদকে তালাক প্রদান করেন।

আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেক দূষণমুক্ত করতে রাজউকের কারিগরি কমিটির সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


লেক দূষণমুক্ত করতে রাজউকের কারিগরি কমিটির সভা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার লেকগুলোকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে গঠিত কারিগরি কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম এবং রাজউকের সদস্য এরাদুল হক।

সভায় রাজধানীর লেকগুলোর বর্তমান দূষণ পরিস্থিতি, দূষণের উৎস চিহ্নিতকরণ, পানির গুণগত মান উন্নয়ন, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা এবং লেকগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ১ হাজার ২৬৯টি ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণের জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে, এবং সেসব ভবনের তালিকা সংশ্লিষ্ট সোসাইটিগুলোকে সরবরাহ করা হবে।

এছাড়া সেপটিক ট্যাংক ও সোক ওয়েলের স্ট্রাকচারাল ডিজাইন রাজউক থেকে অনুমোদন নিতে হবে। এই সংক্রান্ত আবেদন প্রাপ্তির তিন দিনের মধ্যে রাজউককে তা নিষ্পত্তি করতে হবে।

সভায় আরো সিদ্ধান্ত হয়, যেসব ভবনের অনুমোদিত নকশায় সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের সংস্থান রয়েছে, সেসব ভবনের মালিকদের আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে। অন্যথায়, ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এছাড়া সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল হাসান; প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কে এম মোহাম্মদ হুমায়ুন কবীর; গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান সুমন; বারিধারা সোসাইটির প্রেসিডেন্ট সাকিফ এ তাবানী ও সেক্রেটারি জেনারেল এ টি এম মতিন; বনানী সোসাইটির প্রেসিডেন্ট শওকত আলী ভূঁইয়া দিলন এবং নিকেতন সোসাইটির সেক্রেটারি জেনারেল রেজাউল করিম চৌধুরী আরিফসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


আগামী ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেছেন, সরকার আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা বৃদ্ধি করতে প্রশিক্ষণ, বৈধ অভিবাসন এবং নিরাপদ কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে কর্মসংস্থানকেন্দ্র ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দালালের প্রলোভনে অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করে অনেকেই প্রতারণার শিকার হন। এ ধরনের ঝুঁকি কমানোর জন্য জেলা ও উপজেলা পর্যায়ে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। পাশাপাশি, রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা এবং বিদেশগামী কর্মীদের প্রতারণা থেকে রক্ষায় মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

এর আগে, মন্ত্রী একাডেমিতে বৃক্ষরোপণ করেন এবং গার্মেন্টস কারখানা, প্যান্ট্রি ও বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ মাস্টার, সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভায় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের বীরত্বগাঁথা নিয়ে আলোচনা ও স্মৃতিরোমন্থন করেন বীর মুক্তিযোদ্ধারা। সভাস্থলে স্মৃতিকাতর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দেশের সব প্রয়াত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইদুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৎস্য কর্মকর্তার সঙ্গে যুবদল নেতার অডিও ভাইরাল, ‘টাকা না দিলে বোট জ্বালাইয়া দিমু’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


মৎস্য কর্মকর্তার সঙ্গে যুবদল নেতার অডিও ভাইরাল, ‘টাকা না দিলে বোট জ্বালাইয়া দিমু’

ভোলার মনপুরায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টাকা লেনদেনের বিনিময়ে মেঘনায় মাছ শিকারের সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে।

এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুর রহিমের সঙ্গে সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মৎস্য ব্যবসায়ী ও উপজেলা বিএনপি নেতারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

বুধবার সকাল থেকে মেঘনায় মাছ শিকারে টাকা লেনদেনের অডিও রেকর্ডটি ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া রেকর্ডে দেখা যায়, মৎস্য কর্মকর্তা কাজল রেখা এক মৎস্য ব্যবসায়ীর উদ্দেশে বলেন, ‘রহিম ভাই, শোনেন, একটা প্যাঁচ দিয়ে থুইয়া গেছেন। আমি না পারি অভিযান করতে। আমার ওপর থেকে চাপ আসতেছে। বাকি টাকা মাগরিবের আগে পাঠাই দিয়েন, না দিলে সব বোটে আগুন জ্বালাই দিমু।’

মৎস্য ব্যবসায়ী রহিমের জবাবে শোনা যায়, ‘যা করেন করেন, ফরটি ফাইভ দিছি। এর মধ্যে যেভাবে হোক আপনি আমাকে সেভ কইরেন।’

এরপর কাজল রেখা বলেন, ‘আমারে তো চা খাওয়ার জন্যেও দেন নাই। চা খাওয়ার টাকা দিলেও তো খুশি হতাম।’

উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স লেনদেনের অডিও রেকর্ডটি পোস্ট করে লেখেন- ‘এই হলো গরিবের পেটে লাথি মারার অবরোধ, সবকিছু ভাগবাটোয়ারার খেলা।’

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা সাগরে মাছ ধরার দুই শতাধিক ট্রলারের প্রত্যেকটি থেকে ২৫-৩০ হাজার টাকা নিয়ে নিষেধাজ্ঞার মধ্যে মাছ ধরার অঘোষিত অনুমোদন দেন। পরে এই টাকা তিন ভাগ করে সবার কাছে পৌঁছে দেন অডিও ভাইরাল হওয়া মৎস্য ব্যবসায়ী ও যুবদল নেতা।

এ বিষয়ে অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী ও যুবদল সচিব হাফেজ আবদুর রহিমের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা জানান, বিষয়টি শুনেছি। সত্যতা নিশ্চিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, এটি অনেক আগের রেকর্ড। এরপর তিনি অফিসে চা খাওয়ার দাওয়াত দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব জানান, বিষয়টি নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, বিষয়টি শুনেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%