০৮:১৭ পি.এম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগের কারণে গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানিয়েছেন, তাকে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নাটোর জেলায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ মঙ্গলবার (২৭ অক্টোবর) এই আদেশে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী উদ্যোগের কথা বললেন
এদিকে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজের ছেলে ও গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে কেন্দ্রীয় যুবদল দল থেকে বহিষ্কার করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত গ্রহণ করে।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হন শাকিল ইসলাম। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যায়।
গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড
এই ঘটনার পর (১৯ অক্টোবর) অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন শাকিলের বাবা রবিউল মিস্ত্রি। সোমবার রাত ১০টার দিকে গুরুদাসপুর বাজারের একটি ভাড়া বাসা থেকে এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুকে আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন