১১:২০ এম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটে।
রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে। তবে এই ঘটনার ফলে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে হঠাৎ করে দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভেতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
আরও পড়ুন: দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানালেন ৭নং জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম
তিনি আরও জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন