ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ডিম্বাশয়ের ক্যানসারের ৭টি সতর্কসংকেত


ডিম্বাশয়ের ক্যানসারের ৭টি সতর্কসংকেত

নারীদের ডিম্বাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব’ ক্যানসার বলা হয়ে থাকে। এর পেছনে কারণ হলো, রোগটির লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে অনেকটাই অস্পষ্ট হয়ে থাকে।

পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজমের মতো সাধারণ সমস্যার সাথে এই লক্ষণের মিল থাকার কারণে অনেক নারী বিষয়টিকে গুরুত্ব দেন না। কিছু নারী মানসিক চাপ, খাদ্যাভ্যাসের পরিবর্তন অথবা সাধারণ পেটের সমস্যার কারণে উপসর্গগুলোকে এড়িয়ে যান। তবে কিছু লক্ষণ যদি দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে সেগুলো ডিম্বাশয়ের ক্যানসারের সতর্কসংকেত হতে পারে।

হজমের সমস্যার সঙ্গে কেন মেলে

আরও পড়ুন: বিমানভাড়া ও যাত্রীসেবার মান নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক

ডিম্বাশয় নারীর তলপেটে অন্ত্র এবং অন্যান্য পরিপাক অঙ্গের নিকটবর্তী অবস্থানে থাকে। সেখানে যদি কোনো টিউমার তৈরি হয়, তাহলে আশপাশের অঙ্গের ওপর চাপ পড়তে পারে। পেটে তরল জমা হওয়া বা স্বাভাবিক হজম প্রক্রিয়ার ওপরও এর প্রভাব পড়তে পারে। ফলে অ্যাসিডিটি, গ্যাস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা খাবারের পর পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকদের মতে, সাধারণ হজমের সমস্যা কখনো বাড়ে, কখনো কমে। অনেক সময় নির্দিষ্ট খাবার বা মানসিক চাপের সঙ্গে এর সম্পর্ক থাকে। কিন্তু ডিম্বাশয়ের ক্যানসারের সঙ্গে সম্পর্কিত উপসর্গগুলো নতুনভাবে দেখা দিতে পারে, ঘন ঘন হতে পারে এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে।

যে ৭ লক্ষণ অবহেলা করবেন না

১. বারবার পেট ফাঁপা: ভারী খাবার খাওয়ার পর সাময়িক পেট ফাঁপা স্বাভাবিক হতে পারে। কিন্তু যদি নিয়মিত পেট ফুলে থাকে বা অস্বস্তি না কমে, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। পেটে তরল জমা হওয়া অথবা টিউমারের কারণে এমনটি হতে পারে।

আরও পড়ুন: কিডনি রোগীদের জন্য রাতের খাবারে স্বাস্থ্যকর ৩ খাবার

২. অল্প খেয়েই পেট ভরে যাওয়া: সামান্য খাবার খাওয়ার পর পেট ভরে যাওয়ার অনুভূতি, বমিভাব বা ক্ষুধামন্দার মতো উপসর্গ দেখা দিতে পারে।

৩. তলপেট বা শ্রোণিতে ব্যথা: তলপেটে দীর্ঘস্থায়ী ব্যথা, চাপ বা অস্বস্তি ডিম্বাশয়ের ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি ব্যথাটি স্বাভাবিক মাসিকের ব্যথার মতো না হয়, তাহলে গুরুত্ব দেওয়া উচিত।

৪. মলত্যাগের অভ্যাসে পরিবর্তন: নতুন করে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া অথবা পর্যায়ক্রমে দুটির কোনোটিতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

৫. ঘন ঘন প্রস্রাব: স্বাভাবিকের তুলনায় বেশি প্রস্রাবের চাপ বা হঠাৎ প্রস্রাবের বেগ হওয়ার পেছনে টিউমার বা পেটে জমা তরলের কারণে মূত্রথলিতে চাপ পড়তে পারে।

আরও পড়ুন: ক্যান্সার মোকাবিলায় কার্যকর চিকিৎসাব্যবস্থা গড়ার আহ্বান বিএমইউ উপাচার্যের

৬. কোমরব্যথা ও ক্লান্তি: দীর্ঘস্থায়ী কোমরব্যথার সাথে অস্বাভাবিক ক্লান্তি থাকলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

৭. অকারণে ওজনের পরিবর্তন: কারো পেটে তরল জমে আকার বেড়ে যেতে পারে। আবার ক্ষুধা কমে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ওজন কমতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন

চিকিৎসকের পরামর্শ হলো, নতুন কোনো উপসর্গ দেখা দিলে এবং তা দুই থেকে তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যদি পরিবারের মধ্যে ডিম্বাশয় বা স্তন ক্যানসারের ইতিহাস থাকে, সেটিও চিকিৎসককে জানাতে হবে। উপসর্গ কখন ঘটছে, কতক্ষণ স্থায়ী হচ্ছে এবং কী কারণে বাড়ছে বা কমছে, তা লিখে রাখলে চিকিৎসকের মূল্যায়নে সুবিধা হয়।

আরও পড়ুন: ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

কীভাবে শনাক্ত করা হয়

ডিম্বাশয়ের ক্যানসারের সন্দেহ হলে চিকিৎসক পেলভিক পরীক্ষা, ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসাউন্ড এবং রক্তে সিএ-১২৫ নামক প্রোটিনের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। তবে শুধুমাত্র আলট্রাসাউন্ড বা সিএ-১২৫ পরীক্ষার ফলাফল দিয়ে ক্যানসার নিশ্চিত করা সম্ভব নয়। রোগীর উপসর্গ এবং চিকিৎসার ইতিহাস বিবেচনায় আরও পরীক্ষা প্রয়োজন হতে পারে।

৪৫ বছরের বেশি বয়স, পরিবারে ডিম্বাশয় বা স্তন ক্যানসারের ইতিহাস, বিআরসিএ-১ ও বিআরসিএ-২ জিনের বংশগত পরিবর্তন, কখনো গর্ভধারণ না করা এবং এন্ডোমেট্রিওসিসের ইতিহাস ঝুঁকি বাড়াতে পারে। তবে এসব ঝুঁকি থাকলেই ক্যানসার হবে, এমন নয়।

চিকিৎসকের পরামর্শ হলো, দীর্ঘস্থায়ী উপসর্গ থাকলে শুধুমাত্র গ্যাসের ওষুধ বা খাদ্যাভ্যাস পরিবর্তনের ওপর নির্ভর করা উচিত নয়। নিজে নিজে রোগ নির্ণয়ের চেষ্টা না করে চিকিৎসক বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন: শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ এম


মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

মানুষের আমল যতই ভালো হোক, জান্নাতে প্রবেশের যোগ্যতা এককভাবে কারো হতে পারে না। জান্নাত আল্লাহর একান্ত অনুগ্রহ ও দয়া। আমাদের আমলগুলো জান্নাতের মূল মূল্যের তুলনায় অত্যন্ত নগণ্য। প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের স্মরণ করিয়ে দিয়েছেন যে, কেবল ইবাদতের জোরে মুক্তি পাওয়া সম্ভব নয়, বরং তা আল্লাহর দয়ার মাধ্যমে অর্জিত হবে।

এই প্রসঙ্গে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার অসীম দয়ার বিষয়টি চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনাতেই লিখে রেখেছেন, —

إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي

‘নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধের ওপর জয়ী হয়েছে (বা আমার দয়া আমার রাগের চেয়ে বহুগুণ বেশি)। (বুখারি ৭৫৫৩, মুসলিম ২৭৫১)

এই একটিমাত্র হাদিস মুমিনের হৃদয়ে পরম আশার সঞ্চার করে। যখন বান্দা হাজারো অপরাধের পর রবের দরবারে তওবা নিয়ে হাজির হয়, তখন রবের দয়া তার ক্ষমার হাত বাড়িয়ে দেয়।

কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রতিটি মানুষের হিসাব নেওয়া হবে নিখুঁত ন্যায়বিচারের ভিত্তিতে। মানুষ সারাজীবন যত ছোট-বড় পাপ বা অবহেলা করে, তার প্রাপ্য শাস্তি হলো জাহান্নাম। অতএব, আল্লাহ যদি কাউকে তার পাপের প্রতিদানস্বরূপ জাহান্নাম দেন, তবে তা হবে তার পরিপূর্ণ ইনসাফ বা ন্যায়বিচার। কারণ, বান্দা তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ে বরাবরই ত্রুটি করেছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইনসাফের এই অটলতার কথা ঘোষণা করে ইরশাদ করেছেন—

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا ۖ وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَى بِنَا حَاسِبِينَ

‘আর আমি কেয়ামতের দিন ন্যায়ভিত্তিক দাঁড়িপাল্লা স্থাপন করব। সুতরাং কারো প্রতি একটুও অবিচার করা হবে না। যদি কারো কর্ম সরিষার দানার পরিমাণও হয়, তবুও আমি তা উপস্থিত করব। আর হিসাব গ্রহণকারী হিসেবে আমিই যথেষ্ট।’ (সুরা আল-আম্বিয়া: আয়াত ৪৭)

শতভাগ বিচার ও দয়ার প্রকাশ

কেয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার নিখুঁত হিসাব নেওয়ার পরও কীভাবে দয়া প্রদর্শন করবেন, সে বিষয়ে একটি দীর্ঘ ও হৃদয়স্পর্শী হাদিসে এসেছে। হজরত সাফওয়ান ইবনে মুহরিজ (রহ.) থেকে বর্ণিত—

بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا... قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يُدْنَى الْمُؤْمِنُ مِنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ حَتَّى يَضَعَ عَلَيْهِ كَنَفَهُ، فَيُقَرِّرُ بِذُنُوبِهِ، فَيَقُولُ: أَتَعْرِفُ ذَنْبَ كَذَا؟ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا؟ فَيَقُولُ: رَبِّ أَعْرِفُ. قَالَ: فَإِنِّي سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ، فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ».

‘এক ব্যক্তি ইবনে ওমর (রা.)-কে জিজ্ঞাসা করলেন, আপনি নবীজি (সা.) থেকে ‘নাজওয়া’ (গোপন আলাপ) সম্পর্কে কী শুনেছেন? তিনি বললেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি— ‘কেয়ামতের দিন মুমিনকে তার রবের এত কাছাকাছি নিয়ে যাওয়া হবে যে, তিনি তার রহমতের চাদর তার ওপর ঝুলিয়ে দেবেন এবং তাকে তার পাপগুলো স্বীকার করাবেন। আল্লাহ বলবেন— ‘তুমি কি অমুক পাপের কথা জানো? তুমি কি অমুক পাপের কথা জানো?’ মুমিন বলবে, ‘হে আমার রব! আমি জানি।’ তখন আল্লাহ বলবেন, ‘আমি দুনিয়াতে তোমার এসব পাপ গোপন রেখেছিলাম এবং আজ আমি তা তোমার জন্য ক্ষমা করে দিচ্ছি।’ এরপর তাকে তার নেক আমলের আমলনামা প্রদান করা হবে।’ (বুখারি ২৪৪০, মুসলিম ২৭৬৮)

আশাবাদী মুমিন: নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই

পাপের অন্ধকারে ডুবে যাওয়ার পরও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া শয়তানের সবচেয়ে বড় প্রবঞ্চনা। মুমিনের বৈশিষ্ট্য হলো সে একদিকে যেমন আল্লাহর আজাবকে ভয় করবে, অন্যদিকে তার রহমতের চওড়া আঁচলের নিচে আশ্রয় খুঁজবে। যখন বান্দা বুঝতে পারে যে তার রবের দয়া রাগের ওপর প্রবল, তখন সে শত হতাশার মাঝেও নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি পায়।

বান্দার তওবায় আল্লাহর আনন্দের মাধ্যমে দয়ার প্রকাশ

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তার অবারিত ক্ষমার সুসংবাদ দিয়ে বান্দাকে ডেকে বলেছেন—

قُلۡ یٰعِبَادِیَ الَّذِیۡنَ اَسۡرَفُوۡا عَلٰۤی اَنۡفُسِهِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ

‘হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ (পাপ করেছ), আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আয-যুমার: আয়াত ৫৩)

বান্দা যত বড় পাপই করুক না কেন, সে যখন অনুতপ্ত হয়ে রবের দিকে ফিরে আসে, তখন আল্লাহ এতটাই খুশি হন যে তা মানুষের ধারণারও বাইরে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

لَلَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ، مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلاةٍ، فَانْفَلَتَتْ مِنْهُ رَاحِلَتُهُ...

‘তোমাদের কেউ মরুভূমিতে তার হারিয়ে যাওয়া উট খুঁজে পাওয়ার পর যতটা আনন্দিত হয়, বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে এলে আল্লাহ তার চেয়েও অনেক বেশি আনন্দিত হন।’ (বুখারি ৬৩০৯, মুসলিম ২৭৪৭)

সাগরের ফেনার চেয়েও বেশি পাপ ক্ষমা করার ঘোষণা

আল্লাহর রহমতের পরিধি এত বিশাল যে, বান্দার পাপ যদি সমুদ্রের ফেনার মতো অগণিতও হয়, তবুও রবের দয়ার দুয়ার তার জন্য খোলা থাকে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ سَبَّحَ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلاةٍ ثَلاثًا وَثَلاثِينَ... وَغَفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ

‘যে ব্যক্তি প্রতি নামাজের শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার বলে... তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনার মতো বেশি হয়।’ (মুসলিম ৫৯৭)

আল্লাহর ক্ষমার কোনো শেষ নেই; বান্দা যতদিন বেঁচে থাকে এবং ক্ষমা প্রার্থনা করে, তিনি তাকে ক্ষমা করতেই থাকেন। হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন যে আল্লাহ তাআলা কুদসি হাদিসে ইরশাদ করেন—

يَا ابْنَ آدَمَ، لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ، ثُمَّ اسْتَغْفَرْتَنِي، غَفَرْتُ لَكَ وَلا أُبَالِي، يَا ابْنَ آدَمَ، لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا، ثُمَّ لَقِيتَنِي لا تُشْرِكُ بِي شَيْئًا، لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً

‘হে আদম সন্তান! তোমার পাপ যদি আকাশ ছুঁয়ে ফেলে, এরপরও তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব এবং এতে আমার কোনো পরোয়া নেই। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী ভরাট অপরাধ নিয়ে আমার কাছে আসো, অথচ আমার সঙ্গে কোনো কিছু শরিক না করে আমার সঙ্গে সাক্ষাৎ কর, তবে আমি এর সমান ক্ষমা নিয়ে তোমার মুখোমুখি হব।’ (তিরমিজি ৩৫৪০)

তাহলে ভয় কোথায়? অপরাধ যত বেশি আর যত বড়ই হোক না কেন, মহান আল্লাহর রহমত তথা দয়া তারচেয়েও বড়। সুতরাং মহান রবের এ দয়ায় বান্দা ক্ষমা ও জান্নাত পেয়ে ধন্য হবে। তাই আসুন আল্লাহর দিকে ফিরে আসি। তার দয়া প্রার্থনা করি। যে দয়ায় মিলবে আল্লাহর অনুগ্রহ ও জান্নাত।

পরিশেষে বলা যায়, আল্লাহর ভয় মানুষকে অপরাধ থেকে দূরে রাখে এবং তাঁর দয়া মানুষকে ভালো কাজের পথে টিকিয়ে রাখে। রবের বিচার যেমন সত্য, তেমনি তাঁর রহমতের সাগরও অতলস্পর্শী। তাই বিচার দিনের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণরূপে র সোপর্দ্দ করে দেওয়া এবং তার দয়ার ওপর ভরসা রাখাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। রবের এই অপার দয়ার কথা স্মরণ করে অন্তরের গভীর থেকে উচ্চারিত হয়—‘আলহামদুলিল্লাহ’।

লেখক: ইসলামিক স্কলার, মুফাচ্ছিরে কুরআন ও পীর সাহেব, শাজুলিয়া দরবার শরিফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুর ও রিয়া কাপুরকে আইনি নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ এম


মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুর ও রিয়া কাপুরকে আইনি নোটিশ

দীপাবলি উপলক্ষে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট পরার ঘটনায় আইনি নোটিশ পেয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এবং তার স্টাইলিস্ট রিয়া কাপুর। এই আইনি নোটিশটি ভারতের কংগ্রেস নেতা ও জাতীয় গণমাধ্যম সমন্বয়ক আব্বাস হাফিজ কর্তৃক পাঠানো হয়েছে।

গত ১১ নভেম্বর পাঠানো এই নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়—এমনভাবে তা উপস্থাপন না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।

কারিনা সম্প্রতি দীপাবলি উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে তাকে ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান, পাগড়ি এবং ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট পরতে দেখা যায়। লকেটটিতে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত অর্থাৎ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে।

কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর ইনস্টাগ্রামে গয়নাটিকে ভোপালের সাবেক রাজপরিবারের ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, গয়নাটি ভোপালের নবাবের ২০০ বছরের পুরোনো কলগি এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না দিয়ে তৈরি।

তবে নোটিশদাতা আব্বাস হাফিজের আপত্তি কারিনার পোশাক বা রাজপরিবারের গয়না পরা নিয়ে নয়; বরং পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেটটি যেভাবে পোশাকের সঙ্গে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে। নোটিশে বলা হয়েছে, কোরআনের পবিত্র আয়াত লেখা কোনো অলংকার প্রকাশ্যে ব্যবহারের ক্ষেত্রে তার ধর্মীয় মর্যাদা ও পবিত্রতার প্রতি যথাযথ সম্মান দেখানো প্রয়োজন। কিন্তু কারিনার প্রকাশিত ছবিতে পোশাক, উপস্থাপনার ধরন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার প্রেক্ষাপট সেই সম্মানের প্রতিফলন ঘটায়নি।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ইসলামী ধর্মীয় পণ্ডিতদের কেউ কেউ অলংকার হিসেবে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়ে এর পবিত্রতা রক্ষা করার ওপর জোর দিয়েছেন। এছাড়া লকেটটির এমন উপস্থাপন মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের পাশাপাশি সাবেক ভোপাল রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মনে উদ্বেগ ও কষ্ট সৃষ্টি করেছে বলে দাবি করা হয়েছে।

আব্বাস হাফিজ জানিয়েছেন, তিনি ব্যক্তিগত সক্ষমতা থেকেই এই আইনি নোটিশ পাঠিয়েছেন, যা কোনো দলীয় সিদ্ধান্ত নয়। এ বিষয়ে এখন পর্যন্ত কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চানখারপুলে হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতক মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ এম


চানখারপুলে হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতক মারা গেছে

রাজধানীর চানখারপুলে অবস্থিত রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালের ইনকিউবেটর বা ওয়ার্মারে আগুন লেগে (ওভারহিট) দগ্ধ হওয়া নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) বুধবার বিকেলে শিশুটির মৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, এনআইসিইউতে অতিরিক্ত গরম বা ওভারহিটের কারণে শিশুটির মাথা, পিঠ ও পায়ের আংশিক পুড়ে গিয়েছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয় এবং লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, গত শনিবার ভোর ৪টার দিকে গাজীপুরের বাসিন্দা মোহাম্মদ রব্বানী ও স্বপ্না দম্পতির ঘরে ওই ছেলেসন্তান জন্ম নেয়। জন্মের মাত্র দুই ঘণ্টা পর শ্বাসকষ্ট বা অন্য কোনো জটিলতার কারণে শিশুটিকে এনআইসিইউতে রাখার প্রয়োজন হয়। কিন্তু ঢাকা মেডিকেলে সিট খালি না থাকায় এক ব্যক্তির পরামর্শে শিশুটিকে চানখারপুলের রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির প্রক্রিয়া চলাকালীন মাত্র কয়েক মিনিটের মধ্যে ওয়ার্মারে হঠাৎ আগুন ধরে যায় এবং শিশুটির শরীরের প্রায় অংশ পুড়ে যায়।

ঘটনার পর প্রথমে শিশুটিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে পুনরায় ঢাকা মেডিকেলে আনা হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় শিশুটিকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু ঘটে।

সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার অভিযোগ তুলে শিশুর বাবা মোহাম্মদ রব্বানী বলেন, "আমার সুস্থ নবজাতক সন্তানটিকে হাসপাতালে এনে আগুনে পুড়িয়ে মারা হলো। আমি এর বিচার চাই।"

অন্যদিকে, অবহেলার অভিযোগ অস্বীকার করে রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অপর্ণা হালদার জানান, ঘটনার সময় এনআইসিইউতে দুটি শিশু ছিল এবং শর্টসার্কিটের কারণে একটি শিশুর ওয়ার্মারে হঠাৎ আগুন লাগে। তিনি দাবি করেন, শিশুটিকে বেডে দেওয়ার মুহূর্তের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে এবং চিকিৎসক ও নার্সরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে সুস্থ থাকতে ৬টি পুষ্টি উপাদানের গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ এম


শীতে সুস্থ থাকতে ৬টি পুষ্টি উপাদানের গুরুত্ব

শীতের আমেজ গায়ে পড়তে শুরু করেছে। শীতের প্রথম দিকে সর্দি-কাশির প্রকোপ বৃদ্ধি পায়। সামান্য ঠান্ডা লাগলেই অনেকেই সর্দি-কাশিতে আক্রান্ত হন। এর সঙ্গে শুষ্ক ত্বক এবং বাতের ব্যথার সমস্যা দেখা দেয়।

এ সমস্যাগুলো থেকে মুক্তি পেতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রয়োজন। শীতের আগমন ও তাপমাত্রার হ্রাসের সঙ্গে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক অতিরিক্ত শুষ্ক এবং প্রাণহীন হয়ে যায়। এই শুষ্ক আবহাওয়ায় সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপও বৃদ্ধি পায়।

বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই সময় শরীরের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা, হাড় ও পেশির স্বাস্থ্য এবং দৈনন্দিন কর্মক্ষমতা বজায় রাখতে সুষম খাদ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। অনেকেই এই পুষ্টির অভাব পূরণে বাজারের কৃত্রিম সম্পূরক বা সাপ্লিমেন্টের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, যা সবার জন্য স্বাস্থ্যকর নয়।

সুতরাং সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন। শীতে সুস্থ থাকতে কোনো জাদুকরী ওষুধ কিংবা কৃত্রিম সম্পূরকের ওপর অন্ধভাবে নির্ভর না করে প্রতিদিনের মূল খাবারে বৈচিত্র্য আনতে হবে।

প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ, ডিম, ডাল, তাজা শাকসবজি, ফলমূল, বাদাম এবং গোটা শস্য অন্তর্ভুক্ত করা উচিত। এর পাশাপাশি শীতের অলসতা কাটাতে পর্যাপ্ত পানি পান, নিয়মিত শরীরচর্চা এবং রাতে সঠিক ঘুম নিশ্চিত করা জরুরি।

তবে একটি একক পুষ্টি উপাদান সব রোগ থেকে অলৌকিকভাবে সুরক্ষা দিতে সক্ষম নয়। আপনার শরীরে পুষ্টির বড় কোনো ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করা সম্ভব নয়। সেজন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার গ্রহণ করা উচিত।

শীতকালে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় কয়েকটি পুষ্টি উপাদান রাখা অত্যন্ত উপকারী। চলুন জেনে নেওয়া যাক, সে বিষয়ে—

১. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড

হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং শরীরের প্রতিটি কোষের স্বাভাবিক কার্যক্রমে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের গুরুত্ব অপরিসীম। এটি শরীরের ক্ষতিকর দীর্ঘমেয়াদি প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তির জয়েন্টের তীব্র ব্যথা এবং সকালের জড়তা কমাতে সাহায্য করে। তবে সব ধরনের বাতব্যথা কিংবা হৃদরোগ প্রতিরোধে এর কার্যকারিতা এখনও শতভাগ নিশ্চিত নয়।

সুতরাং প্রতিদিনের খাদ্যতালিকায় ইলিশসহ যে কোনো তৈলাক্ত মাছ, ছোট মাছ, তিসি ও চিয়া বীজ, আখরোট এবং সয়াবিন রাখা উচিত।

২. ভিটামিন ‘সি’

ভিটামিন 'সি' একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের কোষগুলোকে ফ্রি-র্যাডিক্যালের ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি ত্বকের টানটান ভাব এবং লাবণ্য ধরে রাখার জন্য প্রধান প্রোটিন ‘কোলাজেন’ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা রক্তনালি, হাড় এবং তরুণাস্থির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি যে কোনো ক্ষত দ্রুত নিরাময় করতে এবং উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে শরীরকে সহায়তা করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় আমলকী, পেয়ারা, লেবু, কমলা, পেঁপে, টমেটো এবং কাঁচামরিচ রাখা প্রয়োজন।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থার সুপারিশ অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের প্রতিদিনের খাদ্যতালিকায় প্রায় ৪০ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ প্রয়োজন, যা একটি সুষম খাদ্যতালিকা থেকেই সহজেই পূরণ করা সম্ভব।

৩. ভিটামিন ‘ডি’

ভিটামিন 'ডি' শরীরকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে। ফলে হাড় ও দাঁত মজবুত থাকে এবং পেশির কার্যক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়। শীতকালে কুয়াশা বা মেঘলা আকাশের কারণে সূর্যালোকের সংস্পর্শ কমে যায়, তাই ত্বকে প্রাকৃতিকভাবে ভিটামিন ‘ডি’ তৈরির পরিমাণ হ্রাস পায়, যা বাতের ব্যথা বাড়িয়ে দেয়।

সুতরাং প্রতিদিনের খাদ্যতালিকায় ডিমের কুসুম, তৈলাক্ত মাছ এবং ‘ভিটামিন ডি ফোর্টিফাইড’ বা যোগ করা দুধ রাখা উচিত।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ’-এর তথ্যানুযায়ী, ১৯ থেকে ৭০ বছর বয়সিদের দৈনিক ৬০০ আন্তর্জাতিক একক বা ১৫ মাইক্রোগ্রাম এবং ৭০ বছরের বেশি বয়সিদের ৮০০ আন্তর্জাতিক একক বা ২০ মাইক্রোগ্রাম ভিটামিন ‘ডি’ প্রয়োজন।

৪. ভিটামিন বি৬

ভিটামিন বি৬ স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে এবং প্রোটিনের বিপাক বা মেটাবলিজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধকারী কোষের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে। এটি রক্তে হিমোগ্লোবিন এবং মস্তিস্কে ভালো লাগার হরমোন ‘সেরোটোনিন’ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ঘাটতি হলে রক্তস্বল্পতা, ত্বকের সমস্যা, মানসিক বিভ্রান্তি এবং খিটখিটে মেজাজ দেখা দিতে পারে।

সুতরাং প্রতিদিনের খাদ্যতালিকায় কলা, আলু, ছোলা, সামুদ্রিক ও সাধারণ মাছ, মুরগির মাংস, বাদাম এবং গোটা শস্য রাখা উচিত।

৫. জিঙ্ক

জিঙ্ক শরীরের স্বাভাবিক বৃদ্ধি, কোষের বিভাজন, ডিএনএ তৈরি, ক্ষত নিরাময় এবং রোগপ্রতিরোধ ব্যবস্থার সচলতার জন্য প্রয়োজনীয় খনিজ। এর ঘাটতি হলে চুল পড়া, ক্ষুধামন্দা, খাবারের স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যাওয়া এবং ক্ষত শুকাতে দীর্ঘ সময় লাগার মতো জটিলতা দেখা দেয়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, ছোলা, বাদাম, তিল এবং কুমড়োর বীজ রাখা উচিত।

৬. আয়রন বা লোহা

আয়রন মানবদেহে লোহিত রক্তকণিকার প্রধান উপাদান ‘হিমোগ্লোবিন’ তৈরিতে সরাসরি সহায়তা করে, যা ফুসফুস থেকে শরীরের প্রতিটি কোষে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দেয়। আয়রনের ঘাটতি দেখা দিলে ‘অ্যানিমিয়া’ বা রক্তস্বল্পতা, প্রচণ্ড ক্লান্তি, শারীরিক দুর্বলতা এবং মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় গরু ও খাসির মাংস, মাছ, ডাল, ছোলা, কলিজা এবং সবুজ শাকসবজি রাখা উচিত। আয়রনের ঘাটতি দেখা দিলে ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করানো উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%