ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অবসরের পাঁচ বছর পর ২০২৭ সালে হল অব ফেমে অন্তর্ভুক্ত হচ্ছেন অ্যাশলে বার্টি


অবসরের পাঁচ বছর পর ২০২৭ সালে হল অব ফেমে অন্তর্ভুক্ত হচ্ছেন অ্যাশলে বার্টি

অ্যাশলে বার্টি, মাত্র ২৫ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। ক্যারিয়ারের সেরা সময়েই কোর্টকে বিদায় জানানো সেই অস্ট্রেলিয়ান তারকা এবার জায়গা করে নিচ্ছেন টেনিসের কিংবদন্তিদের তালিকায়। ২০২৭ সালে ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী এই খেলোয়াড়কে।

বার্টি সুখবরটি জানতে পারেন হল অব ফেমের সহসভাপতি কিম ক্লাইস্টার্স ও প্যাট্রিক ম্যাকেনরোর সঙ্গে ফোনালাপের মাধ্যমে। পরে রজার ফেদেরার ও মার্টিনা নাভ্রাতিলোভাসহ হল অব ফেমের প্রায় ২০ জন সদস্য ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানান।

টেনিস ক্যারিয়ারে অসাধারণ সাফল্য পেয়েছেন বার্টি। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ২০২১ সালে উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। এরপর ২০২২ সালে নিজের ঘরের মাঠে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম পূর্ণ করেন। তার এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৪৪ বছর পর মেয়েদের এককে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজেদের ঘরে রাখতে সক্ষম হয় স্বাগতিক দেশ। এছাড়া ২০১৮ সালে ইউএস ওপেনের দ্বৈত শিরোপাও জিতেছিলেন তিনি। টানা ১১৪ সপ্তাহ নারী এককের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার কৃতিত্বও রয়েছে তার।

আরও পড়ুন: এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে উড়িয়ে দিল হংকং

টেনিসের পাশাপাশি ক্রিকেটেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন বার্টি। ২০১৫-১৬ মৌসুমে নারী বিগ ব্যাশ লিগে খেলেছিলেন তিনি। সাত ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৬৮ রান। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাত্র দুই মাস পরই সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন এই তারকা। পরবর্তী সময়ে গলফার গ্যারি কিসিককে বিয়ে করেন তিনি।

হল অব ফেমে অন্তর্ভুক্তির খবর পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বার্টি জানান, এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। অস্ট্রেলিয়ার যেসব কিংবদন্তি খেলোয়াড় অতীতে টেনিসকে এগিয়ে নিয়েছেন এবং দেশের প্রতিনিধিত্ব করেছেন, তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি। সেই কিংবদন্তিদের পাশে নিজের নাম দেখতে পাওয়াকে অবিশ্বাস্য অনুভূতি হিসেবেও উল্লেখ করেন।

তবে এই সম্মান পাওয়ার পরও কিছুটা দ্বিধায় রয়েছেন বার্টি। তার মতে, হল অব ফেম মূলত টেনিসের সর্বকালের সেরা কিংবদন্তিদের জন্য। এখনই নিজেকে সেই পর্যায়ের খেলোয়াড় মনে করেন না বলেও জানিয়েছেন তিনি।

বার্টির পাশাপাশি ২০২৭ সালের হল অব ফেমে জায়গা করে নিচ্ছেন হুইলচেয়ার টেনিসের জাপানি কিংবদন্তি শিনগো কুনিয়েদা। প্যারালিম্পিকে চারটি স্বর্ণপদকজয়ী এই তারকা হুইলচেয়ার টেনিসে এককে জিতেছেন রেকর্ড ২৮টি গ্র্যান্ড স্লাম শিরোপা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ছিলেন মোট ৫৮২ সপ্তাহ। তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে হল অব ফেমে প্রথমবারের মতো জায়গা পেতে যাচ্ছেন কোনো জাপানি খেলোয়াড়।

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের সাথে চার বছরের চুক্তি নবায়ন করলেন চুয়ামেনি

আগামী বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে আনুষ্ঠানিকভাবে বার্টি ও কুনিয়েদাকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে। এই স্বীকৃতিকে নিজের জন্য অসাধারণ সম্মান হিসেবে দেখছেন কুনিয়েদাও। হুইলচেয়ার টেনিসের প্রচলিত সীমাবদ্ধতা ভেঙে খেলাটিকে নতুন উচ্চতায় নেওয়াই ছিল তার লক্ষ্য। দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকা পরিবার, দল ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী বছর নিউপোর্টের অনুষ্ঠানের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিউর রহমান দম্পতির অবৈধ সম্পদের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


মতিউর রহমান দম্পতির অবৈধ সম্পদের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

দুদক সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই ঘটনায় তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে।

এছাড়া, বিসিকের প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় সাবেক শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি।

এর আগে, কোরবানির ঈদে ছেলের লাখ টাকার ছাগল কেনার ঘটনায় এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান আলোচনায় আসেন। এই ঘটনার পর একের পর এক অঢেল সম্পদের তথ্য বের হতে থাকে। অনুসন্ধানের মাধ্যমে দুদক তার স্ত্রী ও সন্তানের বিলাসী জীবনের রহস্য উদ্ঘাটন করে।

দীর্ঘ তদন্তের পর, প্রায় দুই বছর পর, দুদক মতিউরের প্রথম স্ত্রী এবং নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৩ কোটি ১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পায়। এই ঘটনায় মতিউরসহ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

এদিন চট্টগ্রামে বিসিকের প্লট বরাদ্দে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ৩ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলার তালিকায় শিল্প মন্ত্রণালয়ের তিন সাবেক অতিরিক্ত সচিবের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, পুলিশ জিডি করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, পুলিশ জিডি করেছে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসায় ব্যাংকটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকের তাহিরপুর শাখার দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নাইট গার্ড আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং আগুন জ্বলতে দেখতে পান।

পরে স্থানীয়দের সম্মিলিত ও তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ব্যাংক কার্যালয়ের দরজা পুড়ে গেলেও ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে তাহিরপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু হানিফ বলেন, "বুধবার দিবাগত রাত ২টার দিকে গ্রামীণ ব্যাংকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে ব্যাংকের নাইট গার্ড চিৎকার করলে ব্যাংকে থাকা স্টাফ ও পাশের পরিবারের লোকজন এগিয়ে আসেন। আগুনে শুধু কাঠের দরজা পুড়েছে। পানি দিয়ে তা নেভানো হয়েছে। এ সময় পুলিশ টহলে ছিল। টহল শেষ করে থানায় পৌঁছামাত্র আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় জিডি করেছি।"

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং অগ্নিসংযোগের প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগ নেতাকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগ নেতাকর্মীরা

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে। দলের নেতারা দাবি করেছেন, বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন এবং গাড়িচালক হাসান নিরাপদ স্থানে ফিরে এসেছেন। আওয়ামী লীগকে এ ঘটনার জন্য দায়ী করা হলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টি যাচাই করার কথা জানানো হয়েছে।

ভুক্তভোগী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানিয়েছেন, তিনি একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। নানা বাধা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাদের গাড়ি আটকায়। একপর্যায়ে তারা গাড়ি ভাঙচুর করে এবং তাদের মারধর করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।

মঈন উদ্দিন আহমেদ ময়েনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাদের মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে তাকে এবং গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে দলীয় কার্যক্রমের ছবি দেখে হামলাকারীরা তাকে তুলে নিয়ে যায়। পরে গাড়িটি ঘটনাস্থলেই রেখে তারা কোনোমতে প্রাণ নিয়ে সরে আসেন।

মঈন উদ্দিন আরও জানান, অনেক কষ্টে তিনি মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়েছে। মনিরুল হক ফরাজিকে উদ্ধারে দলীয়ভাবে খোঁজ চালানো হচ্ছে। একটি সূত্রের বরাত দিয়ে তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় গাড়িটি একটি সড়কের পাশে পাওয়া গেছে, তবে এখনো তারা সেখানে পৌঁছাতে পারেননি।

এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে আমরা মনিরুল হক ফরাজির অপহরণের খবর পেয়েছি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।’ তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন।

তবে এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘মনিরুল হকের বিষয়টি আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু আলোচনায় ভারত প্রচারবিমুখ, তবে পর্দার আড়ালে শক্তিশালী নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


জলবায়ু আলোচনায় ভারত প্রচারবিমুখ, তবে পর্দার আড়ালে শক্তিশালী নয়াদিল্লি

জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রদর্শনী হলগুলোতে ভারত প্রচারবিমুখ হলেও, পর্দার আড়ালে দর-কষাকষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশটি। অন্যান্য বহু দেশের মতো, যারা জাঁকজমকপূর্ণ প্রচারণামূলক প্যাভিলিয়ন নিয়ে হাজির হয়েছে, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে ভারতের কোনো নিজস্ব বুথ নেই। এমনকি দেশটির প্রায় ১৫২ জন নিবন্ধিত সদস্যের সরকারি প্রতিনিধিদলটি বাংলাদেশ, পাকিস্তান বা নেপালের প্রতিনিধিদলের চেয়েও ছোট।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৮ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাহার এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রায় তুলনামূলক কম উচ্চাকাঙ্ক্ষী অবস্থানের কারণে ভারতের জলবায়ু কূটনীতিতে পিছিয়ে যাওয়ার ধারণা তৈরি হয়েছে। তবে বাস্তবে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে গুরুত্বপূর্ণ আলোচনায় সক্রিয় নয়াদিল্লি। উন্নয়নশীল দেশগুলোর জন্য আরো বেশি জলবায়ু অর্থায়ন এবং শিল্পোন্নত দেশগুলোর দ্রুত ও অধিক হারে কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ভারত বরাবরই সোচ্চার।

কপ-৩১ সম্মেলনে গতকাল বুধবার দেওয়া এক ভাষণে ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব বলেন, "উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পদক্ষেপ এবং উন্নয়নের ন্যায্য অধিকার, শোভন জীবনযাত্রার মান, স্বাস্থ্য ও শিক্ষার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলা যায় না। অবশিষ্ট সীমিত কার্বন বাজেটের ন্যায্য হিস্যা পাওয়া নিয়ে কোনো আপস চলবে না।"

তুরস্কে প্রকাশ্য প্রচারণায় ভারতের উপস্থিতি কম থাকলেও, আলোচনার টেবিলে দেশটি তার প্রভাব কাজে লাগাচ্ছে। ধনী অর্থনীতির দেশগুলোর কাছ থেকে অতিরিক্ত অর্থায়ন বা প্রযুক্তির সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেয়—এমন যেকোনো নতুন লক্ষ্যমাত্রা বা সময়সীমার বিরোধিতা করছে ভারত।

সম্মেলনের দুটি বড় বিতর্কের কেন্দ্রেও রয়েছে ভারত—একটি হলো পরবর্তী প্রধান বৈশ্বিক জলবায়ু-বিজ্ঞান মূল্যায়ন প্রতিবেদনের সময়সীমা এবং অন্যটি হলো বিদ্যুতায়ন ত্বরান্বিত করার প্রস্তাবিত লক্ষ্যমাত্রা। জলবায়ুবিষয়ক থিংক ট্যাংক ইথ্রিজি (E3G)-এর জ্যেষ্ঠ নীতি উপদেষ্টা নকুল শর্মা বলেন, "ভারতের এই দৃষ্টিভঙ্গিকে জলবায়ু কূটনীতি থেকে সরে যাওয়া হিসেবে গুলিয়ে ফেলা উচিত নয়। উন্নয়নশীল দেশগুলোর জোটগুলোতে ভারত এখনো একটি প্রভাবশালী কণ্ঠস্বর।"

রাশিয়া ও সৌদি আরবের সঙ্গে মিলে ভারত ২০২৮ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেলের (IPCC) তিনটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রতিবেদন সম্পন্ন ও প্রকাশের সময়সীমার বিরোধিতা করছে। এই পরিকল্পনার সমর্থকদের মতে, প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক অগ্রগতির পরবর্তী প্রধান পর্যালোচনায় তথ্য জোগাতে প্রতিবেদনগুলো হাতে থাকা জরুরি। তবে বিরোধীদের যুক্তি, এই সময়সীমা উন্নয়নশীল দেশগুলোর অবদান অন্তর্ভুক্ত করার জন্য যথেষ্ট নয়।

অন্যদিকে, ভারত ও চীনকে নিয়ে গঠিত ‘লাইক-মাইন্ডেড ডেভেলপিং কান্ট্রিজ’ (সমমনা উন্নয়নশীল দেশসমূহ) জোট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি চাহিদায় বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার মতো চাপিয়ে দেওয়া কোনো লক্ষ্যমাত্রা তারা সমর্থন করবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%