০১:৩৫ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত অঞ্চলের ধুরুং খাল থেকে আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ টাকা মূল্যের অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ সেনাবাহিনী জব্দ করেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এসব কাঠ-বাঁশ জব্দ করেছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় বাইন্যাছড়া আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরুং খালে ঝটিকা অভিযান চালায়। অভিযানে খালে অবৈধভাবে মজুদ করা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি গোলকাঠ এবং ৪০০টি বাঁশ জব্দ করা হয়।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য উদ্ধার হওয়া অবৈধ কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম জানান, পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষায় এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ও বাঁশ চোরাচালান রোধের জন্য নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন