০২:৫৭ এম
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৩০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
আটককৃতদের মধ্যে রয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন এবং যুবলীগ নেতা আরিফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
শুক্রবার রাত ৯টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা ও সদর উপজেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
আরও পড়ুন: নোসকে পূবালী ব্যাংকের একাউন্ট ওপেনিং ও পাই অ্যাপ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত
পুলিশের সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদকে চাঁদপুর শহরের পৌর ৪ নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকার নিজ বাসভবন থেকে আটক করা হয়। একই সঙ্গে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ শহরের বিভিন্ন পয়েন্ট ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য নেতাকর্মীদের আটক করে।
এর আগে শুক্রবার চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের একটি ঘটনা ঘটে। এর প্রতিবাদে সন্ধ্যায় চাঁদপুর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেলা যুবদল, ছাত্রদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস/এনসিপি) পৃথক পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে।
অভিযান সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মুন্নাকে তার নিজ বাসভবন, পৌর ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন রনিকে শহরের ট্রাক রোড এলাকা এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান কাউসারকে গুণরাজদী এলাকা থেকে আটক করা হয়। এর আগে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আওয়ামী লীগ নেতা আক্তার হোসেনকে আটক করার চেষ্টা করে। সে সময় স্থানীয় কিছু নেতাকর্মী পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা চালান বলে পুলিশ জানায়।
চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে রাতভর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শনিবার আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত যাচাই-বাছাই শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরও পড়ুন: মাদারীপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ধাওয়ায় ফেলে গেল মোটরসাইকেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন