বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪৯ পি.এম
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন সময়ে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলার অভিযোগ উত্থাপিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে আইইবির ঢাকা কেন্দ্রে হট্টগোলের কারণে শৃঙ্খলার দায়িত্বে থাকা একাধিক স্কাউট সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।
প্রতিদ্বন্দ্বী কয়েকটি প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেছেন যে, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে বিএনপি-সমর্থিত ‘হলুদ প্যানেলের’ প্রার্থী ও তাদের প্রতিনিধিরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী পোলিং অফিসারদের মাধ্যমে ব্যালট পেপার সরবরাহের কথা থাকলেও অভিযোগ উঠেছে যে, হলুদ প্যানেলের প্রতিনিধিরা ভোটারদের হাতে ব্যালট তুলে দিচ্ছেন। এ ছাড়া ভোটারদের আকৃষ্ট করার জন্য কেন্দ্রের ভেতরে ও আশপাশে উপহারসামগ্রী বিতরণের অভিযোগও করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারী প্রার্থীদের দাবি, বিকেলের দিকে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও অননুমোদিত কার্যক্রমে বাধা দিতে গেলে হলুদ প্যানেলের কয়েকজন কর্মী-সমর্থক হামলা চালান। এ সময় শৃঙ্খলার দায়িত্বে থাকা একাধিক স্কাউট সদস্য লাঞ্ছিত ও হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী প্রার্থীরা আরও জানান যে, এসব অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হলেও কমিশন তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তারা অবিলম্বে কমিশনের হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে হলুদ প্যানেলের দায়িত্বশীল কোনো নেতা কিংবা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যা ইসরাইলকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।
বর্তমানে বিরোধী রাজনৈতিক জোটের সদস্য হিসেবে লিবারম্যান দেশের ‘ইসরাইল বেইতেনু’ দলের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি উল্লেখ করেছেন, বর্তমান সরকারের নিরাপত্তাসংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংসদের তদারকি এবং সব নিরাপত্তা সংস্থার পূর্ণ সম্মতি থাকা আবশ্যক।
লিবারম্যান জোর দিয়ে বলেছেন, ‘আমি সব নিরাপত্তা সংস্থার কথা বলছি।’
নেতানিয়াহুর নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী সতর্কবার্তা প্রদান করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জ, ১২ নভেম্বর, ২০২৬ : পুলিশ হাওরাঞ্চলের আলোচিত ডাকাত হযরত আলী (৩৫) কে গ্রেফতার করেছে।
ইটনা ও মিঠামইন থানায় তার বিরুদ্ধে হত্যাকাণ্ড, চুরি, অপহরণ ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হযরত আলী মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার পুত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, হযরত আলী আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হাওরাঞ্চলে নৌ ডাকাতি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইটনা ও মিঠামইন থানায় তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মোট ১৭টি মামলা রয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি হাওরাঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। জেলা পুলিশের তালিকায় তিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে ইটনা উপজেলার ছিলনী সেতু এলাকায় হযরত আলী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করেন।
তাকে গ্রেফতারে রাতভর ওই এলাকায় অভিযান চলতে থাকে। পরে বৃহস্পতিবার দিনেও অভিযান অব্যাহত রাখা হয়। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান বাসসকে জানান, গত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতির ঘটনায় হযরত আলী নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ একাধিকবার তাকে গ্রেফতারের জন্য অভিযান চালালেও তিনি কৌশলে আত্মগোপনে চলে যেতেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে আলাদা তিনটি অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদর দফতরের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় আলাদা তিনটি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে হ্নীলায় মিয়ানমার থেকে আসা একটি নৌকাযোগে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের চেষ্টা বিজিবি নস্যাৎ করে।
বিজিবি অধিনায়ক জানান, ১১ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর বিজিবির একটি চৌকস অভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় কৌশলগতভাবে অ্যামবুশ অবস্থান নেয়। এক পর্যায়ে নৌকাটি থেকে আনুমানিক ৭ থেকে ৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে নিকটবর্তী কেওড়া বনের ভেতরে অবস্থান নেয়। পরে তারা বেড়িবাঁধ পার হওয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন। এ সময় বিজিবির অপর একটি টহল দল স্পিডবোট যোগে কেওড়া বনের দিকে অগ্রসর হলে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালিয়ে সামনে অগ্রসর হয়। বিজিবির প্রতিরোধের মুখে মাদক কারবারিরা ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে রেখে নৌকাযোগে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ছোট-বড় ১০টি বস্তা থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি জানান, একই রাতে আনুমানিক সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে এক লাখ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক রমজান আলী উখিয়া উপজেলার পশ্চিম আঞ্জুমানপাড়া গ্রামের মো. সিদ্দিক ও ফাতেয়া খাতুনের ছেলে। অন্যদিকে, একই রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরও এক যুবককে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক হোসাইন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা গ্রামের মো. আলমগীর ও নুরাশা বেগমের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশপ্রেম, পেশাদারিত্ব, দক্ষতা ও আধুনিক প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি নিরলসভাবে অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, টেকনাফ ও উখিয়া সীমান্তে সক্রিয় মাদক কারবারি ও চোরাচালানকারীদের অবস্থান এবং তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রান্তিক ও নিম্ন আয়ের জনগণের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে, এই স্কিমের তহবিলের পরিমাণ বৃদ্ধি করে দেড় হাজার কোটি টাকা করা হয়েছে। ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী, শিক্ষার্থী এবং প্রবাসী আয়ের সুবিধাভোগী পরিবারের সদস্যরা এই তহবিল থেকে ঋণ গ্রহণের সুযোগ পাবেন। গ্রাহক পর্যায়ে এই ঋণের সুদ বা মুনাফার হার সর্বাধিক ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে কোনো জামানত দিতে হবে না।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে। নতুন নীতিমালার অধীনে, পাঁচ বছর মেয়াদি এই স্কিমের অর্থ আবর্তনশীল পদ্ধতিতে ব্যবহার করা হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাস বিরতি দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এই স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বাধিক ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করা যাবে। এ ক্ষেত্রে সদস্যপ্রতি সর্বাধিক ৮ লাখ টাকা হিসাবে একটি দল সর্বাধিক ৪০ লাখ টাকা ঋণ পাবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত নেওয়া যাবে। ঋণের সুদ বা মুনাফার হার হবে বার্ষিক সর্বাধিক ৭ শতাংশ। অন্যদিকে, এই স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন প্রদান করবে।
নতুন নীতিমালায় ঋণ পাওয়ার যোগ্যতার পরিধি বৃদ্ধি করা হয়েছে। পাড়া-মহল্লা ও গ্রামভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন পেশায় নিয়োজিত স্বল্প আয়ের মানুষ এই সুবিধা পাবেন। তাঁদের মধ্যে রয়েছেন জেলে, চর্মকার, স্বর্ণকার, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, তাঁতি, চা শ্রমিক, মুদি দোকানি, ভ্রাম্যমাণ ব্যবসায়ী, চা-পান বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা।
এছাড়া, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মাছ ও কাঁকড়া চাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, ক্ষুদ্র ও কুটিরশিল্প উদ্যোক্তা, খাবার প্রস্তুতকারী, ফ্রিল্যান্সার এবং সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও এই ঋণ পাবেন। বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তাছাড়া, রেমিট্যান্স প্রেরণকারী, প্রবাসী আয়ের সুবিধাভোগী পরিবারের সদস্য এবং বিদেশ থেকে দেশে ফিরে আসা শ্রমিকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও এই সুবিধার আওতায় থাকবেন।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, খেলাপি ঋণগ্রহীতারা এই স্কিমের আওতায় ঋণ পাবেন না। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে ঋণতথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো ফি নেওয়া যাবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ