০৫:৫৮ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে মানবপাচার ও বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা শাখার গণ অধিকার পরিষদের নেতা সামসুল মামুন (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস।
গ্রেপ্তার সামসুল মামুন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের সিরাজ পাগলা মাজারসংলগ্ন এলাকার মৃত লাল মিয়া ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর আওতায় একটি মামলা দায়ের করেন অ্যাডভোকেট মোশারফ হোসেন। মামলায় সামসুল মামুনসহ তার পরিবারের পাঁচজনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত হলে গত ১ জুন ভৈরব থানায় মামলাটি রেকর্ড করা হয়। পরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সামসুল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, প্রায় দুই বছর আগে অভিযোগকারীর ছোট ভাই মোবারক হোসেনকে আলবেনিয়া হয়ে ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে ১৫ লাখ টাকায় চুক্তি করা হয়। ২০২৪ সালের ৫ জানুয়ারি পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার সময় ১০ লাখ টাকা এবং একই বছরের ১০ এপ্রিল ভিসা দেখিয়ে আরও ৫ লাখ টাকা গ্রহণ করা হয়। কিন্তু পরে তাকে বিদেশে পাঠানো হয়নি এবং নেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় আদালতের মাধ্যমে মামলাটি দায়ের করা হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস বলেন, আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার সামসুল মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন