০৫:৪৪ এম
বায়ার্ন মিউনিখের জন্য এসেছে দুঃসংবাদ। গোলরক্ষক মানুয়েল নয়ার ডান পায়ের চোটের কারণে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। মাইন্সের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার পায়ের টেন্ডনের আংশিক ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বুন্দেসলিগায় মাইন্সের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বায়ার্ন ২-১ গোলে জয়লাভ করে। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন নয়ার। তার পরিবর্তে গোলবারের নিচে দাঁড়ান ইয়োনাস উরবিগ।
রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে নয়ারের চোটের বিষয়টি নিশ্চিত করে বায়ার্ন। তবে ক্লাবটি জানায়নি কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সি এই গোলরক্ষকের সুস্থ হতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।
আরও পড়ুন: ফের্মিনের জোড়া গোলে বার্সেলোনা ২-১ গোলে মাদ্রিদকে পরাজিত করেছে
মাইন্সের বিপক্ষে ম্যাচটি নয়ারের জন্য ছিল রেকর্ড গড়ার একটি দিন। ৪০ বছর ২২৫ দিন বয়সে মাঠে নেমে বায়ার্নের ইতিহাসে বুন্দেসলিগায় সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন তিনি।
এর আগে পায়ের সমস্যার কারণে নয়ার চারটি ম্যাচ খেলতে পারেননি। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে তিনি ফিরেছিলেন। কিন্তু এবার নতুন করে চোট পাওয়ায় আবারও তাকে ছাড়াই খেলতে হবে বায়ার্নকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন