০৭:২৯ পি.এম
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শিল্প সহযোগিতা, রপ্তানিমুখী প্রবৃদ্ধি, পরিচ্ছন্ন জ্বালানি (ক্লিন এনার্জি), প্রযুক্তি হস্তান্তর এবং বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, পাকিস্তানের শিল্প ও উৎপাদনবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হারুন আখতার খানের সাথে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী রশিদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপদেষ্টা হারুন আখতার খান প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের সুদৃঢ় ভিত্তি রয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার বিনিয়োগ পরিবেশ সহজ করতে প্রশাসনিক জটিলতা কমিয়ে আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্যের বদলে বিনিয়োগকারীদের 'রেড কার্পেট' অভ্যর্থনার নীতি গ্রহণ করেছে।
আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করতে চায়
পাকিস্তান সরকারের সবুজ ও টেকসই প্রযুক্তির উদ্যোগ তুলে ধরে তিনি জানান, তাঁদের দেশে নতুন 'নিউ এনার্জি ভেহিকল পলিসি' এবং লিথিয়াম-আয়ন ও সোডিয়াম-আয়ন ব্যাটারি স্থানীয়ভাবে উৎপাদনের জন্য 'ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) পলিসি' বাস্তবায়নের কাজ চলছে। এছাড়া চার্জিং পরিকাঠামো বিস্তার এবং সোলার প্রযুক্তিতে পাকিস্তান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ সকল উদীয়মান খাত, ইভি (বৈদ্যুতিক যানবাহন) এবং শিল্প খাতের যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতার দারুণ সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী রশিদ আল মাহমুদ তিতুমীর পাকিস্তানের জনগণ ও সরকারের প্রতি উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং দুই দেশের সম্পর্ককে 'ভ্রাতৃত্বপূর্ণ' হিসেবে উল্লেখ করেন। বৈঠকে তিনি অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৌশলগত অগ্রগতি ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অভিজ্ঞতা শেয়ার করেন।
তিনি উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শিল্প এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার হলে দুই দেশের জন্যই নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। বৈঠকটি দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।সূত্র: দ্য ন্যাশন
আরও পড়ুন: মণিপুরে জাতিগত সহিংসতায় নিহত ৫, বিক্ষোভ অব্যাহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন