০৭:৩২ পি.এম
পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুমকি গ্রামে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি। তিনি ওই এলাকার মো. জলিল হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার তালতলী বাজারে গেলে খলিল জোমাদ্দারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ছাত্রদল নেতা ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ সাত-আটজন তাকে মারধর করেন এবং তার পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা হিমাংশু দাস আটক
এ ঘটনার পর খলিল জোমাদ্দার বাদী হয়ে মামলা করেন। মামলায় ইমরানকে ২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে ঘটনাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান ও রাকিব পৃথক ফেসবুক লাইভে এসে দাবি করেন, বালুর ড্রেজার ব্যবসা পরিচালনা করতে গেলে বিএনপি নেতা খলিল জোমাদ্দার তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে হেনস্তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন