ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশালে বিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুলিশ সদস্যদের কল্যাণ ও শৃঙ্খলা রক্ষায় একাধিক সিদ্ধান্ত


বরিশালে বিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুলিশ সদস্যদের কল্যাণ ও শৃঙ্খলা রক্ষায় একাধিক সিদ্ধান্ত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চিকিৎসাসেবা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিন ব্যবস্থাপনাসহ পুলিশ সদস্যদের দৈনন্দিন সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এদিকে, সভায় সম্প্রতি মৃত্যুবরণকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমানের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবাই বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

অন্যদিকে, চাকরিজীবন শেষে অবসরে যাওয়া কনস্টেবল মো. আবুল হোসেনকে সভায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রতি সম্মান জানিয়ে বিদায় জানানো হয়।

সভায় বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের কল্যাণ, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সভার কার্যক্রম সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে আরও তীব্র বিক্ষোভ, শ্রেণিকক্ষে ফিরতে নারাজ শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


ফ্রান্সে আরও তীব্র বিক্ষোভ, শ্রেণিকক্ষে ফিরতে নারাজ শিক্ষার্থীরা

ফ্রান্সজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে প্যারিসের শহরতলি অঞ্চলে বিভিন্ন স্কুলের ফটকে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা শ্রেণিকক্ষে ফিরতে নারাজ, যতক্ষণ না ক্লাসরুমের পরিবেশের কোনো দৃশ্যমান উন্নতি ঘটে।

এই আন্দোলনের শুরু ঘটে গত ১৭ সেপ্টেম্বর প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরতলি ক্রেতেইলের একটি উচ্চ বিদ্যালয় থেকে। এরপর তা দ্রুত সাঁ-দেনিসসহ পুরো ফ্রান্সে ছড়িয়ে পড়ে। সেপ্টেম্বরের শেষ নাগাদ বিশ্ববিদ্যালয়সহ প্রায় ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই আন্দোলনে যুক্ত হয়। গত ১৭ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত বিক্ষোভে সরকারি হিসেবে সাড়ে পাঁচ লাখ এবং আয়োজকদের মতে প্রায় আট লাখ মানুষ অংশ নেন।

নভেম্বরের শুরুতে মধ্যবর্তী বিরতি শেষে প্যারিসের উত্তরের শহরতলি সাঁ-দেনিসের পল এলুয়ার্ড এবং বার্থোল্ডি স্কুলের শিক্ষার্থীরা আবারও রাজপথে নামেন এবং জাতীয় ধর্মঘটে যোগ দেন। আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে ১৭ বছর বয়সী ক্যামেলিয়ার মতো অনেক শিক্ষার্থী ডাইনোসরের মতো মজার পোশাক পরে বিক্ষোভে অংশ নিচ্ছেন। ক্যামেলিয়া জানান, "এই পোশাকগুলো প্রমাণ করে যে তাদের আন্দোলন কেবল সহিংসতার জন্য নয়, বরং এর মধ্যে আনন্দ ও আশার বার্তাও রয়েছে।" অবহেলিত শহরতলি থেকে শুরু হওয়া এই আন্দোলন আজ পুরো বিশ্বের নজর কেড়েছে এবং এটি তাদের প্রজন্মের জেগে ওঠার প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, বার্থোল্ডি ট্রেড স্কুলের ১৭ বছর বয়সী শিক্ষার্থী নোলান স্কুলের করুণ চিত্র তুলে ধরে বলেন, "স্কুলের আঙিনা ও শৌচাগারে ইঁদুর এবং শ্রেণিকক্ষে তেলাপোকা ঘুরে বেড়ায়।" তিনি আরও জানান, পর্যাপ্ত পানির সরবরাহ নেই এবং পুরো স্কুল নোংরা অবস্থায় পড়ে আছে। কোনো পরিবর্তন না আসায় তারা বাধ্য হয়েই অবরোধ চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন অনেক শিক্ষকও। পল এলুয়ার্ড স্কুলের ইংরেজি শিক্ষক লুসি সাবজে শিক্ষার্থীদের স্পষ্ট রাজনৈতিক সচেতনতা ও দাবির প্রশংসা করেছেন। ইতিমধ্যে এই স্কুলের শিক্ষকদের দাবির মুখে বিতর্কিত প্রধান শিক্ষক জাভিয়ার আর্তাউদ পদত্যাগ করেছেন, যাকে আন্দোলনকারীরা তাদের একটি বড় বিজয় হিসেবে দেখছেন। বার্থোল্ডি স্কুলের শিক্ষক ব্রুনো গবালউ জানান, "গত ১৫ বছরে স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও আনুপাতিক হারে সুযোগ-সুবিধা কমেছে, যা শিক্ষার্থী ও শিক্ষক—উভয়ের জন্যই অন্যায্য।"

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়টি অনুধাবন করে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তাতে আস্থা রাখতে পারছেন না। ভ্যাল-ডি-মার্নের পার্লামেন্ট সদস্য লুই বয়ার্ড সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "ম্যাক্রোঁ সরকার সরকারি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে বেসরকারি খাতে বিশাল ভর্তুকি দিচ্ছে।" জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ফ্রান্সের প্রতি তিনজনে একজন মানুষ ঠিকমতো খেতে পারছেন না, তাই তরুণ প্রজন্ম এখন আর পিছু হটবে না।

বামপন্থী দল 'ফ্রান্স আনবাউড' (এলএফআই) এই আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে—এমন অভিযোগ নাকচ করে বয়ার্ড বলেন, "এটি সম্পূর্ণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং তারা কেবল ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন।" সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিভাসু’তে শিক্ষার্থীদের সৃজনশীলতায় হিস্টোলজির সূক্ষ্ম জগৎ জীবন্ত হয়ে উঠল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


সিভাসু’তে শিক্ষার্থীদের সৃজনশীলতায় হিস্টোলজির সূক্ষ্ম জগৎ জীবন্ত হয়ে উঠল

চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে সৃজনশীল ও বাস্তবভিত্তিক মডেলে রূপান্তরিত করতে উৎসাহিত করার উদ্দেশ্যে এবং হিস্টোলজি শিক্ষাকে কার্যকর করে তোলার লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) একটি ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘হিস্টোলজিক্যাল মডেল ডেভেলপমেন্ট কম্পিটিশন-২০২৬’ শিরোনামে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনায় জীবন্ত হয়ে উঠেছিল হিস্টোলজির সূক্ষ্ম জগৎ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি ল্যাবে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন টিস্যু ও অঙ্গের সূক্ষ্ম হিস্টোলজিক্যাল গঠন ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে সৃজনশীলভাবে উপস্থাপন করেন। কাদামাটি, ফোম, কাঠবোর্ডসহ বিভিন্ন সহজলভ্য উপকরণ ব্যবহার করে তারা এসব মডেল তৈরি করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ও দৃশ্যমান রূপ দেওয়ার পাশাপাশি নিজেদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ব্যবহারিক দক্ষতার পরিচয় দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, প্রচলিত তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে মডেল তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি পায়। বিশেষ করে হিস্টোলজির মতো অণুবীক্ষণিক গঠননির্ভর বিষয়কে ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে উপস্থাপন শিক্ষার্থীদের জটিল বিষয়গুলো সহজে অনুধাবন করতে সহায়তা করে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগ প্রাণিচিকিৎসা শিক্ষায় আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তৈরি মডেলগুলোর বৈজ্ঞানিক যথার্থতা, সৃজনশীলতা, উপস্থাপনশৈলী এবং শিক্ষামূলক গুরুত্ব মূল্যায়নের জন্য দুটি পৃথক কমিটি গঠন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে পরিবেশ রক্ষায় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গাছের চারা রোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


চট্টগ্রামে পরিবেশ রক্ষায় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গাছের চারা রোপণ

চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের উদ্দেশ্যে চট্টগ্রামের খুলশীতে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ট্রেনিং সেন্টারে গাছের চারা রোপণ করা হয়েছে।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আরএনবির চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলামের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরএনবি চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. মোরশেদ আলম, সহকারী কমান্ড্যান্ট (ডিভিশন, অতিরিক্ত দায়িত্ব) মো. সালামত উল্লাহ এবং সহকারী কমান্ড্যান্ট (সদর, অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আমান উল্লাহ আমান।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের বসতভিটা জবরদখল ও ভাঙচুরের চেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের বসতভিটা জবরদখল ও ভাঙচুরের চেষ্টার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামে একটি সংখ্যালঘু (হিন্দু) পরিবারের বসতভিটা জবরদখল ও ভেকু (এক্সকাভেটর) দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি মহলের এমন হুমকিতে চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর গ্রামের ওই হিন্দু পরিবারটি দীর্ঘ ৪৫ থেকে ৫০ বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পৈতৃক সূত্রে বা স্থায়ীভাবে ওই জমিতে বসতি স্থাপন করে বসবাস করে আসছেন। এটিই তাঁদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই।

অভিযোগ রয়েছে, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গোদাগাড়ী রোড কাসাড়িপাড়ার বাসিন্দা হাসনে বানু ওরফে মর্জিনা বেগম ওই জমির কিছু অংশ (প্রায় ২ কাঠা) নিজেদের মালিকানাধীন দাবি করেন। এরপর থেকেই প্রভাবশালীরা জোরপূর্বক বাড়ি ভেঙে জায়গাটি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কোর্টের অ্যাড কমিশনার আক্তারুল ইসলামের কাছে সাংবাদিকরা উচ্ছেদের কোনো বৈধ নোটিশ দেখতে চাইলে তিনি একটি ঘষামাজা করা সন্দেহজনক নোটিশ প্রদর্শন করেন, যা দেখে ভুয়া ও জাল বলে প্রতীয়মান হয়।

ভুক্তভোগী অমিত কর্মকার, রঞ্জিত ও হাবু কর্মকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমরা গত ৫০ বছর ধরে এই জায়গাতেই বসবাস করে আসছি। এই জায়গা ছাড়া আমাদের আর কোথাও কোনো জমি বা মাথা গোঁজার ঠাঁই নেই। আমরা জোর করে কিছু দখল করতে চাই না। জমির প্রকৃত মালিক যদি ন্যায্যমূল্যে জায়গাটি আমাদের কাছে বিক্রি করেন, তবে আমরা তা কিনে নেব। কিন্তু কোনো অবস্থাতেই আমরা আমাদের শেষ সম্বল এই ভিটা ছাড়ব না।"

এলাকাবাসীর মতে, একটি দরিদ্র পরিবার দীর্ঘকাল ধরে যেখানে বসবাস করে আসছে, হঠাৎ করে জোরপূর্বক তাদের উচ্ছেদ বা বাড়ি ভাঙার এই অপচেষ্টা অত্যন্ত অমানবিক ও বেআইনি। এতে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দ্রুত এই অমানবিক হয়রানি বন্ধ এবং অসহায় পরিবারটির শেষ সম্বল রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%