মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১০:০৩ পি.এম
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং প্রবাসী বাংলাদেশিদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে, যুক্তরাজ্যের কাছে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লন্ডনে মো. নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশিদের ওপর হামলা করা হয়েছে। বাংলাদেশে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের কর্মীরা এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ক্ষমতাচ্যুত সরকারের সাথে সম্পৃক্ত মহলের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সরকার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ১৭ নভেম্বর, ২০২৬ : আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ খুলনা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে নগরীর গল্লামারী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জিরোপয়েন্ট হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সাচিবুনিয়া মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
এ সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, এবং এটি পরিচালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী।
সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান যে, অবিলম্বে নৈরাজ্য সৃষ্টিকারী ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
এ সময় খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু মন্তব্য করেন, "পতিত ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশব্যাপী নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত এবং দেশের চলমান স্থিতিশীলতা নষ্ট করতে তারা নানাভাবে উস্কানি দিচ্ছে। জনগণকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে।"
কর্মসূচিতে খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তৈয়বুর রহমান ও এসএম শামীম কবির, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, কেএম আশরাফুল আলম নান্নু ও সুলতান মাহমুদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সভাপতি এজাজুর রহমান শামীম ও সাধারণ সম্পাদক ফারুক খন্দকার, জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জল কুমার সাহা ও সাধারণ সম্পাদক খান ইসমাঈল হোসেন, জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন ও সদস্য সচিব আসাবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে ‘ব্রিজ টু বাংলাদেশ’ (বিটুবি)-এর দায়িত্ব অক্সফাম ইন বাংলাদেশ স্বাধীন পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করা হয়, যা উদ্যোগটির স্বাধীন ও টেকসই পরিচালনা নিশ্চিত করবে।
দায়িত্ব হস্তান্তরের সময় অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মাহমুদা সুলতানা এবং ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সান্তনু দাম নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব তুলে দেন।
সাত সদস্যের স্বাধীন পরিচালনা পর্ষদে রয়েছেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও সমাজকর্মী বিবি রাসেল, উন্নয়ন ও প্রতিবন্ধিতা বিষয়ক পরামর্শক জুলিয়ান ফ্রান্সিস, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক মহাপরিচালক আজিজ-উর রহমান, যুক্তরাজ্যের বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের নির্বাহী চেয়ারম্যান নাজির আলম, ইউনিভার্সিটি অব শেফিল্ডের সহযোগী অধ্যাপক ড. তানজিল শফিক, দ্য ডেইলি স্টারের বিপণন বিভাগের প্রধান ইমরান কাদির এবং যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কামাল আলী।
এই উপলক্ষে ‘আনলকিং ডায়াসপোরা পটেনশিয়াল : ফ্রম কানেকশন টু পার্টনারশিপ’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সংলাপ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। ঢাকার একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের ডাচেস অব কোইমব্রা এইচআরএইচ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা।
অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, প্রবাসীরা নিজেদের সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরে নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে পারেন। তাদের অর্জন অন্যদের সামনে তুলে ধরার মাধ্যমে তরুণদের মধ্যে বড় কিছু করার আত্মবিশ্বাস তৈরি হতে পারে।
বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান বলেন, প্রবাসী বাংলাদেশিদের দেশের ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক ভাবমূর্তি তুলে ধরার দূত হিসেবে গড়ে তোলার উপায় খুঁজে বের করতে হবে।
ড্যাফোডিল গ্রুপের স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেমের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপনের সঞ্চালনায় প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি।
আলোচনায় পর্তুগালের দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স বলেন, দক্ষ জনশক্তিকে দেশে ধরে রাখা এবং বিদেশে চলে যাওয়া দক্ষ ব্যক্তিদের ফিরিয়ে আনা অগ্রাধিকার হওয়া উচিত। উপযুক্ত রাজস্বনীতি, কর-সুবিধা ও অন্যান্য সহায়ক উদ্যোগের মাধ্যমে বিদেশে থাকা দক্ষ পেশাজীবীদের দেশে ফিরে জাতীয় উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করা সম্ভব।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পরিসংখ্যান ও ফলাফলবিষয়ক উপদেষ্টা অ্যাবি ডেভিস বলেন, কূটনৈতিক ও উন্নয়নবিষয়ক দৃষ্টিভঙ্গি এ উদ্যোগে ভূমিকা রাখতে পারে। তবে এর মূল শক্তি নির্ভর করছে এর সঙ্গে যুক্ত মানুষের সম্মিলিত কণ্ঠস্বর ও অভিজ্ঞতার ওপর।
প্যানেল আলোচনায় আরো অংশ নেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ আলিউর রহমান ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্রিজ টু বাংলাদেশের উপদেষ্টা পর্ষদের চেয়ার বিবি রাসেল। তিনি বলেন, গ্রামের মানুষের দক্ষতা বাড়ানো এবং তাদের মর্যাদা রক্ষায় কাজ করছেন তিনি। বাংলাদেশের জন্য এ কাজ অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত বলেন, নতুন স্বাধীন পরিচালনা পর্ষদের অধীনে প্রবাসী বাংলাদেশিরা দেশের মানুষের সঙ্গে যুক্ত হওয়া এবং নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। এর ফলে প্রবাসীদের দক্ষতা ও অবদান কাজে লাগিয়ে বাংলাদেশ উপকৃত হতে পারবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হোসাইন।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে যুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ হিসেবে ব্রিজ টু বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। ২০২২ সালে ধারণা হিসেবে যাত্রা শুরু করা এ উদ্যোগের মূল লক্ষ্য প্রবাসীদের জ্ঞান, দক্ষতা, যোগাযোগ ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানো। কমিউনিটি নেটওয়ার্ক, বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারি, পরামর্শ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের আগ্রহকে সমন্বিত উদ্যোগে রূপ দিতে চায় প্রতিষ্ঠানটি।
২০২৫ সালের ২৫ মে লন্ডনে আনুষ্ঠানিকভাবে উদ্যোগটির যাত্রা শুরু হয়। পরে ২০২৬ সালের ২৮ জুন ঢাকায় এর পরীক্ষামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অক্সফাম ইন বাংলাদেশের হেড অব ইকোনমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিস ফাতেমা তুজ জোহুরা। এ সময় ব্রিজ টু বাংলাদেশের পথচলা তুলে ধরেন সংস্থাটির সোশ্যাল মিডিয়া অ্যান্ড কনটেন্ট কর্মকর্তা শামেরুল হুদা।
অনুষ্ঠানে পর্তুগালের ডাচেস অব কোইমব্রা, দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও যুক্তরাজ্যের ফুলহাম এফসির পেশাদার ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করার পরও আত্মহত্যার চিন্তা করেছিলেন ওয়েইন রুনি। যখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সাফল্যের শিখরে ছিল, তখন তিনি মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
বর্তমানে ৪১ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ড জানান, সদ্য বিবাহিত এবং বড় ছেলে কাইয়ের বাবা হওয়ার পরও তার মানসিক স্বাস্থ্য ভালো ছিল না।
২০০৮ সালে কোলিনকে বিয়ে করেন রুনি। পরবর্তী বছর তাদের প্রথম সন্তানের জন্ম হয়।
রুনি স্যার অ্যালেক্স ফার্গুসনের তৈরি শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড দলে ছিলেন, যেখানে একাধিক প্রিমিয়ার লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরব রয়েছে।
তিনি জানান, বাড়িতে টানা দুই দিন মদ্যপান করেছেন। ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট উইথ গ্যাবি লোগান’ পডকাস্টে তিনি বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে আত্মহত্যার চিন্তা তার মনে এসেছিল।
রুনি বলেন, “এখন পেছনে ফিরে তাকালে বলতে পারি, আমি স্বার্থপর ছিলাম। কিন্তু আমি জানতাম, এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, যা সামাল দিতে সত্যিই হিমশিম খাচ্ছিলাম।
“এরপর চাইনি কাই আমাকে ওই অবস্থায় দেখুক। এ কারণেও নিজেকে আড়ালে রাখতাম।
“একসময় এমন পর্যায়ে পৌঁছেছিলাম, যখন আত্মহত্যার কথা ভাবছিলাম। কারও সঙ্গে থাকতে ইচ্ছা করত না। রাস্তায় মানুষের মুখোমুখি হতে চাইতাম না। দোকানেও যেতে ইচ্ছা করত না।
“ফুটবল মাঠে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু মাঠের বাইরের সবকিছু সামলাতে সত্যিই খুব কষ্ট হতো।”
ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ক্লাবটির হয়ে ২৫৩টি গোল করেছেন। তিনি জানান, রেড ডেভিলসদের হয়ে ক্যারিয়ারের সেরা সময়েই এসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন।
তিনি আরও বলেন, “আপনি নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না। তাই সেটি আড়াল করার চেষ্টা করেন।
“আমি যে অবস্থায় ছিলাম, তা বুঝতে পারলেও সেটি স্বীকার করা কঠিন ছিল। কারণ, এমন কিছু করলে নিজেকে ছোট মনে হয়।
“আমার কী সমস্যা হচ্ছে, তা বোঝার জন্য একজন থেরাপিস্টের সঙ্গে কথা বলছিলাম। কারণ, এখন পেছনে ফিরে তাকালে মনে হয়, তখন সম্ভবত ক্যারিয়ারের সেরা সময়ে ছিলাম। সদ্য আমার ছেলে হয়েছে, বিয়ে করেছি। জীবনের সবচেয়ে সুখের সময় হওয়ার কথা ছিল সেটি, কিন্তু তা ছিল না।
“নিজের স্বার্থপর আচরণের কারণে সেটিই সম্ভবত আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।”
হ্যারি কেইনের আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রুনি। সেই কঠিন সময় কাটিয়ে উঠতে স্ত্রী কোলিনের অবদানের কথা তিনি স্বীকার করেছেন।
রুনি বলেন, “কোলিন আমাকে অনেক সাহায্য করেছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, সে চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারত। কিন্তু সে আমার পাশে থেকেছে এবং এই কঠিন সময় পার হতে সাহায্য করেছে।”
২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর রুনি এভারটন, ডিসি ইউনাইটেড ও ডার্বি কাউন্টিতে খেলেছেন। এরপর তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন।
সর্বশেষ প্লাইমাউথের দায়িত্বে ছিলেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে ক্লাবটি ছাড়েন সাবেক এই ইংলিশ তারকা।
সূত্র: বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে পাঁচ দিনের ব্যবধানে প্রায় ১৫ কোটি ডলার হ্রাস পেয়েছে। ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। মঙ্গলবার (১৭ নভেম্বর) তা কমে ৩৪ দশমিক ৫০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। একই সময়ের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ১৪ কোটি ৫২ লাখ ডলার কমেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এ চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৬৪৬ দশমিক ২৬ মিলিয়ন ডলার। ১৭ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৯৬ দশমিক ৮২ মিলিয়ন ডলারে। অর্থাৎ পাঁচ দিনে গ্রস রিজার্ভ ১৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার বা ১৪ কোটি ৯৪ লাখ ৪৪ হাজার ডলার কমেছে।
অন্যদিকে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে ১২ নভেম্বর রিজার্ভ ছিল ২৯ হাজার ৮২২ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। ১৭ নভেম্বর তা কমে ২৯ হাজার ৬৭৭ দশমিক ২৮ মিলিয়ন ডলারে নেমে এসেছে। এ হিসাবে পাঁচ দিনে রিজার্ভ কমেছে ১৪৫ দশমিক ১৮ মিলিয়ন ডলার বা ১৪ কোটি ৫১ লাখ ৮০ হাজার ডলার। অর্থাৎ পাঁচ দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ প্রায় শূন্য দশমিক ৪৩ শতাংশ এবং বিপিএম-৬ পদ্ধতিতে প্রায় শূন্য দশমিক ৪৯ শতাংশ কমেছে।
সাধারণভাবে গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ কম থাকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত এ পদ্ধতিতে রিজার্ভ হিসাবের ক্ষেত্রে বিভিন্ন দায় ও স্বল্পমেয়াদি দায়বদ্ধতা সমন্বয় করা হয়। ফলে বিপিএম-৬ পদ্ধতির হিসাবকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের তুলনামূলক গ্রহণযোগ্য আন্তর্জাতিক পরিমাপক হিসেবে বিবেচনা করা হয়।
বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা, আমদানি ব্যয় পরিশোধ এবং বিদেশি ঋণ ও দায় মেটানোর সক্ষমতা বিবেচনায় রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পাঁচ দিনের ব্যবধানে রিজার্ভের এই নিম্নমুখী পরিবর্তন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রিজার্ভ কমার পেছনে প্রধানত ডলারের বাজারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ এবং আমদানি ব্যয় বৃদ্ধির চাপ রয়েছে। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বৈদেশিক মুদ্রা বিক্রি করছে। পাশাপাশি জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার আমদানির ব্যয় মেটাতে ডলারের চাহিদা বেড়েছে। এর সঙ্গে বৈদেশিক ঋণ পরিশোধের চাপও যুক্ত হয়েছে। ফলে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের মাধ্যমে ডলারের সরবরাহ বাড়লেও ব্যয়ের তুলনায় তা পর্যাপ্ত না হলে রিজার্ভের ওপর চাপ তৈরি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ