বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৮ পি.এম
বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকাবাইচকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘নৌকা বাইচ (Nouka Baich)’ সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে কেনিয়া আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভালে (Kenya International Sports Film Festival—KISFF)। এই উৎসবে বাংলাদেশের এই প্রামাণ্যচিত্রটি ‘Honorable Mention’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক এই স্বীকৃতির পাশাপাশি উৎসবে চলচ্চিত্রটির প্রদর্শনীও হবে।
নৌকাবাইচ বাংলাদেশের নদীকেন্দ্রিক জীবন, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতামূলক খেলা নয়, বরং গ্রামীণ মানুষের ঐক্য, আবেগ, আনন্দ এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতিচ্ছবি। নৌকাবাইচের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য এবং মানুষের নানা স্মৃতি। তবে, সময়ের পরিবর্তনের কারণে এই ঐতিহ্য অনেক জায়গায় হারিয়ে যেতে বসেছে।
এমন পরিস্থিতিতে নৌকাবাইচের ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশের এই সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘নৌকা বাইচ’। এতে দেশের নদীমাতৃক জীবন ও লোকজ সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত ঐতিহ্যবাহী এই আয়োজনকে প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন স্বাধীন প্রামাণ্যচিত্র নির্মাতা মোহাম্মদ আতিউর রহমান। এর প্রযোজক রেদুয়ানুল হাসান তানিম। এই প্রামাণ্যচিত্রটি প্রয়াত শিক্ষক মো. আব্দুর রহিম আজাদীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।
কেনিয়া আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক আয়োজনে প্রামাণ্যচিত্রটির সম্মানসূচক স্বীকৃতি বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলাকে বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন। উৎসবে প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের নৌকাবাইচ, নদীকেন্দ্রিক জীবন এবং গ্রামীণ মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষাকে আনন্দময় ও হাতে-কলমে শেখার উপযোগী করার লক্ষ্যে। ২০২৮ সালের সংশোধিত পাঠ্যক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে শ্রেণিকক্ষে খেলনা ব্যবহার করে পাঠদানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ তৈরি হবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) পাঠ্যবইয়ের বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতি রেখে এসব খেলার নকশা তৈরি করছে। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিতের সমন্বিত শিক্ষা বা স্টেম পদ্ধতি কার্যকর করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
বুধবার ‘গণসাক্ষরতা অভিযান’ (ক্যাম্পে) ও ‘নেটজ বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব তথ্য তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, প্রতিটি শ্রেণির উপযোগী করে ৪২০টির বেশি খেলার নকশা প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে প্রথম শ্রেণির শিশুরা খেলনার সাহায্যে যোগ-বিয়োগ এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে শিখতে সক্ষম হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৮ সালে নতুন পাঠ্যক্রম চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। এতে পাঠ্যবইয়ের পাশাপাশি অনুশীলন বই, ভিডিও পাঠ, খেলনা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। জায়গার সংকট রয়েছে এমন বিদ্যালয়ে ছাদে খেলার মাঠ তৈরির বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি জানান, দেশে প্রায় ৩৬ হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আইনি জটিলতা কেটে যাওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষকদের প্রাথমিক প্রশিক্ষণের সময়সীমা ১০ মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হচ্ছে। এছাড়া, পাঠদানের বাইরে তাদের ৩৭ ধরনের দায়িত্ব পালন করতে হয়।
সভায় গবেষণার তথ্য তুলে ধরে ‘স্কিলস ইন্সপায়ার’-এর প্রধান পরামর্শক আতাউল গনি ওসমানি প্রতিটি বিদ্যালয়ে ১০ হাজার টাকা ব্যয়ে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে স্টেম কর্নার স্থাপনের প্রস্তাব দেন। এ পদ্ধতি চালুর আগে ৩০০ থেকে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক প্রয়োগের পরামর্শও তিনি প্রদান করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী শিক্ষক প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম সম্প্রসারণের কথা জানান। নেপের মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, অনেক শিক্ষার্থী এখনো প্রাথমিক পাঠদক্ষতা অর্জনে পিছিয়ে রয়েছে।
পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ অধ্যাপক নূরুন নবী আলম শিক্ষার্থীদের শেখার ঘাটতি চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন। ক্যাম্পের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রাথমিক শিক্ষার গুণগত পরিবর্তনে সম্মিলিত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে দুটি দুধের কৌটার ভেতরে একাধিক শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা পাওয়ার খবর পাওয়া গেছে। বোমাসদৃশ বস্তু সন্দেহে এই কৌটাগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল রায়পুরে পৌঁছে কৌটা দুটি পরীক্ষা করে। বিস্ফোরণের ঝুঁকি থাকায় সেগুলো নিষ্ক্রিয় করার পূর্ব পর্যন্ত ঘটনাস্থলে পুলিশি পাহারা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ির উঠানের একটি গর্ত থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটাগুলোর ভেতরে বিস্ফোরক থাকতে পারে—এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় সাইফুল ইসলাম সুজন নামের এক ব্যক্তি অভিযুক্ত হন। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরদিন বাড়িটির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটা দুটি পাওয়া যায়।
স্থানীয় এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় দুই মাস ধরে সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে বেড়া তৈরি করেছিলেন তারা। বাইরের লোকজনের প্রবেশ ঠেকাতে প্রবেশপথেও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন যোগাযোগ বা দেখা-সাক্ষাৎ ছিল না। বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও উঠানে পুঁতে রাখা কৌটায় বোমা পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বোমা নিষ্ক্রিয়করণ দলের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। এর আগে একই ব্যক্তির ভাড়া বাসা থেকে বোমা তৈরি বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের নওয়াপাড়া থেকে ট্রাক ভর্তি টিএসপি সার পাচারের বিষয়ে বৈধ ডিলার ছাড়াই ভুয়া চালান তৈরি করার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। একটি শক্তিশালী অসাধু চক্র বিসিআইসি সার ডিলারদের সঙ্গে যোগসাজস করে সিন্ডিকেটের মাধ্যমে এই সার বৃহত্তর যশোর জেলায় বেশি দামে বিক্রি করছে।
মঙ্গলবার রাতে (১০ নভেম্বর) ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় অবৈধ রশিদসহ ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করার পর শোভন নামে এক ট্রাক মালিক এই বিস্ফোরক দাবি করেন। সাংবাদিকদের ধারণকৃত ভিডিওতে ট্রাক মালিক শোভন মিয়া স্বীকার করেন যে, নওয়াপাড়ার ঘাট থেকে বাড়তি দামে অবৈধভাবে সার কিনে ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় পাচার করা হয়। তিনি জানান, সুযোগ বুঝে তিনিও সার কিনেছেন।
শোভন আরও জানান, একেক সময় একেক জেলায় টিএসপি সারের চাহিদা বৃদ্ধি হয়, আবার কমে যায়। সেই সুযোগ ধরে বৈধ ডিলার ছাড়াও সাধারণ ব্যবসায়ীরা যশোরের নওয়াপাড়া থেকে চোরাই পথে টিএসপি সার পাচার করে থাকে। তারা ১৩০০ টাকা বস্তা কিনে ১৭০০ টাকায় বিক্রি করেন। পথে আসতে তাদের বিভিন্ন স্থানে টাকা দিতে হয় বলেও শোভন স্বীকার করেন।
এদিকে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকা থেকে ‘রাজবাড়ী-ট-১১-০১৪১’ নম্বরের সারবাহী একটি ট্রাক আটক করে জনতা। ট্রাকটির মালিক শৈলকুপার কাতলাগাড়ি এলাকার খুচরা সার ব্যবসায়ী শোভন মিয়া। আটকের সময় তিনি কোন বৈধ কাগজ দিতে পারেননি। ‘মেসার্স ফারিয়া ট্রান্সপোর্ট এজেন্সীর’ দেওয়া একটি চালান (নং-৩১৭৩০) দেখালেও পরীক্ষা করে দেখা যায় সেটি ভুয়া। চালানে থাকা ০১৭৩২-৫৩১২১৫ নম্বরের মুঠোফোনে যোগাযোগ করা হলে আবু তৈয়ব নামে এক ব্যক্তি জানান, তিনি দিনাজপুরের বাসিন্দা এবং সার ব্যবসার সঙ্গে তিনি যুক্ত নন।
অভিযোগ উঠেছে যে, সার আটকের পর কোনো আইনি ব্যবস্থা না নিয়ে উল্টো ‘বৈধ কাগজপত্র’ জোগাড় করে জমা দিতে ট্রাক মালিককে সাত দিনের সময় দিয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার। প্রশাসনের এমন রহস্যজনক ভূমিকায় জেলার কৃষক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী সাজ্জাদুল হক মিলন জানান, ঘটনার দিন তারা টিএসপি সার আটকের পর প্রশাসনকে খবর দেওয়ার পর প্রায় দুই ঘণ্টা পর কৃষি বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে সার বোঝাই ট্রাকটি নিয়ে যান। এখন তিনদিন পার হলেও মামলা না দিয়ে সার ছেড়ে দেওয়ার পাঁয়তারা চালানো হচ্ছে।
অবৈধ সার নিয়ে ঝিনাইদহ ফোরামের সভাপতি প্রফেসর (অব.) মহব্বত হোসেন টিপু বলেছেন, কৃত্রিম সার সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। তিনি উল্লেখ করেন, কৃষক ক্ষতিগ্রস্থ হয় এবং সরকার বিব্রত হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
এ ব্যাপারে কুষ্টিয়া বাফার গোডাউনের ইনচার্জ গাউস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কুষ্টিয়া বাফার গোডাউনে কোনো টিএসপি সারের চালান আসার কথা নেই। এখানে কেবলমাত্র ইউরিয়া সার আনা হয়। টিএসপি সারের বাফার হচ্ছে মাগুরা শহরে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, টিএসপি সার আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বৈধ কাগজ না পাওয়া গেলে সরকারের হেফাজতে নেওয়া হবে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর ইউএনও দীপা রাণী সরকার বলেন, সারসহ ট্রাকটি থানায় রাখা হয়েছে এবং মালিককে কাগজপত্র দেখাতে সময় দেওয়া হয়েছে। খুলনা বিএডিসি জানিয়েছে, সারটি খুলনা থেকে ফরিদপুরে যাওয়ার কথা ছিল। সেটি ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় কেন যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ে বৈধ কাগজ দেখাতে না পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কর আদায় রাষ্ট্রের ন্যায্য অধিকার। নাগরিকদের সাংবিধানিক অধিকারও রয়েছে যাতে তারা আইনের বাইরে হয়রানির শিকার না হন। এই দুইয়ের ভারসাম্য নিয়ে সম্প্রতি হাইকোর্টের একটি রায় আলোচনায় এসেছে।
৩১ অক্টোবর ২০২৬ প্রকাশিত সংবাদ অনুযায়ী, আদালত জানিয়েছে, শুধুমাত্র নথিপত্র যাচাইয়ের উদ্দেশ্যে পুরনো কর নথি পুনরায় খোলার সুযোগ নেই। আয়কর আইন, ২০২৩-এর ধারা ২১২ প্রয়োগের সীমা নিয়ে এই রায় করদাতা ও কর পেশাজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রায়ের মর্মকথা
ধারা ২১২-এর অধীনে কর নির্ধারণী সম্পন্ন হওয়ার পর নথি পুনরায় করতে হলে কর কর্তৃপক্ষের হাতে সুনির্দিষ্ট তথ্য ও যুক্তিসংগত কারণ থাকতে হবে, যা নিশ্চিতভাবে বোঝায় যে কর ফাঁকি বা কর পরিহার ঘটেছে। শুধুমাত্র সন্দেহ বা ‘আরেকবার কাগজপত্র যাচাই করে / দেখে নিই’ ধরনের সাধারণ যাচাইয়ের ইচ্ছা এই ক্ষমতা প্রয়োগের ভিত্তি হতে পারে না। অর্থাৎ নিষ্পন্ন কর নির্ধারণ কোনো উন্মুক্ত ফাইল নয়, যা ইচ্ছামতো বারবার খোলা যায়।
তবে উল্লেখযোগ্য যে, এ রায় সব ক্ষেত্রে কর পুনর্নির্ধারণ নিষিদ্ধ করেনি। সুনির্দিষ্ট তথ্য ও লিখিত কারণ থাকলে আইনসম্মত পথে আয়কর আইন ধারা ২১২ প্রয়োগের সুযোগ রয়েছে। রায়ের মূল মর্মার্থ হলো, ক্ষমতার সঙ্গে শর্ত জড়িত, এবং সেই শর্ত পূরণ না করে ক্ষমতা প্রয়োগ করা যাবে না।
করদাতার স্বস্তি
একজন সৎ করদাতা নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন, কর পরিশোধ করেন, কর অফিস থেকে কর নির্ধারণী আদেশ পান এবং ধরে নেন বিষয়টি সম্পন্ন হয়েছে। কয়েক বছর পর হঠাৎ নোটিশ আসে : ব্যাংক বিবরণী, ব্যবসার কাগজপত্র, আয়ের উৎসের প্রমাণ আবার জমা দিন। পুরোনো নথি খুঁজে বের করা, হিসাবরক্ষক ও আইনজীবীর পেছনে খরচ করা, কর অফিসে ঘুরে বেড়ানো, এই পুরো চাপ পড়ে করদাতার ওপর। অনেক সময় অনিশ্চয়তা ও ভয় থেকে করদাতা অনানুষ্ঠানিক ‘সমঝোতা’র দিকে ঝুঁকে পড়েন।
এই রায় সেই অনিশ্চয়তা কমাবে বলে আশা করা যায়। সম্পন্ন কর নির্ধারণের একটি আইনি ভিত্তি রয়েছে, এই রায়ে সেই নীতি এখন আরো স্পষ্ট হয়েছে। এতে ছোট ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী ও উদ্যোক্তারা আরো বেশি আত্মবিশ্বাস নিয়ে হিসাব রাখতে ও কর দিতে পারবেন। স্বেচ্ছা কর প্রদান ও অংশগ্রহণ বাড়ানোর প্রধান উপায় হলো ভয় নয়, বরং কর ব্যবস্থার উপর আস্থা।
কর পেশাজীবীদের জন্য তাৎপর্য
কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কর পরামর্শকেরা এখন এসংক্রান্ত নোটিশ পরীক্ষার সময় কয়েকটি প্রশ্ন তুলতে পারবেন : কর নির্ধারণ কি সত্যিই সম্পন্ন হয়েছে? নোটিশে কি সুনির্দিষ্ট তথ্যের উল্লেখ আছে, নাকি শুধু ‘যাচাইয়ের জন্য’ লেখা? উপ-কর কমিশনার কি কর ফাঁকির যুক্তিসংগত কারণ লিখিতভাবে নথিবদ্ধ করেছেন? নোটিশের উদ্দেশ্য কি প্রকৃতই ফাঁকি পড়া কর উদ্ধার, নাকি সাধারণ নথি সংগ্রহ? তবে স্মরণ রাখতে হবে এতে পেশাজীবীদের দায়ও আরো বেড়ে গেছে। এই রায়কে অজুহাত বানিয়ে প্রকৃত কর ফাঁকি আড়াল করার চেষ্টা পেশাগত নীতিবিরুদ্ধ হবে। এই রায়ের সুরক্ষা সৎ করদাতার জন্য, অসৎ কৌশলের জন্য নয়।
আইনের শাসন ও হয়রানি রোধ
আইনের শাসনের একটি মৌলিক কথা হলো, রাষ্ট্রীয় ক্ষমতা আইনের শর্ত মেনে প্রয়োগ করতে হবে। ক্ষমতা আছে বলেই যেকোনো উদ্দেশ্যে তা প্রয়োগ করা যায় না। আদালত এখানে সেই সীমারেখা টেনে দিয়েছেন।
এটি এ ধারার একমাত্র রায় নয়। এ বছরের ৮ জুলাই রিট পিটিশন নং ২৩৬৪/২০২৬-এর রায়ে হাইকোর্ট আয়কর আইনের ধারা ২২৩-এর অধীনে এফডিআর ও ব্যাংক হিসাব জব্দের আদেশ বাতিল করেছেন। আদালত জানিয়েছে, আয় বা বিনিয়োগ গোপনের সুনির্দিষ্ট তথ্য হাতে না থাকলে হিসাব জব্দ করা যাবে না। আগে জব্দ করে পরে যুক্তি খোঁজা আইনসম্মত নয়, এবং পরিবারের সদস্যদের সম্মিলিতভাবে জব্দ করাও চলে না। এর আগে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রিট পিটিশন নং ২২২৬৫/২০২৫-এর রায়েও একই নীতি প্রতিষ্ঠিত হয়েছিল। সব মিলিয়ে একটি ধারা স্পষ্ট হচ্ছে : তদন্ত ও তথ্য সংগ্রহের বৈধ ক্ষমতা কর কর্তৃপক্ষের আছে, কিন্তু ব্যক্তির সম্পদ ও নিষ্পন্ন বিষয়ের ওপর হস্তক্ষেপের জন্য সুনির্দিষ্ট ভিত্তি লাগবে।
রায় বাস্তবায়নের প্রস্তাবিত কাঠামো
এ ধরনের রায় কখনও কখনও সংবাদ হয়ে থেকে যায়, এতে করদাতা বা জনগণের খুব একটা উপকার তথা নিস্তার হয় না যদিনা এই রায়ের আলোকে বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেয়। মাঠপর্যায়ে এর প্রতিফলন ঘটাতে নিম্নলিখিত ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন—
১। প্রশাসনিক নির্দেশনা : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সার্কুলার বা আদেশ জারি করে সব কর অঞ্চল ও সার্কেলকে জানাবে যে ধারা ২১২ প্রয়োগের আগে সুনির্দিষ্ট তথ্য ও কারণ লিখিতভাবে নথিভুক্ত করতে হবে।
২। অনুমোদনের স্তর : পুনরায় কর নথি খোলা করার প্রতিটি প্রস্তাবে উচ্চতর কর্মকর্তার পর্যালোচনা বাধ্যতামূলক হবে, যাতে একজন কর্মকর্তার একক সিদ্ধান্তে হয়রানির সুযোগ না থাকে।
৩। নোটিশের মান : নোটিশে কোন তথ্যের ভিত্তিতে কেন কর নথি খোলা হচ্ছে তা উল্লেখ থাকতে হবে। কারণবিহীন নোটিশ অকার্যকর বলে গণ্য হবে।
৪। অভ্যন্তরীণ জবাবদিহি : আইনবহির্ভূত নোটিশ জারির জন্য দায়ী কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থার বিধান থাকলে সতর্কতা তৈরি হবে।
৫। অভিযোগ নিষ্পত্তির পথ : করদাতা যেন অনলাইনে অভিযোগ জানাতে পারেন এবং নির্দিষ্ট সময়ে প্রতিকার পান, এমন একটি কার্যকর কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থা থাকা উচিত।
৬। প্রশিক্ষণ ও প্রকাশ : রায়ের সারসংক্ষেপ বাংলায় কর কর্মকর্তাদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা এবং করদাতাদের জন্য সহজ ভাষায় প্রকাশ করা দরকার।
এনবিআর ও সরকারের দায়িত্ব এবং ঝুঁকি
এই রায়কে এনবিআরের পরাজয় হিসেবে দেখা ঠিক হবে না। বরং এটি এনবিআরকে নিজের কাজের মান উন্নত করার সুযোগ দিয়েছে। এই রায় মেনে চললে কর প্রশাসনের গ্রহণযোগ্যতা বাড়বে, মামলার চাপ কমবে এবং স্বেচ্ছা কর প্রদান ও অংশগ্রহণ বাড়বে। আর রায় উপেক্ষা করলে ঝুঁকিও স্পষ্ট। করদাতাকে প্রতিটি নোটিশের জন্য আবার রিট করতে হবে, যা ব্যয়বহুল।
আদালতের ওপর মামলার বোঝা বাড়বে। সবচেয়ে বড় ক্ষতি হবে বিশ্বাসের। করদাতা যদি মনে করেন আদালতের রায়ও মাঠে কাজ করে না, তাহলে কর ব্যবস্থার প্রতি শ্রদ্ধা কমবে এবং নগদ লেনদেন ও অনানুষ্ঠানিক অর্থনীতির দিকে ঝোঁক বাড়বে। এনবিআর রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে, সেটি তাদের আইনি অধিকার। আপিল বিভাগ প্রয়োজনে রায়ের নির্দেশনা স্থগিতও করতে পারেন।
তবে যতক্ষণ কোনো স্থগিতাদেশ নেই, ততক্ষণ বিদ্যমান আদেশ মেনে চলা প্রশাসনের দায়িত্ব। তবে সেখানে আদালত জনগণের সুবিচার ও হয়রানি বন্ধে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে তার কাজে গ্রহণযোগ্যতা বাড়ানোর এরকম সুযোগ করে দিয়েছে এবং আদালত
ইতিমধ্যে মামলার চাপে সুবিচার নিশ্চিত করতে পারছেনা সেখানে আবার আদালতের উপর চাপ বাড়ানো কতটা যুক্তিসংগত সে প্রশ্ন থেকে যায়।
সুশীল সমাজের ভূমিকা
আদালতের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সুশীল সমাজ একটি চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাজীবী সংস্থা, কর আইনজীবীদের সংগঠন, ভোক্তা ও করদাতাদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা এবং গণমাধ্যম সম্মিলিতভাবে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে—
১। আদালতের রায়ের সহজবোধ্য ব্যাখ্যা তৈরি করে তা করদাতাদের মাঝে ছড়িয়ে দেওয়া।
২। রায় বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়া।
৩। আদালতের রায় লঙ্ঘন করে কোনো নোটিশ জারি করা হলে তা নথিবদ্ধ করা ও জনসমক্ষে আনা।
৪। ক্ষুদ্র করদাতাদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা এবং
৫। আইনের অস্পষ্টতা দূর করার লক্ষ্যে সংসদীয় কমিটি ও নীতিনির্ধারকদের কাছে সুপারিশ পেশ করা।
এক্ষেত্রে গণমাধ্যমের তদারকি সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে। একটি রায় তখনই প্রকৃত অর্থে সফল বলে গণ্য হবে, যখন প্রত্যন্ত অঞ্চলের একজন ক্ষুদ্র ব্যবসায়ী কর অফিসে গিয়ে সেই রায়ের সুফল সরাসরি ভোগ করতে পারবেন।
হাইকোর্টের এই রায় কর ব্যবস্থায় একটি পরিষ্কার বার্তা দিয়েছে—তথ্য ছাড়া সন্দেহ যথেষ্ট নয়, আর যাচাইয়ের নামে অনির্দিষ্ট অনুসন্ধান আইন অনুমোদন করে না। করদাতার জন্য এটি স্বস্তি, কর পেশাজীবীর জন্য শক্ত আইনি ভিত্তি, আর রাষ্ট্রের জন্য নিজের কর প্রশাসনকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করার সুযোগ। আদালত তার কাজ করেছেন।
এখন এনবিআর ও সরকারের দায়িত্ব রায়ের শব্দ এবং চেতনা দুটোই মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া, আর সুশীল সমাজের দায়িত্ব সেটি নিশ্চিত করার জন্য সজাগ থাকা। কর আদায় ও করদাতার অধিকার পরস্পরবিরোধী নয়, বরং একটি ন্যায্য ও কার্যকর কর ব্যবস্থার দুই স্তম্ভ।
লেখক :
ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আর্থিক খাত বিশ্লেষক
তালাশ বিডি/মিডিয়া লিঃ