ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

পুরনো কর নথি যাচাইয়ের জন্য খোলা যাবে না: রায় যেন কাগজে না থাকে


পুরনো কর নথি যাচাইয়ের জন্য খোলা যাবে না: রায় যেন কাগজে না থাকে

কর আদায় রাষ্ট্রের ন্যায্য অধিকার। নাগরিকদের সাংবিধানিক অধিকারও রয়েছে যাতে তারা আইনের বাইরে হয়রানির শিকার না হন। এই দুইয়ের ভারসাম্য নিয়ে সম্প্রতি হাইকোর্টের একটি রায় আলোচনায় এসেছে।

৩১ অক্টোবর ২০২৬ প্রকাশিত সংবাদ অনুযায়ী, আদালত জানিয়েছে, শুধুমাত্র নথিপত্র যাচাইয়ের উদ্দেশ্যে পুরনো কর নথি পুনরায় খোলার সুযোগ নেই। আয়কর আইন, ২০২৩-এর ধারা ২১২ প্রয়োগের সীমা নিয়ে এই রায় করদাতা ও কর পেশাজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রায়ের মর্মকথা

আরও পড়ুন: সরকার ৯৭ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে

ধারা ২১২-এর অধীনে কর নির্ধারণী সম্পন্ন হওয়ার পর নথি পুনরায় করতে হলে কর কর্তৃপক্ষের হাতে সুনির্দিষ্ট তথ্য ও যুক্তিসংগত কারণ থাকতে হবে, যা নিশ্চিতভাবে বোঝায় যে কর ফাঁকি বা কর পরিহার ঘটেছে। শুধুমাত্র সন্দেহ বা ‘আরেকবার কাগজপত্র যাচাই করে / দেখে নিই’ ধরনের সাধারণ যাচাইয়ের ইচ্ছা এই ক্ষমতা প্রয়োগের ভিত্তি হতে পারে না। অর্থাৎ নিষ্পন্ন কর নির্ধারণ কোনো উন্মুক্ত ফাইল নয়, যা ইচ্ছামতো বারবার খোলা যায়।

তবে উল্লেখযোগ্য যে, এ রায় সব ক্ষেত্রে কর পুনর্নির্ধারণ নিষিদ্ধ করেনি। সুনির্দিষ্ট তথ্য ও লিখিত কারণ থাকলে আইনসম্মত পথে আয়কর আইন ধারা ২১২ প্রয়োগের সুযোগ রয়েছে। রায়ের মূল মর্মার্থ হলো, ক্ষমতার সঙ্গে শর্ত জড়িত, এবং সেই শর্ত পূরণ না করে ক্ষমতা প্রয়োগ করা যাবে না।

করদাতার স্বস্তি

একজন সৎ করদাতা নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন, কর পরিশোধ করেন, কর অফিস থেকে কর নির্ধারণী আদেশ পান এবং ধরে নেন বিষয়টি সম্পন্ন হয়েছে। কয়েক বছর পর হঠাৎ নোটিশ আসে : ব্যাংক বিবরণী, ব্যবসার কাগজপত্র, আয়ের উৎসের প্রমাণ আবার জমা দিন। পুরোনো নথি খুঁজে বের করা, হিসাবরক্ষক ও আইনজীবীর পেছনে খরচ করা, কর অফিসে ঘুরে বেড়ানো, এই পুরো চাপ পড়ে করদাতার ওপর। অনেক সময় অনিশ্চয়তা ও ভয় থেকে করদাতা অনানুষ্ঠানিক ‘সমঝোতা’র দিকে ঝুঁকে পড়েন।

আরও পড়ুন: নারীদের সম্মান রক্ষায় এমপি আমির হামজার বিচার দাবিতে বিক্ষোভ

এই রায় সেই অনিশ্চয়তা কমাবে বলে আশা করা যায়। সম্পন্ন কর নির্ধারণের একটি আইনি ভিত্তি রয়েছে, এই রায়ে সেই নীতি এখন আরো স্পষ্ট হয়েছে। এতে ছোট ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী ও উদ্যোক্তারা আরো বেশি আত্মবিশ্বাস নিয়ে হিসাব রাখতে ও কর দিতে পারবেন। স্বেচ্ছা কর প্রদান ও অংশগ্রহণ বাড়ানোর প্রধান উপায় হলো ভয় নয়, বরং কর ব্যবস্থার উপর আস্থা।

কর পেশাজীবীদের জন্য তাৎপর্য

কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কর পরামর্শকেরা এখন এসংক্রান্ত নোটিশ পরীক্ষার সময় কয়েকটি প্রশ্ন তুলতে পারবেন : কর নির্ধারণ কি সত্যিই সম্পন্ন হয়েছে? নোটিশে কি সুনির্দিষ্ট তথ্যের উল্লেখ আছে, নাকি শুধু ‘যাচাইয়ের জন্য’ লেখা? উপ-কর কমিশনার কি কর ফাঁকির যুক্তিসংগত কারণ লিখিতভাবে নথিবদ্ধ করেছেন? নোটিশের উদ্দেশ্য কি প্রকৃতই ফাঁকি পড়া কর উদ্ধার, নাকি সাধারণ নথি সংগ্রহ? তবে স্মরণ রাখতে হবে এতে পেশাজীবীদের দায়ও আরো বেড়ে গেছে। এই রায়কে অজুহাত বানিয়ে প্রকৃত কর ফাঁকি আড়াল করার চেষ্টা পেশাগত নীতিবিরুদ্ধ হবে। এই রায়ের সুরক্ষা সৎ করদাতার জন্য, অসৎ কৌশলের জন্য নয়।

আইনের শাসন ও হয়রানি রোধ

আরও পড়ুন: সরকার ১০ হাজার টন চিনি ও ডাল কিনছে

আইনের শাসনের একটি মৌলিক কথা হলো, রাষ্ট্রীয় ক্ষমতা আইনের শর্ত মেনে প্রয়োগ করতে হবে। ক্ষমতা আছে বলেই যেকোনো উদ্দেশ্যে তা প্রয়োগ করা যায় না। আদালত এখানে সেই সীমারেখা টেনে দিয়েছেন।

এটি এ ধারার একমাত্র রায় নয়। এ বছরের ৮ জুলাই রিট পিটিশন নং ২৩৬৪/২০২৬-এর রায়ে হাইকোর্ট আয়কর আইনের ধারা ২২৩-এর অধীনে এফডিআর ও ব্যাংক হিসাব জব্দের আদেশ বাতিল করেছেন। আদালত জানিয়েছে, আয় বা বিনিয়োগ গোপনের সুনির্দিষ্ট তথ্য হাতে না থাকলে হিসাব জব্দ করা যাবে না। আগে জব্দ করে পরে যুক্তি খোঁজা আইনসম্মত নয়, এবং পরিবারের সদস্যদের সম্মিলিতভাবে জব্দ করাও চলে না। এর আগে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রিট পিটিশন নং ২২২৬৫/২০২৫-এর রায়েও একই নীতি প্রতিষ্ঠিত হয়েছিল। সব মিলিয়ে একটি ধারা স্পষ্ট হচ্ছে : তদন্ত ও তথ্য সংগ্রহের বৈধ ক্ষমতা কর কর্তৃপক্ষের আছে, কিন্তু ব্যক্তির সম্পদ ও নিষ্পন্ন বিষয়ের ওপর হস্তক্ষেপের জন্য সুনির্দিষ্ট ভিত্তি লাগবে।

রায় বাস্তবায়নের প্রস্তাবিত কাঠামো

এ ধরনের রায় কখনও কখনও সংবাদ হয়ে থেকে যায়, এতে করদাতা বা জনগণের খুব একটা উপকার তথা নিস্তার হয় না যদিনা এই রায়ের আলোকে বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেয়। মাঠপর্যায়ে এর প্রতিফলন ঘটাতে নিম্নলিখিত ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন—

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে সারা দেশে সব অবৈধ ইটভাটা বন্ধ

১। প্রশাসনিক নির্দেশনা : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সার্কুলার বা আদেশ জারি করে সব কর অঞ্চল ও সার্কেলকে জানাবে যে ধারা ২১২ প্রয়োগের আগে সুনির্দিষ্ট তথ্য ও কারণ লিখিতভাবে নথিভুক্ত করতে হবে।

২। অনুমোদনের স্তর : পুনরায় কর নথি খোলা করার প্রতিটি প্রস্তাবে উচ্চতর কর্মকর্তার পর্যালোচনা বাধ্যতামূলক হবে, যাতে একজন কর্মকর্তার একক সিদ্ধান্তে হয়রানির সুযোগ না থাকে।

৩। নোটিশের মান : নোটিশে কোন তথ্যের ভিত্তিতে কেন কর নথি খোলা হচ্ছে তা উল্লেখ থাকতে হবে। কারণবিহীন নোটিশ অকার্যকর বলে গণ্য হবে।

৪। অভ্যন্তরীণ জবাবদিহি : আইনবহির্ভূত নোটিশ জারির জন্য দায়ী কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থার বিধান থাকলে সতর্কতা তৈরি হবে।

আরও পড়ুন: রাজধানীতে এক কোটি মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৫। অভিযোগ নিষ্পত্তির পথ : করদাতা যেন অনলাইনে অভিযোগ জানাতে পারেন এবং নির্দিষ্ট সময়ে প্রতিকার পান, এমন একটি কার্যকর কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থা থাকা উচিত।

৬। প্রশিক্ষণ ও প্রকাশ : রায়ের সারসংক্ষেপ বাংলায় কর কর্মকর্তাদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা এবং করদাতাদের জন্য সহজ ভাষায় প্রকাশ করা দরকার।

এনবিআর ও সরকারের দায়িত্ব এবং ঝুঁকি

এই রায়কে এনবিআরের পরাজয় হিসেবে দেখা ঠিক হবে না। বরং এটি এনবিআরকে নিজের কাজের মান উন্নত করার সুযোগ দিয়েছে। এই রায় মেনে চললে কর প্রশাসনের গ্রহণযোগ্যতা বাড়বে, মামলার চাপ কমবে এবং স্বেচ্ছা কর প্রদান ও অংশগ্রহণ বাড়বে। আর রায় উপেক্ষা করলে ঝুঁকিও স্পষ্ট। করদাতাকে প্রতিটি নোটিশের জন্য আবার রিট করতে হবে, যা ব্যয়বহুল।

আরও পড়ুন: আ.লীগ আমাদের কমন শত্রু, মনে রাখতে হবে: আবু হানিফ

আদালতের ওপর মামলার বোঝা বাড়বে। সবচেয়ে বড় ক্ষতি হবে বিশ্বাসের। করদাতা যদি মনে করেন আদালতের রায়ও মাঠে কাজ করে না, তাহলে কর ব্যবস্থার প্রতি শ্রদ্ধা কমবে এবং নগদ লেনদেন ও অনানুষ্ঠানিক অর্থনীতির দিকে ঝোঁক বাড়বে। এনবিআর রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে, সেটি তাদের আইনি অধিকার। আপিল বিভাগ প্রয়োজনে রায়ের নির্দেশনা স্থগিতও করতে পারেন।

তবে যতক্ষণ কোনো স্থগিতাদেশ নেই, ততক্ষণ বিদ্যমান আদেশ মেনে চলা প্রশাসনের দায়িত্ব। তবে সেখানে আদালত জনগণের সুবিচার ও হয়রানি বন্ধে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে তার কাজে গ্রহণযোগ্যতা বাড়ানোর এরকম সুযোগ করে দিয়েছে এবং আদালত

ইতিমধ্যে মামলার চাপে সুবিচার নিশ্চিত করতে পারছেনা সেখানে আবার আদালতের উপর চাপ বাড়ানো কতটা যুক্তিসংগত সে প্রশ্ন থেকে যায়।

সুশীল সমাজের ভূমিকা

আদালতের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সুশীল সমাজ একটি চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাজীবী সংস্থা, কর আইনজীবীদের সংগঠন, ভোক্তা ও করদাতাদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা এবং গণমাধ্যম সম্মিলিতভাবে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে—

১। আদালতের রায়ের সহজবোধ্য ব্যাখ্যা তৈরি করে তা করদাতাদের মাঝে ছড়িয়ে দেওয়া।

২। রায় বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়া।

৩। আদালতের রায় লঙ্ঘন করে কোনো নোটিশ জারি করা হলে তা নথিবদ্ধ করা ও জনসমক্ষে আনা।

৪। ক্ষুদ্র করদাতাদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা এবং

৫। আইনের অস্পষ্টতা দূর করার লক্ষ্যে সংসদীয় কমিটি ও নীতিনির্ধারকদের কাছে সুপারিশ পেশ করা।

এক্ষেত্রে গণমাধ্যমের তদারকি সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে। একটি রায় তখনই প্রকৃত অর্থে সফল বলে গণ্য হবে, যখন প্রত্যন্ত অঞ্চলের একজন ক্ষুদ্র ব্যবসায়ী কর অফিসে গিয়ে সেই রায়ের সুফল সরাসরি ভোগ করতে পারবেন।

হাইকোর্টের এই রায় কর ব্যবস্থায় একটি পরিষ্কার বার্তা দিয়েছে—তথ্য ছাড়া সন্দেহ যথেষ্ট নয়, আর যাচাইয়ের নামে অনির্দিষ্ট অনুসন্ধান আইন অনুমোদন করে না। করদাতার জন্য এটি স্বস্তি, কর পেশাজীবীর জন্য শক্ত আইনি ভিত্তি, আর রাষ্ট্রের জন্য নিজের কর প্রশাসনকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করার সুযোগ। আদালত তার কাজ করেছেন।

এখন এনবিআর ও সরকারের দায়িত্ব রায়ের শব্দ এবং চেতনা দুটোই মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া, আর সুশীল সমাজের দায়িত্ব সেটি নিশ্চিত করার জন্য সজাগ থাকা। কর আদায় ও করদাতার অধিকার পরস্পরবিরোধী নয়, বরং একটি ন্যায্য ও কার্যকর কর ব্যবস্থার দুই স্তম্ভ।

লেখক :

ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আর্থিক খাত বিশ্লেষক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের নির্দেশে সারা দেশে সব অবৈধ ইটভাটা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


হাইকোর্টের নির্দেশে সারা দেশে সব অবৈধ ইটভাটা বন্ধ

সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে হাইকোর্ট সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা প্রদান করেছেন। আদালত এই আদেশ বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল এবং অ্যাডভোকেট নাসরিন সুলতানা।

ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।

আইনজীবীরা জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর আদালত রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরে আদালত ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করে। একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে এই মামলায় আবেদন দাখিল করা হয় এবং আদালতের আদেশ সংশোধনের প্রার্থনা করা হয়। কিন্তু আদালত সব অবৈধ ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই নির্দেশনার পর উচ্ছেদ অভিযান শুরু হয়।

পরে ইটভাটা মালিকদের পক্ষ থেকে আদেশ সংশোধনের জন্য জিগজ্যাগ ইটভাটাকে আদেশের বাইরে রাখার প্রার্থনা করা হয়। শুনানি শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের ডিভিশন বেঞ্চ ইটভাটা মালিকদের আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের আদেশ বহাল রাখেন।

ওই আদেশের পর বিভিন্ন ইটভাটার মালিকরা একাধিক আপিল দায়ের করে আদেশের ওপর স্থগিতাদেশের প্রার্থনা করেন, কিন্তু চেম্বার জজ কর্তৃক কোনো স্থগিতাদেশ (স্টে) পাননি। পরবর্তীতে ওই আপিলগুলো আপিল বিভাগে খারিজ হয়।

বর্তমানে বিভিন্ন অবৈধ ইটভাটার মালিকরা পুনরায় তাদের কার্যক্রম শুরু করার পাঁয়তারা করছে বলে সংবাদ পাওয়া গেছে। এইচআরপিবির পক্ষ থেকে আদালতে একটি আবেদন দাখিল করে অবৈধ ইটভাটা অপসারণ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের প্রার্থনা করা হয়। আজ এই আবেদনের ওপর শুনানি হয় বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার আদালতে।

আদালত সব পক্ষের বক্তব্য শুনে এইচআরপিবির করা আবেদন মঞ্জুর করে বাংলাদেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইতোপূর্বে আদালতের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তর এবং সব বিভাগীয় কমিশনারকে পদক্ষেপ গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্না হাজারে: বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের সম্পর্ক অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


আন্না হাজারে: বিজেপি-আরএসএসের সঙ্গে আন্দোলনের সম্পর্ক অস্বীকার

ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আন্না হাজারে দাবি করেছেন যে, ২০১১ ও ২০১২ সালে তার নেতৃত্বে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে বিজেপি অথবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর কোনো সম্পর্ক ছিল না। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নতুন স্মৃতিকথায় উল্লিখিত ওই আন্দোলনের পেছনে বিজেপি ও আরএসএসের গোপন সমর্থন থাকার যে দাবি করা হয়েছে, তা তিনি নাকচ করে দিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সোনিয়া গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আন্না হাজারে বলেন, বিজেপি কিংবা আরএসএসের সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ বা যোগসূত্র ছিল না। তিনি উল্লেখ করেন যে, সমাজ ও দেশের কল্যাণ সব সময় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এই সমাজকর্মী স্পষ্ট করেন যে, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করেননি।

সোনিয়া গান্ধীর নতুন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ ২০১১ ও ২০১২ সালের দুর্নীতিবিরোধী আন্দোলন নিয়ে বিভিন্ন মন্তব্য উঠে এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোটের (ইউপিএ) সরকারকে দুর্বল করা এবং ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে ওই আন্দোলনে আড়াল থেকে সমর্থন দিয়েছিল বিজেপি ও আরএসএস।

সোনিয়ার এই মন্তব্যের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের পরাজয়ের পেছনে আন্না হাজারের আন্দোলনের ভূমিকা কতটা ছিল, তা নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে।

তবে আন্দোলনের সঙ্গে নির্বাচনে সরকারের পরাজয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন আন্না হাজারে। তার বক্তব্য, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষে আন্দোলন করেননি। দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করা এবং দেশের মানুষের স্বার্থ রক্ষা করাই ছিল তার আন্দোলনের মূল লক্ষ্য। তার উদ্দেশ্য ছিল না কোনো দলকে ক্ষমতায় আনা কিংবা ক্ষমতা থেকে সরানো।

আন্না হাজারে সোনিয়া গান্ধীর সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের বিষয়টিও উল্লেখ করেছেন। তিনি বলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে তার কখনো দেখা হয়নি। অথচ তাকে ঘিরে এ ধরনের মন্তব্য করা হচ্ছে। তিনি মন্তব্য করেন যে, কারও সম্পর্কে প্রকাশ্যে কোনো বক্তব্য দেওয়ার আগে যথেষ্ট দায়িত্বশীল হওয়া উচিত।

আন্না হাজারের মতে, অস্পষ্ট ও ভিত্তিহীন মন্তব্য একজন মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে। বিশেষ করে জনজীবনে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকা প্রয়োজন।

উল্লেখ্য, ২০১১ সালে দিল্লির রামলীলা ময়দানসহ ভারতের বিভিন্ন স্থানে আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ব্যাপক সাড়া ফেলেছিল। দুর্নীতি দমনে শক্তিশালী লোকপাল ব্যবস্থা গঠনের দাবিতে শুরু হওয়া ওই আন্দোলনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। একপর্যায়ে আন্দোলনটি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের ওপর বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি করে।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় ওই আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন করে প্রশ্ন ওঠায় ভারতের রাজনীতিতে পুরোনো বিতর্ক আবার সামনে এসেছে। তবে আন্না হাজারের দাবি, তার আন্দোলন ছিল সম্পূর্ণ দুর্নীতিবিরোধী। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের স্বার্থ কিংবা ক্ষমতার পালাবদলের সম্পর্ক ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুধাবিতে মেরাব দভালিশভিলির ওপর হামলার অভিযোগ উসমান নুরমাগোমেদভের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


আবুধাবিতে মেরাব দভালিশভিলির ওপর হামলার অভিযোগ উসমান নুরমাগোমেদভের

আবুধাবিতে রেসলিং ইভেন্টের পূর্বে সাবেক ইউএফসি বেনটামওয়েট চ্যাম্পিয়ন মেরাব দভালিশভিলি রক্তাক্ত হওয়ার অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, হোটেলের লবিতে সাক্ষাৎকার দেওয়ার সময় সাবেক পিএফএল চ্যাম্পিয়ন উসমান নুরমাগোমেদভ ও তাঁর সহযোগীরা পেছন থেকে আকস্মিকভাবে হামলা চালান। এই ঘটনায় উসমানের ভাই উমর নুরমাগোমেদভও জড়িত ছিলেন বলে তিনি অভিযোগ করেছেন। তবে উসমান বা উমরের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার আবুধাবিতে আরএএফ ইভেন্টে মারলন মোরায়েসের বিরুদ্ধে রেসলিং ম্যাচে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে দভালিশভিলির। কিন্তু ম্যাচের পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তিনি হামলার অভিযোগ করেন। তাঁর ভাষ্যমতে, তিনি এক বন্ধুর সঙ্গে হোটেলের লবিতে সাক্ষাৎকার দেওয়ার সময় উসমান ও তাঁর সহযোগীরা পেছন থেকে এসে তাঁদের ওপর হামলা চালান। নিরাপত্তাকর্মীরা তাঁকে আটকানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাঁদের মাটিতে পড়ে থাকা অবস্থায় লাথি মারতে থাকে।

ভিডিওতে দভালিশভিলি বলেন, ‘আমরা মাত্র দুজন এখানে এসেছি। আর উসমান নুরমাগোমেদভ ও তাঁর বন্ধুরা পেছন থেকে সাপের মতো এসে হামলা করেছে। তোমরা কেমন যোদ্ধা? কেমন মানুষ এমন কাজ করে? লড়াই করতে চাইলে সামনে থেকে করো। তোমরা জানতেই যে আমরা দুজন, আর তোমরা প্রস্তুতি নিয়ে এসেছিলে।’

হামলার সময় কতজন উপস্থিত ছিলেন, তা নিশ্চিত নয়, তবে দভালিশভিলি দাবি করেছেন যে প্রায় ২০ জন তাঁকে ঘিরে আক্রমণ করেন। উসমান ও উমরের পাশাপাশি তাঁদের বন্ধুদেরও তিনি অভিযুক্ত করেছেন। তবে ঘটনার স্বাধীন তদন্ত বা অন্য পক্ষের বক্তব্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়নি।

নুরমাগোমেদভ পরিবারের সঙ্গে দভালিশভিলির বিরোধ নতুন নয়। ২০২৫ সালের জানুয়ারিতে ইউএফসি ৩১১-তে উমর নুরমাগোমেদভের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। কয়েক মাসের উত্তপ্ত বাক্যবিনিময়ের পর উমরকে সর্বসম্মত সিদ্ধান্তে হারিয়ে ইউএফসি বেনটামওয়েট শিরোপা ধরে রাখেন দভালিশভিলি। সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল। ইউএফসি জর্জিয়া ইভেন্টের আগে উমরের এক সহযোগীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন দভালিশভিলি। পরে সংবাদমাধ্যমেও দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য হয়েছে।

ঘটনার পর দভালিশভিলির বন্ধু ও সাবেক ইউএফসি চ্যাম্পিয়ন ইলিয়া তোপুরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করেন, যা পরে সরিয়ে নেন। ভিডিওটির পুনঃপ্রকাশিত সংস্করণও অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপর তোপুরিয়া এক বিবৃতিতে হামলাকারীদের নিন্দা জানান এবং দাবি করেন, উসমানকে আটক করা হয়েছে। তবে আটক হওয়ার দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

দভালিশভিলি জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং শনিবার মোরায়েসের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নুরমাগোমেদভ পরিবারের সঙ্গে তাঁর বিরোধ আরও বাড়বে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ১০ হাজার টন চিনি ও ডাল কিনছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


সরকার ১০ হাজার টন চিনি ও ডাল কিনছে

সরকার ১০ হাজার টন চিনি এবং সমপরিমাণ মসুর ডাল কেনার পরিকল্পনা গ্রহণ করেছে, যা সরকারি মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে। এই উদ্যোগের জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৮০ কোটি ৭২ লাখ টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দেশের দুটি প্রতিষ্ঠান থেকে এই পণ্যগুলো সংগ্রহ করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পণ্য দুটি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টন চিনি কেনার জন্য ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। ৫০ কেজির বস্তায় সরবরাহ করা এই চিনির প্রতি কেজির দাম ভ্যাট ও করসহ ১০৩ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। উন্মুক্ত দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে চিনি সরবরাহের জন্য সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ফ্রেশ ব্র্যান্ডের চিনি সরবরাহ করবে।

অন্যদিকে, ১০ হাজার টন মসুর ডাল কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। ৫০ কেজির বস্তায় সরবরাহ করা এই ডালের প্রতি কেজির দাম ৭৬ টাকা ৭৭ পয়সা। দরপত্রে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যালয় রাজধানীর কারওয়ান বাজারের টি কে ভবনে অবস্থিত।

চিনি ও মসুর ডাল— এই দুটি পণ্য সরকারি ই-জিপি ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। প্রস্তাব দুটি বাস্তবায়িত হলে সরকার দেশীয় প্রতিষ্ঠান দুটির কাছ থেকে মোট ২০ হাজার টন পণ্য পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%