০৭:১১ পি.এম
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত হবে। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা তিনটি ভিন্ন পদ্ধতিতে ফল জানতে পারবেন।
রোববার (২২ নভেম্বর) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd) এবং আবেদনকারীদের মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে পুনর্নিরীক্ষার ফল জানতে পারবেন। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে।
আরও পড়ুন: সিকৃবি ও স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন।
ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে। বোর্ডটির বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিভিন্ন বিষয়ে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে।
ঢাকা বোর্ডে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৪২ হাজার ২টি করে আবেদন জমা পড়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন পড়েছে।
আবশ্যিক বিষয়গুলোর মধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা হয়েছে।
আরও পড়ুন: মানারাত ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের আয়োজনে ফ্যাক্ট-চেকিং কোর্সের সনদ প্রদান
বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। বিষয়টির প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৮ হাজার ৪৮২টি করে আবেদন করা হয়েছে। এছাড়া জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৫ হাজার ৭৫৭টি করে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।
মানবিক বিভাগের মধ্যে পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৫৭১টি এবং সমাজকর্ম বিষয়ে ১ হাজার ৯৯৭টি আবেদন জমা পড়েছে।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৮২৭টি করে আবেদন জমা পড়েছে। এছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি আবেদন জমা পড়েছে।
আরও পড়ুন: বাকৃবি উপাচার্য: কেবি কলেজ দেশের গর্বের প্রতিষ্ঠান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন