শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
১২:২৮ এম
টাঙ্গাইলের সখীপুরে মাটি খুঁড়ে দুটি বাক্সে ১২টি পরিত্যক্ত রকেট লঞ্চার ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশ্রব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা সেখানে লোহার তৈরি দুইটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা রকেট লঞ্চারসদৃশ বস্তুগুলো অনেক পুরোনো। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি শেল পাওয়া গেছে। এছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে 'East Pakistan Police Tangail' লেখা একটি নেমপ্লেট রয়েছে।
জমির মালিক কৃষক আশ্রব আলী জানান, তার ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় তারা মাটির নিচে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, পুরাতন জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এগুলো গ্রেনেড নয় রকেট লাঞ্চার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অভাব, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে এক ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির কথা জানান।
তিনি উল্লেখ করেন, ‘বর্তমানে এমন একটা পরিস্থিতি আমরা অতিক্রম করছি যেখানে আমাদের মন খারাপেরও অধিকার নেই। কেউ যদি মন খারাপও করে তাহলেও তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মত ঘটনা এখন প্রতিনিয়তই ঘটছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা না করে একাধিকবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের নাভিশ্বাস এবং নাগরিক জীবনে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, নিরাপত্তাহীনতা এবং যেই ধরনের আইনের শাসনের অনুপস্থিতি, প্রতিনিয়ত হত্যাকাণ্ডের ঘটনা, চাঁদাবাজি, লুটতরাজ, রাস্তাঘাটে ভয়ের সংস্কৃতি এখন আবার নতুন করে তৈরি হয়েছে- সেইসবের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আমরা একটি প্রতিবাদ সমাবেশ আমরা করছি। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।’
তিনি আরও বলেন, ‘এই লড়াই আমরা চালিয়ে যাব সুশাসনের জন্য, একটা সুস্থ সুন্দর সমাজের জন্য। সেই লড়াই আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমরা চাই। আগামীকাল ঠিক বিকাল ৩টায় শাহবাগের জাদুঘরের সামনে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৭ নভেম্বর ১৬তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা প্রজাপতির বৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। এই মেলায় প্রজাপতি এবং পোষক উদ্ভিদ বিষয়ক একটি নতুন বইও উন্মোচন করা হবে।
মেলার আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মনোয়ার হোসেন উল্লেখ করেন, এক সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতি দেখা যেত। বর্তমানে এই সংখ্যা কমে প্রায় ৭০ প্রজাতিতে নেমে এসেছে। প্রজাপতি রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ঝোপঝাড় ও লতাগুল্ম নির্বিচারে কাটা বন্ধ করা এবং কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রজাপতির টিকে থাকার জন্য শুধু বড় গাছ সংরক্ষণ করলেই হবে না, বরং প্রয়োজনীয় ঝোপঝাড়, লতাগুল্ম এবং পোষক উদ্ভিদও সংরক্ষণ করা আবশ্যক। নতুন বইটিতে প্রজাপতির সঙ্গে উদ্ভিদের সম্পর্ক, উদ্ভিদ চেনার উপায় এবং প্রজাপতির শূককীট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
অধ্যাপক মনোয়ার হোসেন জানান, প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ক উদ্যোগের স্বীকৃতি হিসেবে মেধাস্বত্ব বা কপিরাইটের জন্য আবেদন করা হয়েছে। বর্তমানে আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগে সতর্ক করার পরও দলীয় কর্মসূচিতে পুনরায় অনুপস্থিত থেকে মহিউদ্দিন ঝাড়ু সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই প্রেক্ষিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তার বহিষ্কারাদেশ কার্যকর করেছেন।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় সংগঠন নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শুরুতে আফগানিস্তানের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ। ৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দলটি বিপদে পড়েছিল। কিন্তু সেখান থেকে দলকে উদ্ধার করে বিশ্ব রেকর্ড গড়েছেন আজমতউল্লাহ ওমরজাই এবং ইজাজ আহমেদজাই। তাদের অসাধারণ ব্যাটিংয়ের ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান ৭ উইকেটে ২২১ রানের বিশাল স্কোর গড়তে সক্ষম হয়েছে।
শারজায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওমরজাই ও আহমেদজাই ১৪২ রানের একটি জুটি গঠন করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এটি ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি হিসেবে নতুন রেকর্ড। এই জুটির মাধ্যমে তারা ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও শেরফান রাদারফোর্ডের পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০২৪ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে ১৩৯ রানের জুটি গড়েছিলেন রাসেল ও রাদারফোর্ড।
আজকের ১৪২ রানের জুটিতে ওমরজাই ছিলেন সবচেয়ে আগ্রাসী। তিনি আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন, যেখানে ৫০ বলের মোকাবেলায় তার রান ছিল ১১৬। বাউন্ডারি থেকে তিনি একাই ৯২ রান সংগ্রহ করেন।
ইজাজ আহমেদজাই ২৭ বলে ৫২ রান করেন। ম্যাচের শেষ দিকে অধিনায়ক রশিদ খানও ব্যাট হাতে ঝড় তুলেন, ৬ বল মোকাবেলায় অপরাজিত ২৫ রান করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তান ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ১১ ওভার শেষে জিম্বাবুয়ে ৫ উইকেটে ৮৮ রান করেছে। তাদের জিততে প্রয়োজন ৫৪ বলে ১৩৪ রান।
টাডিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ খান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ