০২:২৭ পি.এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানগুলোর মাধ্যমে ৯০ পিস ই-সিগারেট/ভেপসহ মোট প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
এই অভিযানগুলো ৬ ও ৭ নভেম্বর তারিখে পরিচালিত হয়, যেখানে ই-সিগারেট/ভেপ ছাড়াও ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই তথ্য প্রকাশ করেছে।
আরও পড়ুন: বিরোধী দলের আসনের বরাদ্দপত্র আগামীকাল পৌঁছাবে: প্রতিমন্ত্রী শাহে আলম
গোপন সংবাদের ভিত্তিতে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ৬ নভেম্বর বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করার পর ৯০ পিস ই-সিগারেট/ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে ১৩ আগস্ট ২০২৬ তারিখে ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবার তা জব্দ করা হয়।
অপরদিকে, ৭ নভেম্বর কাতার থেকে ঢাকায় আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করা হয়।
যাত্রীর ব্যাগেজে ই-সিগারেট/ভেপ বহনের এই ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে।
আরও পড়ুন: জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই: রাশেদ খান
রাজস্ব সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিষিদ্ধ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন