ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

জেলা পরিষদে প্রশাসক নিয়োগে গতিশীলতা এসেছে: স্থানীয় সরকার মন্ত্রী সংসদে


জেলা পরিষদে প্রশাসক নিয়োগে গতিশীলতা এসেছে: স্থানীয় সরকার মন্ত্রী সংসদে

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ফলে গতিশীলতা সৃষ্টি হয়েছে এবং আইনি জটিলতা দূর হওয়ার মাধ্যমে পরিষদের সম্পদের অপচয় ও আর্থিক বিশৃঙ্খলা রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মন্ত্রী এ কথা জানান সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর (চাঁপাইনবাবগঞ্জ-৩) সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই পর্ব অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী শাহে আলম সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বিভিন্ন জেলা পরিষদের জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জেলা পরিষদগুলোর অধিকাংশ সেবামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং জনসেবা বিঘ্নিত হয়। এ ছাড়া ওই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের মতো আর্থিক বিষয়গুলো নিষ্পত্তি করা দুরূহ হয়ে পড়েছিল এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো মাঝপথে আটকে গিয়েছিল। এই পরিস্থিতি মোকাবিলায় আইন অনুযায়ী জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়। এর ফলে পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, ফাইল প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা কেটে নতুন গতিশীলতা এসেছে। একই সঙ্গে বাজেট প্রণয়ন, বরাদ্দ বণ্টন এবং বেতন-ভাতা প্রদানের মতো আর্থিক বিষয়গুলোর আইনি জটিলতা দূর হয়েছে।

আরও পড়ুন: গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল

সংসদে এক সম্পূরক প্রশ্নে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদ (ইউপি) উন্নয়ন খাতে সরকারদলীয় এমপিদের আসনের অনুকূলে প্রতিটি ইউপিতে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধীদলীয় সংসদ সদস্যদের কোনো ইউপিতেই সেই বরাদ্দ দেওয়া হয়নি। তিনি জানতে চান, সরকারের কাছে এমন কোনো প্রতিবেদন আছে কি না—যেখানে বলা হয়েছে বিরোধী দলের এমপিদের এলাকায় কোনো উন্নয়নের দরকার নেই।

জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমার জানামতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোনো ইউপি নেই, তিনি মহানগর থেকে নির্বাচিত।’ এ সময় আব্দুল্লাহ আল আমিন হাত তুলে তাঁর এলাকায় ইউপি থাকার কথা জানান। তখন প্রতিমন্ত্রী বলেন, ‘দুই-একটি বোধ হয় থাকতে পারে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সমভাবে সব নির্বাচনী এলাকায় উন্নয়ন হবে। আপনাদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো উন্নয়ন ও ইউপির উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের (মঙ্গলবার) মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেব।’ এ সময় বিরোধী দলের এমপিরা কিছু বলতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগামীকাল বলছি, হতাশ হবেন না।’

নওগাঁ-৩ আসনের ফজলে হুদার প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সময়কালে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হয়েছে কি না, তা অনুসন্ধানের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি দৈবচয়নের মাধ্যমে ৬৬টি কার্যক্রম পর্যালোচনা করে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকা সরকারি অর্থ ব্যয়ে মারাত্মক অনিয়ম সংঘটিত হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনটি অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

আরও পড়ুন: গান বন্ধ মন্তব্যে বিতর্ক, অবস্থান পরিষ্কার করলেন হুইপ জি কে গউছ

আর্সেনিকমুক্ত পানি ও অন্যান্য তথ্য

সিলেট-৬ আসনের এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে ৩ হাজার ৫৪৪ কোটি ৭১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রকল্পের আওতায় দেশের সব উপজেলা সম্পৃক্ত রয়েছে।

সংরক্ষিত আসনের মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে গত তিন বছরে ২ লাখ ৫০ হাজার ৮০৯টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ১৯৪টি পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

সংরক্ষিত আসনের মাদরিয়া মমতাজের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গুলশান লেকসংলগ্ন বনানী, গুলশান ও বারিধারা এলাকার ৪ হাজার ৪০৯টি ভবন পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের সময় যাদের সেপটিক ট্যাংক নেই, অকার্যকর বা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ড্রেন লাইনের সঙ্গে সংযোগ রয়েছে, তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ যুবক সাইফুল আটক, মোটরসাইকেল জব্দ

কুমিল্লা-১০ আসনের মো. মোবাশ্বের ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা ওয়াসার একটি জোটের আটটি এটিএম বুথের নমুনা সংগ্রহ করে ইউরোপের একটি দেশে পরীক্ষা করার পর একটিতে সহনীয় মাত্রার চেয়ে অধিক পিইএএস (PEAS)-এর জীবাণু পাওয়া গেছে বলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তথ্য প্রকাশ করেছেন। তবে নমুনা সংগ্রহের বিষয়ে ঢাকা ওয়াসা আগে থেকে অবগত ছিল না। বর্তমানে ঢাকা ওয়াসার প্রায় ৩০০টি এটিএম বুথ রয়েছে। গবেষণাটি এখনো কোথাও প্রকাশিত হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ওয়াসা সংশ্লিষ্ট গবেষক দলের সঙ্গে যোগাযোগ করেছে এবং উভয় পক্ষের সমন্বয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের আলোকে সুইডেনের ল্যাবে পানির নমুনা পাঠিয়ে পুনরায় পরীক্ষা করা হবে।

বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি এক কোটি টাকা

সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বনানী কবরস্থানের দুই-তৃতীয়াংশ সাধারণ এলাকা। এই এলাকায় কবর দিতে ৫০০ টাকা খরচ হয় এবং সেই কবর দুই বছর স্থায়ী থাকে। অন্যদিকে সংরক্ষিত এলাকায় ১৫ ও ২৫ বছর—দুই মেয়াদে কবর দেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে ১৫ বছর মেয়াদি কবরের জন্য ১ কোটি এবং ২৫ বছর মেয়াদি কবরের জন্য দেড় কোটি টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা শহরের ধনী-দরিদ্র সবার কবর নিশ্চিত করা এবং কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতেই এই ফি নির্ধারণ করা হয়েছে, যাতে কবরস্থানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে না যায়।

১৫ বছরে ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিল

আরও পড়ুন: আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান : ডেপুটি স্পিকার

কিশোরগঞ্জ-২ আসনের মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, নিবন্ধনকালীন শর্ত ও ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করা এবং ভুয়া বা নকল লেটার অব ইনটেন্ট (এলওআই) দাখিলের কারণে এসব এনজিওর নিবন্ধন বাতিল করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের মামলা: অসীম কুমার উকিল ও স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


দুদকের মামলা: অসীম কুমার উকিল ও স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে পৃথকভাবে দু’টি মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে, তারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের সঙ্গে জড়িত।

আজ দুদক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এই তথ্য প্রকাশ করেন।

দুদকের এজাহার অনুযায়ী, অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে।

অপরদিকে, অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি স্বামীর সঙ্গে যোগসাজশে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের মুখোমুখি হয়েছেন।

গত ১৯ অক্টোবর, দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের পর কমিশনের সহকারী পরিচালক মো. রাসেল রনি মামলা দু’টির এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অসীম কুমার উকিল তার সম্পদ বিবরণীতে ৭ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৩৩৩ টাকা ৬৭ পয়সার সম্পদের তথ্য দেন। কিন্তু যাচাইয়ের সময় তার নামে ৭ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকা ৬৭ পয়সার সম্পদ পাওয়া যায়। তার গ্রহণযোগ্য আয় থেকে ব্যয় বাদ দিলে বৈধ উৎসের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ৪৪৮ টাকা। ফলে, তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকা।

অন্যদিকে, অপু উকিলের গ্রহণযোগ্য আয় ৪ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৯৪৬ টাকা এবং ব্যয় ৫ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৮৩১ টাকা। দুদকের হিসাব অনুযায়ী, তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকা।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অপু উকিল ২০১৬-১৭ থেকে ২০২০-২১ করবর্ষে চার দফায় স্বামী অসীম কুমার উকিলকে মোট ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। দুদকের অভিযোগ, তিনি এসব অর্থ স্বামীর কাছে স্থানান্তর করেন, অথচ তার আয়ের গ্রহণযোগ্য উৎস নেই। অসীম কুমার উকিলও তার আয়কর নথিতে স্ত্রীর কাছ থেকে ওই অর্থ পাওয়ার তথ্য উল্লেখ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের ঘোষণা শিল্পমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের ঘোষণা শিল্পমন্ত্রীর

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ৩০৮.৩৩ একর জায়গায় আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের জন্য ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয় হবে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ রাজধানীতে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার মর্মান্তিক অগ্নিকান্ডের পর কেমিক্যাল গোডাউন ও কারখানাসমূহ মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে শিল্পমন্ত্রী এ তথ্য জানান।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্থানান্তর কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো জটিলতা সৃষ্টি না হয়।

মন্ত্রী আরও বলেন, এ উদ্যোগের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগটির ওপর মালিকানা প্রতিষ্ঠা করাই এ অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

মন্ত্রী বলেন, কারখানা চালুর প্রথম দিন থেকেই যাতে বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত থাকে, সে বিষয়ে একটি বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধান নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, পুরান ঢাকা থেকে চামড়া শিল্প স্থানান্তরের ক্ষেত্রে সাভারের পূর্ববর্তী তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কাম্য নয়। তাই শুরু থেকেই সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্পৃক্ত করে বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সহযোগিতায় এবারের স্থানান্তর প্রক্রিয়া হবে নির্বিঘ্ন, ধারাবাহিক ও সফল এবং পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউনসমূহ স্থানান্তর এ শিল্পের অগ্রযাত্রা নতুন স্থানে আরও গতিশীল করবে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিএকোটা এ কামারকান্দা মৌজায় ইছামতি নদীর তীরে এই আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে। এই পার্কে ১ হাজার ৫৩১ টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হবে। ইতোমধ্যে প্রকল্পের ৮৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। জুন ২০২৭ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

সভায় সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান, মো. আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান বেনজীর আহমেদ, বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মাচের্ন্ট এসোসিয়েশন, বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ পেইন্টস, ডাইজ এন্ড কেমিক্যালস মার্চেন্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা বক্তৃতা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে সার পাচারের অভিযোগে ৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


মিরসরাইয়ে সার পাচারের অভিযোগে ৩ জন গ্রেফতার

চট্টগ্রাম, ৯ নভেম্বর, ২০২৬ : মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে পুলিশ চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে।

আজ এই তথ্য নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি জানান, রোববার রাতে উপজেলার ওচমানপুর ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ওচমানপুর ইউনিয়নের মহসিন সম্রাট (৫৭), তার ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং একই এলাকার ফারাবি হোসেন (২৬)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা ৩১০ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছিল। পরে তাদের দেওয়া তথ্য এবং মুঠোফোনের কললিস্ট বিশ্লেষণ করে সার পাচারের সঙ্গে সংশ্লিষ্ট এই তিনজনকে গ্রেফতার করা হয়।

ওসি আব্দুল হালিম বলেন, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন আটক ব্যক্তিদের মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে ট্রাকভর্তি সার মুহুরি প্রকল্পের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাঠানোর পরিকল্পনা করেছিলেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে তিন দিনব্যাপী জলবায়ু প্রশিক্ষণ কর্মশালা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


ঢাবিতে তিন দিনব্যাপী জলবায়ু প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে জলবায়ু বিষয়ক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ সোমবার ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সেমিনার কক্ষে ‘অ্যাসেসমেন্ট ইন এনহ্যান্সমেন্ট অব কোস্টাল এমব্যাংকমেন্টস হেলথ ইন রেসপন্স টু স্টর্ম সার্জেস কনসিডারিং ক্লাইমেট চেঞ্জ ইন কয়রা অ্যান্ড শ্যামনগর উপজেলা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই কর্মশালা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) সাব প্রজেক্টের আওতায় আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম উল্লেখ করেন, গবেষণার মূল লক্ষ্য দেশের কল্যাণ সাধন হওয়া উচিত। তিনি বলেন, "গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।" তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবেন।

অধ্যাপক ড. আবদুস সালাম উন্নতমানের গবেষণার জন্য শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাব প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক দেওয়ান মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন সহযোগী অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসাইন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%