১১:৩৯ পি.এম
গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ করে ফার্মগেটে মেট্রোস্টেশনের নিচে ঘটে যাওয়া ঘটনার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এবি পার্টি মনে করে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। দলের নেতৃদ্বয় মন্তব্য করেন, পতিত ও পরাজিত শক্তি বিভিন্ন অপকৌশলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, যা জনমনে আতঙ্ক ছড়ায় এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তারা বলেন, এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটন করা প্রয়োজন।
নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশে মানুষ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন, দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র জনতার রক্ত দিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে। যদি কেউ সেই পরিবর্তনের পথে বাধা দিতে আগুন, বোমা ও আতঙ্কের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাহলে জনগণের সঙ্গে তারা সেটি প্রতিহত করবেন। ফ্যাসিবাদী পরাজয়ের প্রতিশোধ নিরীহ মানুষের জীবন, সম্পদ ও জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না।
আরও পড়ুন: ইসরাইলে স্পিকার পরিবর্তন নিয়ে বিরোধী জোটের চেষ্টা ব্যর্থ
এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, সাধারণ যাত্রী, শ্রমজীবী মানুষ ও পরিবহন খাতকে আতঙ্কিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িত পতিত পরাজিত শক্তির ব্যক্তি, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পতিত ফ্যাসিবাদী শক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্যও আহ্বান জানানো হয়েছে।
নেতৃদ্বয় আরও বলেন, নাশকতা দমনের নামে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানি বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা কোনো অপশক্তির নাশকতা কিংবা ষড়যন্ত্রের কাছে পরাজিত হতে পারে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন