০৫:১৫ পি.এম
মিরপুরে ব্যবসায়ী শামীম খানকে বিনা অপরাধে ‘গুম’ করার ঘটনা জানিয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘চব্বিশের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে এ ধরনের গুমের ঘটনা আমরা কখনো কল্পনা করিনি। তাহলে আমরা কি সেই ফ্যাসিবাদের যুগে আছি, নাকি গণতন্ত্রের যুগে? রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তুলে নিয়ে গিয়ে প্রথমে তা অস্বীকার এবং পরে গ্রেপ্তার দেখানো হচ্ছে। গণতান্ত্রিক যুগে যদি ফ্যাসিবাদের মতো এমন ঘটনা ঘটে, তবে বিপ্লবের অর্থ কী?’
সোমবার দুপুরে রাজধানীর রূপনগরে স্থানীয় জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ২৪ আগস্ট মিরপুর-১ নম্বর এলাকা থেকে মো. শামীম খান নামের এক ব্যবসায়ী ও সাবেক যুবদল নেতাকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া এবং পরে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুন: হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
এমপি আরমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখন আর কোনো গুমের ঘটনা ঘটেনি। অথচ আমার নির্বাচনী এলাকা ঢাকা-১৪ আসনে দ্বিতীয়বারের মতো গুমের ঘটনা ঘটেছে। এর আগে প্রথম গুমের ঘটনা ঘটে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে।’
তিনি আরও বলেন, ‘যেই ১৪ আসনের সংসদ সদস্য গুমের ভিকটিম ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্যও গুমের ভিকটিম, সেই আসনে ব্যবসায়িক বিরোধ নিয়ে একজনকে গুম করে রেখে পা কাটা ও ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করা হচ্ছে, এনএসআই থেকে ফোন করে ১০ লাখ টাকা ঘুষ না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে? তাহলে আবু সাঈদ ও মুগ্ধের রক্তের কি কোনো মূল্য নেই?’
আরমান অভিযোগ করেন, এই গুমের ঘটনায় মিরপুরের ‘গডফাদার’ পাভেলের নাম এসেছে। রাড্ডা হামলার প্রধান সমন্বয়ক হওয়া সত্ত্বেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এমনকি গত ৭ নভেম্বরের মতো গৌরবময় দিনের মিছিলে তাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে।
তিনি অবিলম্বে এই গুমের ঘটনায় অভিযুক্ত মিরপুর পুলিশের ডিসি, এডিসি এবং তদন্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান। একই সঙ্গে এই ঘটনায় নাম উঠে আসা সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্যের বিষয়েও জনগণের কাছে বিচার দিয়ে রাখলাম, তাদের বিষয়ে কী করা উচিত তা জনগণই সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করা হবে
ব্যবসায়ী শামীমের বক্তব্য তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, শামীম মাত্র ৪৮ ঘণ্টা গুম ছিলেন—বিষয়টিকে সেভাবে না দেখে গুমের সংস্কৃতি আবার ফিরে আসছে কি না, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। এই ঘটনার যদি যথাযথ বিচার না হয়, তবে এ ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
যা বলেছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী শামীম খান
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. শামীম খান জানান, মিরপুর-১ নম্বরের ইউসিবি ব্যাংক এলাকা থেকে গত ২৬ আগস্ট রাত সোয়া আটটার দিকে সাদা পোশাকধারী একদল লোক তাকে সন্ত্রাসী কায়দায় অপহরণ করে। প্রশাসনের লোক পরিচয় দিলেও তাদের কাছে কোনো প্রাতিষ্ঠানিক আলামত ছিল না। চোখ বেঁধে একটি মোটরসাইকেলে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে তিনি জানতে পারেন সেটি মিন্টো রোডের ডিবি অফিসের এডিসি ফজলে খোদা পলাশের রুম।
তিনি আরও বলেন, ‘আমাকে তুলে আনার কারণ জানতে চাইলে এডিসি পলাশ জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ডিসি রাকিব তাকে এই নির্দেশ দিয়েছেন। কোনো অপরাধের কথা না বললেও তিনি জানান, তোর সামনে বড় বিপদ। এ সময় আমার মোবাইলে বারবার কল আসলেও তারা রিসিভ করতে দেয়নি, একপর্যায়ে মোবাইল কেড়ে নেওয়া হয়। আমাকে সেই রাতে ওই রুমেই রেখে দুজন পাহারা দেয়। পরদিন একজন অফিসার আসলে আমি বলি, হয়তো কোনো ভুলে আমাকে আনা হয়েছে। এ সময় তারা জানায়, এনএসআই দিয়ে রেকি করে আমাকে ধরা হয়েছে।’
আরও পড়ুন: হঠাৎ বুকে ব্যথা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী
শামীম বলেন, এভাবে সেখানে দুই দিন রাখার পর এডিসি পলাশ জানতে চান—তুলি, মিষ্টি ও পাভেলের সঙ্গে তার কী সম্পর্ক এবং কেন তাদের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে না।
একপর্যায়ে তিন দিনের মাথায় আশুলিয়ার একটি ডাকাতির অস্ত্র মামলায় তার নাম জড়ানো হয়। ওই দিন সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভালো পায়ে ‘ভুয়া ব্যান্ডেজ’ করে আঘাতের নাটক সাজানো হয়। পরে আদালতে তুলে ১১ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তা নামঞ্জুর করে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তবে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই পুলিশ আদালতে রিপোর্ট দেয় যে, জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য পাওয়া গেছে। এভাবে মিথ্যা মামলায় প্রায় এক মাস কারাবাসের পর গত ২৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। তবে পুলিশের পক্ষ থেকে ক্রমাগত ভয়ভীতি প্রদর্শনের কারণে তিনি সারাক্ষণ বাসায় অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন। বিষয়টি দেশ-বিদেশের মানবাধিকার সংস্থাকে জানাতেই তিনি এই সংবাদ সম্মেলনে এসেছেন বলে জানান। অবশ্য গুম ও ডিবি কার্যালয়ে থাকাকালে তাকে শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
শামীম খান জানান, তিনি যুবদলের সাবেক সভাপতি মীর সরফত আলী সপুর কমিটির সদস্য ছিলেন, তবে দীর্ঘদিন ধরে দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নন। তার ‘মাস্কান রিয়েল এস্টেট’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি জমিতে মাটি ভরাটের ব্যবসা করছেন। এসব ব্যবসা বন্ধ করতেই হয়তো তাকে গুম ও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শামীম খানের স্ত্রী আরবী সুলতানাও বক্তব্য দেন।
আরও পড়ুন: ঢাকায় আকস্মিক সফরে পিটার ডি হাস, এলএনজি চুক্তি নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন