ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: আইনমন্ত্রী


বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য তাদের জন্য একটি বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করা আবশ্যক।

আজ রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্যিক আদালত আইন সংস্কার বিষয়ক অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী উল্লেখ করেন, আমাদের মূল লক্ষ্য বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য তাদের বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য ২০ থেকে ২৫টি অনুমতি প্রয়োজন হতো। সেই অনুমতি নিতে কমপক্ষে ৬ মাস বিভিন্ন টেবিলে যেতে হতো। তবে, আমরা ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট-২০২৬ এর মাধ্যমে বিনিয়োগের প্রক্রিয়াকে এক ছাতার নিচে এনে সহজতর করার উদ্যোগ নিয়েছি।

আরও পড়ুন: সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন

আইনমন্ত্রী আরও বলেন, আইনকে যুগোপযোগী করার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, "কমার্শিয়াল কোর্ট যখন প্রতিষ্ঠা করা হবে, তখন বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার বিষয়টি অবশ্যই মাথায় রাখা হবে।"

আজকের পরামর্শ সভার প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন। পরামর্শ সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপ মাইকেল ক্রেজার ও বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমতী নদী পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


গোমতী নদী পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম

কুমিল্লা, ১৪ নভেম্বর, ২০২৬ : গোমতী নদীতে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের সম্ভাবনা এবং নৌপথ সচল করার কার্যকারিতা নির্ধারণের লক্ষ্যে নদী পথ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।

আজ তিনি জেলার দাউদকান্দি থেকে গোমতী নদীর শেষ প্রান্ত শুরু করে আদর্শ সদর উপজেলা বিবিরবাজার পর্যন্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, বিআইডব্লিউটিএর সদস্য মো. সাজেদুর রহমান, পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মো. সাইফুল ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা) মো. মহিউদ্দিন চৌধুরী।

পরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।

তিনি জানান, গোমতী নদীর ওপর অন্তত ৩০টি সেতু রয়েছে, এবং সেগুলোর উচ্চতা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। "আমরা সেগুলোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ অন্যান্য দপ্তরের সঙ্গে কথা বলব।" বলেন তিনি।

পরে কুমিল্লা সার্কিট হাউজে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও প্রতিনিধিদল।

২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌপ্রটোকল চুক্তির (পিআইডব্লিউটিটি) দ্বিতীয় সংযোজনীতে এই রুটটি অন্তর্ভুক্ত করা হয়। তবে নদীর নব্যতা সংকটসহ বিভিন্ন কারণে এই প্রকল্পটি এখনো বাস্তবায়িত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অমিতাভ বচ্চনের ‘জলসা’ বাড়ি নিয়ে পারিবারিক সম্পত্তির বিরোধ, বিচারাধীন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


অমিতাভ বচ্চনের ‘জলসা’ বাড়ি নিয়ে পারিবারিক সম্পত্তির বিরোধ, বিচারাধীন

বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ‘জলসা’ বাড়ি নিয়ে নতুন একটি পারিবারিক সম্পত্তির বিরোধ উদ্ভূত হয়েছে। বাড়িটির মালিকানা সংক্রান্ত ১৯৯৩ সালে করা একটি দানপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন। তিনি অভিযোগ করেছেন যে, অজ্ঞাতসারে এবং সম্মতি ছাড়াই ওই দলিলের মাধ্যমে বাড়িটির মালিকানা অভিনেত্রী জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে বিষয়টি মুম্বাইয়ের আন্ধেরির সমবায় সমিতিবিষয়ক ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে বিচারাধীন রয়েছে। গত সাত মাসে রামোলার একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে শুনানির কার্যক্রম শুরু হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিরোধের মূল কারণ বাড়িটির মালিকানা-সংক্রান্ত নথিতে অসংগতি। জানা গেছে, কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম উল্লেখ রয়েছে। কিন্তু মহারাষ্ট্র সরকারের সম্পত্তি কার্ডে এখনো রামোলা বচ্চনের নাম রয়েছে। সরকারি নথি থেকে রামোলার নাম বাদ দিয়ে জয়ার নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

রামোলার দাবি, প্রথমে ‘জলসা’র নিবন্ধন তার নামেই করা হয়েছিল। পরে ১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে বাড়িটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়। তবে তিনি ওই দলিল তৈরির প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন।

অভিযোগে বলা হয়েছে, দানপত্রটি সাধারণ কাগজে তৈরি করা হয়েছিল এবং প্রয়োজনীয় স্ট্যাম্প শুল্কও পরিশোধ করা হয়নি। এছাড়া, দলিলে কোনো সাক্ষীর স্বাক্ষর ছিল না বলেও দাবি করেছেন রামোলা। পরবর্তীতে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় দলিলটির নিবন্ধন ও বৈধতা নিশ্চিত করার প্রক্রিয়াতেও আপত্তি জানিয়েছেন তিনি।

ডেপুটি রেজিস্ট্রার ফয়াজ মুলানি অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছে।" তবে বাড়িটির প্রকৃত মালিকানা কিংবা বিতর্কিত দানপত্রের বৈধতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।

অন্যদিকে, অমিতাভ বচ্চনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। জয়া বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিষেক বচ্চনের একজন মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিরোধ হিসেবে উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ‘জলসা’ মুম্বাইয়ের একটি পরিচিত তারকাবাড়ি। দীর্ঘদিন ধরে বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে অমিতাভের ভক্তদের প্রতি ভালোবাসার একটি বিশেষ রীতি। প্রতি রোববার বাড়ির বাইরে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এই অভিনেতা। বছরের পর বছর ধরে চলে আসা এই রীতির কারণে ‘জলসা’ শুধুমাত্র একটি তারকাবাড়ি নয়, বরং অমিতাভের অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণের স্থান হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসইতে লেনদেন ২৬ শতাংশ বেড়ে ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


ডিএসইতে লেনদেন ২৬ শতাংশ বেড়ে ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বৃদ্ধি

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় গড় লেনদেন ২৬ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হওয়া সপ্তাহে প্রতিদিন গড়ে ৬৬৫ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ৫২৬ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা। ফলে গড় লেনদেনের বৃদ্ধি ২৬ দশমিক ৩৮ শতাংশ হয়েছে।

সপ্তাহজুড়ে মোট লেনদেনের পরিমাণ ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকায় পৌঁছেছে। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ২ হাজার ৬৩৩ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। পাঁচ কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ প্রায় ২৬ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে সূচকটি ছিল ৫ হাজার ৪১৩ দশমিক ০৪ পয়েন্টে।

এদিকে, ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ২ হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৯ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭ দশমিক ৩০ পয়েন্টে পৌঁছেছে। তবে ডিএসইর এসএমই সূচক (ডিএসএমইএক্স) ২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ কমে ৯৪২ দশমিক ২০ পয়েন্টে নেমেছে।

বাজার মূলধনের পরিমাণ ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। ফলে বাজার মূলধন শূন্য দশমিক ৫৪ শতাংশ কমেছে।

গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ১৭ কোটি ৯৪ লাখ ৯০ হাজার। ফলে গড় লেনদেনের পরিমাণ ১৯ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে।

ডিএসইর বাজার পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে মোট ১ লাখ ৭ হাজার ৩৭ লাখ ৭০ হাজার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৮৯ কোটি ৭৪ লাখ ৫০ হাজার।

সপ্তাহের বাজার পরিস্থিতিতে দেখা যায়, গত সপ্তাহে ২০৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৩৫টির কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত ছিল। এছাড়া ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি। এ সপ্তাহে অগ্রসর ও দরপতন হওয়া শেয়ারের অনুপাত (এডিআর) ১ দশমিক ৫৩ ছিল।

গত সপ্তাহে মোট লেনদেনের মধ্যে ব্লক মার্কেটে ১৬৭ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা, এসএমই বাজারে ১২ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) ১ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা এবং সরকারি সিকিউরিটিজে ৫১ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উদযাপন

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আজ শনিবার নানা আয়োজনের মাধ্যমে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটির উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বৈজ্ঞানিক সেমিনার, বর্ণাঢ্য র‌্যালি, লিফলেট বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বিভিন্ন পুনর্বাসনসেবা প্রদান করা হয়।

এছাড়া, দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে কর্মক্ষম করে গড়ে তোলা এবং নিউরো রিহ্যাবিলিটেশন, রোবটিক রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাবস্পেশালিটির উন্নয়নের অঙ্গীকার করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর)-এর নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে, সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এছাড়া, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল কেনান, বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, বিএমইউ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএমইউ ড্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে অধ্যাপক ডা. এম এম জামান এবং সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য দেন ডা. মো. কামরুজ্জামান।

বিএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে মির্জা আব্বাস বলেন, "ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন সেবাকে যেমন প্রসারিত করতে হবে, তেমনি প্রচারও করতে হবে।" তিনি আরও বলেন, "সংবাদপত্র, টেলিভিশনসহ গণমাধ্যমে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন সেবাকে বেশি বেশি করে প্রচার করতে হবে। যাতে করে সাধারণ মানুষ ও রোগীরা এই সেবা সম্পর্কে জেনে উপকৃত হন।"

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, "দেশে চিকিৎসাসেবা অনেক ভালো। এ দেশে চিকিৎসক ও চিকিৎসাসেবা নিয়ে আমি গর্বিত ও আনন্দিত। রোগীরা বাংলাদেশেই চিকিৎসাসেবা নিতে পারেন। এ জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে চিকিৎসকেরা যেন রাজনীতির শিকার না হন। চিকিৎসকদের অভিজ্ঞতা যেন কাজে লাগানোর সুযোগ থেকে বঞ্চিত না হন। এটা যেনো কোনো সরকারের আমলেই না হয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।"

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, "অপারেশন পরবর্তী ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবা রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে।" তিনি উল্লেখ করেন যে, "বেশ কয়েকটি অপারেশন করার পরেও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবার মাধ্যমে তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, এমনকি অতীতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে তিনি দেশের জন্য গৌরবোজ্জ্বল অবদান রাখতে সক্ষম হয়েছেন।"

দিবসের শুরুতে বিএমইউ ক্যাম্পাসের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটির উদ্বোধন করেন বিএমইউর প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সি ব্লকে গিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%