ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

নেত্রকোণায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’


নেত্রকোণায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’

নেত্রকোণা, ১৪ নভেম্বর, ২০২৬ : শিক্ষার্থীদের এবং শিক্ষকদের ইংরেজি ভাষায় দক্ষতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে পারদর্শিতা অর্জনের উদ্দেশ্যে আজ জেলার মধ্যে দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এ কর্মশালাটি। এতে জেলার ১০টি উপজেলার ৭০ জন শিক্ষার্থী এবং ২৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, রাজস্ব) মুন মুন জাহান লিজা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস।

আরও পড়ুন: প্রাণ গ্রুপ ৫০ জনকে নিয়োগ দেবে, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

সভাপতির বক্তব্যে মুন মুন জাহান লিজা উল্লেখ করেন, বর্তমান বিশ্বায়ন ও তথ্য-প্রযুক্তির প্রতিযোগিতামূলক যুগে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। উচ্চশিক্ষা, গবেষণা এবং আধুনিক কর্মক্ষেত্রে সফলতা পেতে হলে শিক্ষার্থীদের ইংরেজি বলা, লেখা ও বোঝার ক্ষেত্রে সমানভাবে পারদর্শী হতে হবে।

তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি ভীতি এবং জড়তা দূর করার জন্য জেলা প্রশাসন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আনন্দদায়ক এবং আধুনিক পদ্ধতিতে ইংরেজি শেখানোর ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এখান থেকে অর্জিত জ্ঞান শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানে ছড়িয়ে দেবেন।

কর্মশালায় প্রশিক্ষক ও আলোচক হিসেবে বি.আর.ই.সি.-এর সাবেক সদস্য এবং বিটিভি’র ইংরেজি সংবাদ পাঠক সালাহ উদ্দীন এবং নেত্রকোণা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শোভন চন্দ্র সরকার দুই শিফটে প্রশিক্ষণ প্রদান করেন। তারা অংশগ্রহণকারীদের ইংরেজি বলার জড়তা কাটানো, সঠিক উচ্চারণ ভঙ্গি এবং কার্যকর ও আধুনিক উপায়ে ভাষা শেখার বিভিন্ন কৌশল হাতে-কলমে শিখিয়ে দেন।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বিরুদ্ধে ১৮ বছরের পুরোনো হারের প্রতিশোধ নিতে প্রস্তুত ভুটান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


ভারতের বিরুদ্ধে ১৮ বছরের পুরোনো হারের প্রতিশোধ নিতে প্রস্তুত ভুটান

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ভুটান ১৮ বছরের পুরোনো হারের প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ্য, এই টুর্নামেন্টের ফাইনালে খেলার প্রথম অভিজ্ঞতা অর্জন করা। তবে, বড় ম্যাচের পূর্বে অনুশীলন করেনি ড্রাগনরা। অন্যদিকে, ভারত শিরোপা ধরে রাখার উদ্দেশ্যে মাঠে নামছে। পরিসংখ্যান তাদের পক্ষে থাকলেও ভুটান ম্যাচ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন দলের কোচ নওশাদ মুসা। ম্যাচটি শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে।

ভারত আবারও সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের দোরগোড়ায়। তারা আগের ১৩ বার ফাইনাল খেলেছে এবং ৯টি শিরোপা জিতেছে। ব্লু টাইগার্সরা সর্বশেষ চ্যাম্পিয়ন, এবং এবার শিরোপা ধরে রাখার মিশনে পাকিস্তান ও মালদ্বীপকে পরাজিত করে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে নওশাদ মুসার দল।

ভারত দলের আক্রমণভাগের প্রধান দায়িত্ব পালন করছেন সুহাইল আহমেদ ভাট। তিনি দুই ম্যাচে তিন গোল করে ইতোমধ্যে নজর কেড়েছেন। ভুটানের বিপক্ষে গোলের জন্য তার দিকে লক্ষ্য থাকবে।

তবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রক্ষণভাগ নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। পাকিস্তান এবং মালদ্বীপের বিরুদ্ধে তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। বাংলাদেশ দলের হামজা ও ফারহানদের বিরুদ্ধে বড় পরীক্ষা দিতে হবে। তবে, নওশাদ মুসা এ বিষয়ে চিন্তা করতে চান না। তিনি ভুটানকে নিয়ে সতর্ক থাকতে চান।

মুসা বলেন, "হামজা কিংবা বাংলাদেশকে নিয়ে এখন কেন কথা বলব! আমরা এখন ভুটান ম্যাচ নিয়ে সতর্ক। তারা ট্যাক্টিক্যালি বেশ ভালো দল।"

১৮ বছর পর আবারও সেমিফাইনালে উঠেছে ভুটান। পূর্বে ভারতের কাছে তাদের ফাইনালের স্বপ্ন ভেঙেছিল। চলতি আসরের শুরুটা তাদের জন্য সুখকর হয়নি। বাংলাদেশকে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা। তবে গোল ব্যবধানের কারণে তারা শেষ চার নিশ্চিত করেছে। দ্বিতীয়বারের মতো ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা দলটি পরিসংখ্যানের দিকে না তাকিয়ে অনুপ্রেরণা খুঁজছে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ থেকে।

দলের প্রধান ভরসা অধিনায়ক চেনচো গিয়েলতশেন। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে তিনি দলকে সেমিফাইনালে তুলতে সাহায্য করেছেন। ভারতের বিপক্ষে তার কাছ থেকে বড় কিছু প্রত্যাশা থাকবে ড্রাগনদের।

তবে, বড় ম্যাচের আগের দিন অনুশীলন করেনি টিম ভুটান। তারা ভারতকে হারানোর পরিকল্পনা তৈরি করেছে টিম হোটেলে বসেই। ১৪তম বারের মতো ফাইনালে খেলার স্বপ্নে বিভোর ভারতকে আটকে ভুটান কি প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে পারবে, সেটি মাঠেই দেখা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ৫১ হারানো মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


রংপুরে ৫১ হারানো মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার হয়নি

‎সারিবদ্ধভাবে সাজানো ৫১টি মোবাইল ফোন। প্রতিটি ফোনের পেছনে রয়েছে হারানোর একটি গল্প, দীর্ঘ অপেক্ষা এবং ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। কিছু ফোন হারানো হয়েছে কয়েক মাস আগে, আবার কিছু এক-দুই বছর আগে। অবশেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রচেষ্টার মাধ্যমে উদ্ধার করা হয়েছে এসব মোবাইল। দীর্ঘ অপেক্ষার পর হারানো ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকদের মুখে স্বস্তি দেখা দিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার (ডিআইজি) মাহবুবুর রশীদ।

তিনি জানান, বিভিন্ন সময়ে থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মোবাইল চুরি ও হাতবদলের সঙ্গে জড়িত চক্রের মূল হোতাদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

তাদের ভাষ্য, থানায় সাধারণ ডায়েরি করলে হারানো মোবাইল ফিরে পাওয়া সম্ভব এই অভিজ্ঞতা তাদের সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


সাগরে সুস্পষ্ট লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা জারি

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া লঘুচাপটি এখন ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত একটি সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, আজ সকাল ৬টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি বর্তমানে সেখানেই অবস্থান করছে। লঘুচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এই পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্য অংথেপ্রু মারমার লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্য অংথেপ্রু মারমার লাশ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক বাংলাদেশির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

অংথেপ্রু মারমা (৬৬) রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা এবং বিডিআরের (বর্তমান বিজিবি) প্রাক্তন সদস্য হিসেবে পরিচিত।

স্থানীয় লোকজন ও তার স্বজনদের তথ্য অনুযায়ী, অংথেপ্রু মারমা শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরায় তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে।

তার ছেলে থৈ অংগ্য মারমা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করার পর সন্ধান না পাওয়ার কারণে রাত ১০টার দিকে স্থানীয় বিওপির বিজিবিকে খবর দেওয়া হয়। এরপর বিজিবিও তার খোঁজ নিতে শুরু করে।

থৈ অংগ্য আরও বলেন, শনিবার ভোরবেলা থেকে তারা গ্রামবাসীসহ নিখোঁজ বাবার সন্ধানে আবারো বের হন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পান। পরে আশপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার লাশটি পাওয়া যায়।

তিনি জানান, বাবার কপালে জখমের চিহ্ন রয়েছে এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল।

এদিকে, লাশের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকার ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। এর আগেই স্বজনরা নদীর ওপার থেকে লাশ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে লাশ থানায় নিয়ে আসে।

রামগড় থানার ওসি মো. নাজির আলম জানান, নিহত অংথেপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন রয়েছে। কীভাবে তার মৃত্যু হলো, তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%