ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি আরও জানান, ‘মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

আরও পড়ুন: সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং পরানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা।

সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধ লব্ধ অর্থের প্রবাহ তদন্ত করার সুপারিশও করেন।

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ‘উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।’

অপর হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মন্তব্য করেন, ‘মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধুমাত্র মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।’

আরও পড়ুন: হাতকড়া ছাড়া জিয়াউল আহসানের আদালতে হাজিরা, সংসদে উদ্বেগ প্রকাশ ইলিয়াস আলীর স্ত্রীর

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিতকরণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া, দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটসমূহ চিহ্নিতকরণ এবং মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান পরিচালনা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রতিরোধযোগ্য প্রাণহানি রোধে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের লিচু রপ্তানি ১১ দেশে, আয় ৪ লাখ ২০ হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


বাংলাদেশের লিচু রপ্তানি ১১ দেশে, আয় ৪ লাখ ২০ হাজার ডলার

বাংলাদেশের লিচু বর্তমানে বিশ্বের ১১টি দেশে রপ্তানি করা হচ্ছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি এবং যুক্তরাজ্য অন্তর্ভুক্ত রয়েছে। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ লিচু রপ্তানি করে ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার আয় অর্জন করেছে।

এই তথ্যটি রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অধিবেশনটি ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য প্রদান করেন।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, বাহরাইন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, ওমান, কাতার এবং সিঙ্গাপুরে লিচু রপ্তানি করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, লিচুসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এসব উদ্যোগের মাধ্যমে দেশের কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধির চেষ্টা চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতি বছর ৩০ লাখের বেশি রোড ক্র্যাশের শিকার, দিনে গড়ে ৬৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


প্রতি বছর ৩০ লাখের বেশি রোড ক্র্যাশের শিকার, দিনে গড়ে ৬৬ মৃত্যু

প্রতি বছর বাংলাদেশে রোড ক্র্যাশের শিকার হন ৩০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় ৩৮ হাজার ব্যক্তি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন বা প্রতিবন্ধী হয়ে পড়েন। এই পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০৪ জন পঙ্গু বা প্রতিবন্ধী হচ্ছেন। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন দিনে গড়ে ৬৬ জন।

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণ দিবস উপলক্ষে রবিবার (১৫ নভেম্বর) রাজধানীতে নিরাপদ সড়ক আন্দোলনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে এসব তথ্য উপস্থাপন করা হয়।

২০২৩-২৪ সালে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনসিডিসি) উদ্যোগে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) একটি জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফল তুলে ধরে নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক জানান, সড়ক দুর্ঘটনায় বছরে ৩০ লাখের বেশি মানুষ আহত হন। তাদের মধ্যে প্রায় ৩৮ হাজার ব্যক্তি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন বা প্রতিবন্ধী হয়ে পড়েন। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০৪ জন পঙ্গু বা প্রতিবন্ধী হচ্ছেন। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন দিনে গড়ে ৬৬ জন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রোড ক্র্যাশের পর দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করা হয়, কিন্তু বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে আলোচিত বা ভাইরাল হওয়া ঘটনা ছাড়া কার্যকর তদন্তের উদ্যোগ দেখা যায় না। রোড ক্র্যাশ প্রতিরোধে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সুপারিশ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আক্তার মন্তব্য করেন, সড়ক নিরাপত্তা অর্জনে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এসব ঘাটতি পূরণে বেসরকারি সংস্থাগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।

আলোচনা সভায় রোড ক্র্যাশে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা, ভোগান্তি এবং প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোড ক্র্যাশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ সহায়তা, ন্যায়বিচার এবং পুনর্বাসনের দাবি জানান।

নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মশিউর রহমান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। অন্যান্যদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক রোড সেফটি বিশেষজ্ঞ তাইফুর রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) উপনির্বাহী পরিচালক ড. সেলিম মাহমুদ, নিরাপদ সড়ক চাই'র (নিসচা) মহাসচিব লিটন এরশাদ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, ডিটিসিএ'র সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান, ভয়েস অব রিফর্মের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার মিঠুন রহমান এবং ভেহিক্যাল ফর রোড সেফটির মুখপাত্র মো. দিদারুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরোধযোগ্য প্রাণহানি রোধে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


প্রতিরোধযোগ্য প্রাণহানি রোধে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

রোডক্র্যাশে প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আঘাত কমানোর জন্য দ্রুত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধারক, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা। বক্তারা উল্লেখ করেছেন, নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতিসীমা, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল সড়ক ব্যবহার এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।

রোববার বিশ্ব রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এই সভার আয়োজন করেছে।

সভায় বক্তারা বলেন, রোডক্র্যাশ কেবল সড়ক বা পরিবহন খাতের সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, অর্থনীতি এবং উন্নয়নের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এবং প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে। ৫ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ রোডক্র্যাশ, যার ৯২ শতাংশ ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সড়ক নিরাপত্তাবিষয়ক ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ইউরোপীয় অঞ্চলে একই সময়ে মৃত্যুর হার ৩৬ শতাংশ কমেছে। যথাযথ নীতি, আইন, নিরাপদ অবকাঠামো এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়কে প্রাণহানি কমানো সম্ভব।

প্রবন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য তুলে ধরে জানানো হয়, দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২০২৩ সালে ৫ হাজার ৩০৫, ২০২৪ সালে ৫ হাজার ৪৫০ এবং ২০২৫ সালে ৫ হাজার ৪৮৯। এই পরিস্থিতি মোকাবিলার জন্য নিরাপদ সড়ক ব্যবস্থার পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান—নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ যানবাহন, নিরাপদ গতিসীমা, নিরাপদ সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনা-পরবর্তী কার্যকর সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

প্রবন্ধে আরও বলা হয়, বাংলাদেশে রোডক্র্যাশের কারণে হাসপাতালগুলোর ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হচ্ছে। ‘Estimating Hospital Burden of Road Traffic Injuries in Bangladesh’ শীর্ষক ২০২৪ সালের গবেষণার তথ্য অনুযায়ী, হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ রোডক্র্যাশে আহত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয়। এ সময়ে সরকারি ব্যয় বাদে ব্যক্তিপ্রতি রোগীপিছু গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা খরচ হয়, যার মধ্যে রোগ নির্ণয়, ওষুধ, অস্ত্রোপচার, শয্যা, যাতায়াত এবং রোগীর সঙ্গে থাকা ব্যক্তির খাবার ও আবাসনের ব্যয় অন্তর্ভুক্ত।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, রোডক্র্যাশে মৃত্যু ও গুরুতর আঘাতের বড় অংশই প্রতিরোধযোগ্য। সুতরাং, দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রাণহানি কমানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান বলেন, সড়ক দুর্ঘটনায় তাঁদের তিনজন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকের মৃত্যু মানবিক সহায়তা কার্যক্রমের জন্য একটি অপূরণীয় ক্ষতি। গত ২৩ অক্টোবর ফরিদপুরের মধুখালী-কানাইপুর সড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নূর মোহাম্মদ আরিক, মোহাম্মদ রাব্বি হোসেন এবং তামান্না তাবাসসুম ঐশী নিহত হন। তাঁরা একটি ভিবিডি কার্যক্রমে অংশ নিয়ে মাগুরায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি প্রতিটি গুরুতর দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায় নির্ধারণ এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রোডক্র্যাশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে। এ আইন কার্যকর হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধারকাজে এগিয়ে আসা ব্যক্তিদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে। তিনি পরিবহন শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রোডক্র্যাশে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি ট্রাস্ট ফান্ডের সহায়তার বিষয়টি জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) মো. জিয়াউর রহমান এবং ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার খালিদ মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, জাতিসংঘের ‘গ্লোবাল প্ল্যান ফর দ্য সেকেন্ড ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটি ২০২১-২০৩০’-এর লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনতে হবে। এই লক্ষ্য অর্জনে বাংলাদেশে সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত এবং দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দপ্তর ঘেরাও, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দপ্তর ঘেরাও, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে চাকরিতে পুনর্বহাল হওয়ার পরও ১৪ বছরের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা থেকে বঞ্চিত থাকার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী।

তাদের অভিযোগ, আদালতের রায়ের পর চাকরি ফিরে পেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাপ্য অধিকার ও আর্থিক সুবিধা নিশ্চিত করছে না। তারা জানিয়েছেন, দাবি আদায় না হলে সোমবার থেকে উপাচার্যের দপ্তরে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। পরে আন্দোলনকারীরা দাবি বাস্তবায়নের জন্য উপাচার্যের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত, তথ্য ও সেবা) মো. মিয়া হোসেন রানার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এর পরও ৯৮৮ জনের ন্যায্য পাওনা পরিশোধ ও জ্যেষ্ঠতা নির্ধারণে নানা টালবাহানা করা হচ্ছে। বক্তাদের মতে, সম্প্রতি আরও ৩০০ জন অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের প্রশ্ন, বিদ্যমান জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্ভব হলে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে বাধা কোথায়? বক্তারা আরও অভিযোগ করেন, উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য গাড়ি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের অর্থে তাদের জন্য নতুন গাড়ি কেনা হয়েছে। অথচ দীর্ঘদিন চাকরিচ্যুত থাকার পর আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধে প্রশাসনের অনীহা দেখা যাচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পে-স্কেলের সুযোগ-সুবিধা ভোগ করলেও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনকে এখনো ২০১২ সালের পুরোনো বেতন স্কেলে বেতন দেওয়া হচ্ছে। এর ফলে তারা অন্যদের তুলনায় প্রায় অর্ধেক বেতন পাচ্ছেন। ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর না হওয়ায় পদোন্নতির পাশাপাশি ভবিষ্যতে পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। এমএলএসএস থেকে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার পদেও তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরে নিয়োগের বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা বলা হয়। চাকরিচ্যুতদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় তাদের সুযোগ-সুবিধার বিষয় নির্ধারণের ক্ষমতাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।

এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল ও তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আইনি প্রক্রিয়া এগিয়ে যায় এবং আপিল বিভাগের রায়ে তাদের পুনর্বহালের পথ সুগম হয়।

তবে পুনর্বহালের পর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের দাবি, আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘ ১৪ বছরের বঞ্চনার অবসান ঘটছে না। এ অবস্থায় রায়ের আলোকে চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%