ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত


সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা, ১৫ নভেম্বর ২০২৬ : আজ জেলায় ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশের উদ্দেশ্য ছিল মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা।

রোববার বেলা ১১টায় সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সাতক্ষীরা সদর থানার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

আরও পড়ুন: গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি নিয়োগ

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী প্রমুখ।

সমাবেশে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শপথবাক্য পাঠ করানো হয়।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‎ত্রিশালের কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবায় হাসি ফুটেছে প্রান্তিক খামারিদের মুখে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু মারা গেছেন

প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

গিরি বাবু পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ৬ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। কখনো খলনায়ক, কখনো কৌতুকাভিনেতা, আবার কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

১৯৪৬ সালের ৮ জুন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে গিরি বাবুর জন্ম। তার আসল নাম ইয়েরা শেষাগিরি রাও। ছোটবেলা থেকেই তার অভিনয় ও নাটকের প্রতি আগ্রহ ছিল। ১৯৭৩ সালে ‘জাগমে মায়া’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথমদিকে নায়কের চরিত্রে অভিনয় করলেও পরে খলনায়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি পান।

১৯৭৭ সালে মুক্তি পাওয়া পৌরাণিক সিনেমা ‘কুরুক্ষেত্রম’-এ তার অভিনয় বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। এছাড়া ‘জ্যোতি’, ‘পাসিভাদি প্রণাম’, ‘হ্যালো ব্রাদার’, ‘সিসিন্দ্রি’, ‘লিটল সোলজার্স’ ও ‘নিনে পেলাডেটা’ তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে। নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গেও তিনি কাজ করেছেন। ‘গামিম’, ‘গীতা গোবিন্দম’, ‘জাতি রত্নালু’ ও ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর মতো সিনেমায়ও তাকে দেখা গেছে।

অভিনয়ের পাশাপাশি গিরি বাবু পরিচালনায়ও যুক্ত ছিলেন। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘রানারিঙ্গম’, ‘ইন্দ্রজিৎ’ ও ‘নী সুখামে নে কোরুথুন্না’। তিনি কিছু সিনেমা প্রযোজনাও করেছেন।

ব্যক্তিগত জীবনে গিরি বাবু শ্রীদেবীকে বিয়ে করেছিলেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে রঘু বাবু তেলুগু চলচ্চিত্রের পরিচিত কৌতুকাভিনেতা। ছোট ছেলে বোস বাবুও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। ২০১৬ সালে তার স্ত্রী শ্রীদেবী মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি আরও জানান, ‘মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা।

সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধ লব্ধ অর্থের প্রবাহ তদন্ত করার সুপারিশও করেন।

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ‘উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।’

অপর হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মন্তব্য করেন, ‘মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধুমাত্র মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।’

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিতকরণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া, দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটসমূহ চিহ্নিতকরণ এবং মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান পরিচালনা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের লিচু রপ্তানি ১১ দেশে, আয় ৪ লাখ ২০ হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


বাংলাদেশের লিচু রপ্তানি ১১ দেশে, আয় ৪ লাখ ২০ হাজার ডলার

বাংলাদেশের লিচু বর্তমানে বিশ্বের ১১টি দেশে রপ্তানি করা হচ্ছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি এবং যুক্তরাজ্য অন্তর্ভুক্ত রয়েছে। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ লিচু রপ্তানি করে ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার আয় অর্জন করেছে।

এই তথ্যটি রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অধিবেশনটি ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য প্রদান করেন।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, বাহরাইন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, ওমান, কাতার এবং সিঙ্গাপুরে লিচু রপ্তানি করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, লিচুসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এসব উদ্যোগের মাধ্যমে দেশের কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধির চেষ্টা চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতি বছর ৩০ লাখের বেশি রোড ক্র্যাশের শিকার, দিনে গড়ে ৬৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


প্রতি বছর ৩০ লাখের বেশি রোড ক্র্যাশের শিকার, দিনে গড়ে ৬৬ মৃত্যু

প্রতি বছর বাংলাদেশে রোড ক্র্যাশের শিকার হন ৩০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় ৩৮ হাজার ব্যক্তি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন বা প্রতিবন্ধী হয়ে পড়েন। এই পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০৪ জন পঙ্গু বা প্রতিবন্ধী হচ্ছেন। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন দিনে গড়ে ৬৬ জন।

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণ দিবস উপলক্ষে রবিবার (১৫ নভেম্বর) রাজধানীতে নিরাপদ সড়ক আন্দোলনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে এসব তথ্য উপস্থাপন করা হয়।

২০২৩-২৪ সালে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনসিডিসি) উদ্যোগে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) একটি জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফল তুলে ধরে নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক জানান, সড়ক দুর্ঘটনায় বছরে ৩০ লাখের বেশি মানুষ আহত হন। তাদের মধ্যে প্রায় ৩৮ হাজার ব্যক্তি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন বা প্রতিবন্ধী হয়ে পড়েন। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০৪ জন পঙ্গু বা প্রতিবন্ধী হচ্ছেন। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন দিনে গড়ে ৬৬ জন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রোড ক্র্যাশের পর দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করা হয়, কিন্তু বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে আলোচিত বা ভাইরাল হওয়া ঘটনা ছাড়া কার্যকর তদন্তের উদ্যোগ দেখা যায় না। রোড ক্র্যাশ প্রতিরোধে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সুপারিশ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আক্তার মন্তব্য করেন, সড়ক নিরাপত্তা অর্জনে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এসব ঘাটতি পূরণে বেসরকারি সংস্থাগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।

আলোচনা সভায় রোড ক্র্যাশে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা, ভোগান্তি এবং প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোড ক্র্যাশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ সহায়তা, ন্যায়বিচার এবং পুনর্বাসনের দাবি জানান।

নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মশিউর রহমান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। অন্যান্যদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক রোড সেফটি বিশেষজ্ঞ তাইফুর রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) উপনির্বাহী পরিচালক ড. সেলিম মাহমুদ, নিরাপদ সড়ক চাই'র (নিসচা) মহাসচিব লিটন এরশাদ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, ডিটিসিএ'র সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান, ভয়েস অব রিফর্মের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার মিঠুন রহমান এবং ভেহিক্যাল ফর রোড সেফটির মুখপাত্র মো. দিদারুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%