০৬:২৫ পি.এম
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকর্মীরা এক রাতের মধ্যে এক হাজারের বেশি অভিবাসীকে উপকূলে নিয়ে এসেছেন। এই ঘটনায় একজনের মৃত্যু ঘটেছে।
উদ্ধারকারী সংস্থা সালভামেন্তো মারিতিমোর তথ্য অনুযায়ী, স্পেনের সংবাদ সংস্থা ইএফই বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (৬ নভেম্বর) সকালে এল হিয়েরো, গ্রান ক্যানারিয়া ও লানজারোতে অন্তত ১ হাজার ২১ জনকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।
অভিবাসীদের অধিকাংশকে এল হিয়েরো দ্বীপে স্থানান্তরিত করা হয়েছে। এই দ্বীপে প্রায় ১১ হাজার ৫০০ জনের বসবাস রয়েছে। বিপুল সংখ্যক অভিবাসীর চাপ সামলাতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগ হিমশিম খাচ্ছে। এ অবস্থায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও করেছেন।
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি
এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো এই পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অসহনীয়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
অভিবাসীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ উদ্ধার হওয়া অভিবাসীদের প্রাথমিক হিসাবের মধ্যে কিছু নৌকার যাত্রীসংখ্যা নিশ্চিত না হওয়ায় সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া এল হিয়েরোর কাছে আরও দুটি নৌযানকে সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন উদ্ধারকর্মীরা।
নভেম্বরের প্রথম পাঁচ দিনে ৩ হাজার ২০০-এর বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। এর মধ্যে প্রায় ২ হাজার ৩০০ জন এল হিয়েরোতে এসেছেন। ইএফইর হিসাব অনুযায়ী, তাদের মধ্যে ৩০৭ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১১টি শিশু রয়েছে। অধিকাংশ অভিবাসী আফ্রিকার সেনেগালের নাগরিক।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবরে সমুদ্রপথে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন ৬ হাজার ১৯৪ জন অভিবাসী। গত বছরের একই মাসের তুলনায় এই সংখ্যা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: কানাডা কেন অভিবাসনকে গুরুত্ব দিচ্ছে, তিন বছরে ৩৮০০০০ অভিবাসী গ্রহণের লক্ষ্য
তবে সাম্প্রতিক এই অভিবাসীর ঢল সত্ত্বেও চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১৩ হাজার ৩২৭ জন অভিবাসী দ্বীপপুঞ্জটিতে পৌঁছেছেন। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা কিছুটা কম। ২০২৪ সালে একই সময়ে ৩৪ হাজার ৮৭ জন এবং ২০২৩ সালে ৩০ হাজার ৪২৫ জন অভিবাসী এসেছিলেন।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন