০১:২১ পি.এম
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা করেছে। মঙ্গলবার গভীর রাতে এই হামলা সংঘটিত হয়। হামলার কয়েক ঘণ্টা আগে ইরান বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে।
এই পাল্টাপাল্টি হামলার ফলে আঞ্চলিক সংঘাত প্রশমনের জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টা নতুন করে হুমকির সম্মুখীন হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি এটিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতিতে রোহিঙ্গাদের আনন্দ, তবে দেশে ফেরার অপেক্ষা
তিনি আরো বলেন, “মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি বজায় রেখেছে।”
ইরানের প্রাদেশিক কর্মকর্তা আহমদ নাফিসি জানিয়েছেন, হামলায় কোনো আবাসিক বা বাণিজ্যিক এলাকা কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়নি।
হামলার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপের নারিমান এলাকায় একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপককে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে সামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, দ্বীপটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদারে ১৭টি কংক্রিটের বাংকার নির্মাণের উদ্যোগ মার্কিন বাহিনীর
এর আগে মঙ্গলবার আইআরজিসি দাবি করে, যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে বাহরাইনের ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডারব্যবস্থায় হামলা চালানো হয়েছে।
তবে সেন্টকম জানিয়েছে, ইরানের একমুখী হামলায় ব্যবহৃত ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সামরিক সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি এবং কোনো মার্কিন সেনাসদস্যও আহত হননি।
এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি লুকাস ড্রোন ভূপাতিত করেছে তারা। দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন: মাউন্ট ফুজিতে নিখোঁজ চীনা তরুণের খোঁজে পরিবারের পুরস্কার, উদ্বিগ্ন জাপান
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন