ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্রিটেনে বাংলাদেশের রাজনীতি টেনে না আনার আহ্বান লেবার এমপি আথওয়ালের


ব্রিটেনে বাংলাদেশের রাজনীতি টেনে না আনার আহ্বান লেবার এমপি আথওয়ালের

পূর্ব লন্ডনের ইলফোর্ড সাউথ এলাকায় সহিংসতার ঘটনার পর যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতির চর্চা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির এমপি জাস আথওয়াল।

তিনি সতর্ক করে বলেছেন, ব্রিটেনের রাজপথে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের কোনো স্থান নেই। আথওয়াল বলেন, ‘বাংলাদেশি রাজনীতি বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। যুক্তরাজ্যে এ ধরনের রাজনীতির কোনো জায়গা নেই।’

সোমবার রাতে লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের কর্মীদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আথওয়াল এ মন্তব্য করেন। উল্লেখ্য, যুক্তরাজ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আথওয়াল জানান, সোমবার দিনের শুরুতে তিনি পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে সরাসরি বিষয়টি তুলে ধরেন এবং তাকে সহিংসতার ভিডিও ফুটেজ দেখান।

আরও পড়ুন: স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মৌলিক সমস্যার সমাধানে হতাশা প্রকাশ করলেন প্রেসিডেন্ট

আথওয়াল বলেন, পররাষ্ট্রমন্ত্রী এখন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে তা তুলে ধরার আশ্বাস দিয়েছেন। মিলিব্যান্ডের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরবেন বলে জানিয়েছেন।’

বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে ব্রিটেনের ভূমিকা রাখার দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন লেবার পার্টির এমপি জাস আথওয়াল। যুক্তরাজ্যকে ‘সকল গণতন্ত্রের জননী’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশি রাজনীতিকে কেন্দ্র করে ব্রিটেনে সহিংসতা ছড়িয়ে পড়া কারও জন্যই ভালো ফল বয়ে আনছে না। বরং এর ফলে ব্রিটিশ রাজনীতিবিদদের পক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ ও তাদের সম্প্রদায়ের হয়ে কথা বলা কঠিন হয়ে পড়ছে।

আথওয়াল বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে নিজেদের পক্ষে কথা বলার জন্য যারা রাজনীতিবিদদের সহযোগিতা চান, সহিংসতা তাদেরও কোনো উপকারে আসবে না। সহিংসতার মাধ্যমে কোনো দাবি আদায় করা যায় না। বরং এতে অন্যদের সহযোগিতা পাওয়ার পথ আরও কঠিন হয়ে যায়।’

ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মানুষকে আইন মেনে চলা ও পরিশ্রমী হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘কয়েক দশক ধরে, এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সম্প্রদায় যে সুনাম গড়ে তুলেছে, এক রাতের সহিংসতায় তা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আরও পড়ুন: পটুয়াখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

তিনি বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা সুনাম এক রাতের উচ্ছৃঙ্খলতায় নষ্ট হয়ে গেছে। ওই রাতে যারা সহিংসতায় জড়িয়েছে, তারা পুরো সম্প্রদায়কে হতাশ করেছে। এটি আমাদের সবার জন্য লজ্জার বিষয়। এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

তিনি আরো বলেন, এ ঘটনার প্রভাব শুধু সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। স্থানীয় বাসিন্দারাও নিজেদের এলাকায় আতঙ্কের মধ্যে পড়েছেন। পরিস্থিতি এমন ছিল যে, অনেকে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন।

আথওয়াল বলেন, ‘যেসব স্থানীয় মানুষকে ওই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তাদের কথা ভাবুন। মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন। একটি সম্প্রদায় হিসেবে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।’

এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডানপন্থী রাজনীতিবিদরা অভিবাসীদের গণহারে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি তুলছেন। সহিংসতার আগেও তারা এ ধরনের দাবি জানিয়েছিলেন। সাম্প্রতিক ঘটনা অভিবাসনবিরোধীদের এসব দাবির পক্ষে নতুন যুক্তি তুলে ধরার সুযোগ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: মাউন্ট ফুজিতে নিখোঁজ চীনা তরুণের খোঁজে পরিবারের পুরস্কার, উদ্বিগ্ন জাপান

আথওয়াল বলেন, ‘ডানপন্থী রাজনীতিবিদরা এই ঘটনার সমালোচনা করছেন এবং গণহারে অভিবাসীদের ফেরত পাঠানোর দাবি জানাচ্ছেন। সহিংসতার আগেও তাঁরা এমন দাবি তুলেছিলেন। তাই আমাদের সতর্ক থাকতে হবে, যাতে তাদের এমন দাবি জানানোর কোনো অজুহাত তৈরি করে না দিই।’

তিনি আরো সতর্ক করেন, কয়েকজন ব্যক্তির সহিংস কর্মকাণ্ডের দায় পুরো ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের ওপর চাপানো উচিত নয়। বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে পুরো সম্প্রদায়কে একইভাবে বিচার করা কিংবা যুক্তরাজ্যে তাদের বসবাস নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেওয়া যাবে না।

আথওয়াল বলেন, ‘ডানপন্থী রাজনীতিবিদদের এমন কথা বলার সুযোগ দেওয়া উচিত নয় যে, আমরা সবাই একই রকম এবং নিজেদের সংস্কৃতি নিয়ে আমাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়া উচিত।’

আথওয়াল বলেন, ব্রিটেন বাংলাদেশি প্রজন্মের মানুষদের উন্নত জীবন গড়ার সুযোগ দিয়েছে। তাই তিনি বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি ব্রিটেনের মূল্যবোধকে সম্মান করার এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা আরও ভালো জীবন ও উন্নত জীবনযাপনের আশায় ব্রিটেনে এসেছিলাম।

আরও পড়ুন: বাংলাদেশের সবুজ কারখানার সংখ্যা ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস

ব্রিটেন আমাদের প্রতি অত্যন্ত সদয় হয়েছে। এখন আমাদের উচিত দেশটির মূল্যবোধকে সম্মান করা এবং নিজেদের দায়িত্ব পালন করা। কারণ, আমাদের সন্তান ও পূর্বপুরুষদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।’

সহিংসতার ঘটনায় আথওয়াল জানান, তিনি মেট্রোপলিটন পুলিশকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখতে রেডব্রিজ কাউন্সিলকেও বলেছেন। এলাকায় কাউন্সিলের জননিরাপত্তা দল নিয়মিত টহল দেবে। তিনি বলেন, ‘আমি বলেছি, তদন্তে যেন কোনো কিছুই বাদ না যায়। সব দিক খতিয়ে দেখতে হবে। কারণ, এ ধরনের সহিংসতা আর ঘটতে দেওয়া যায় না।’

স্থানীয় এলাকায় শান্তি বজায় রাখাকে সবার সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এই সহিংসতা বৃহত্তর বাংলাদেশি সম্প্রদায়, রেডব্রিজ কিংবা তাঁর নির্বাচনী এলাকা ইলফোর্ড সাউথের প্রকৃত চিত্র নয়। আথওয়াল বলেন, ‘এটা আমরা নই। এটা বাংলাদেশি সম্প্রদায় নয়, রেডব্রিজ নয়, এমনকি ইলফোর্ড সাউথও নয়।’ একই সঙ্গে তিনি স্বীকার করেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ও সেতুবন্ধন আরো শক্তিশালী করতে এখনো কাজ করার সুযোগ রয়েছে।

তাৎক্ষণিক পরিস্থিতির বাইরে গিয়ে আথওয়াল ব্রিটিশ-বাংলাদেশিদের নিজেদের ইতিহাস এবং ব্রিটেনের জন্য আগের প্রজন্মের অবদানের কথা স্মরণ করে গর্ববোধ করার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বাকিংহাম প্যালেসের কাছে অবস্থিত কমনওয়েলথ মেমোরিয়াল গেটস এবং ব্রিটেনের বিভিন্ন যুদ্ধে বাংলাদেশি পুরুষদের অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।

আরও পড়ুন: ধুনটে ককটেল বিস্ফোরণ: স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল ইসলাম গ্রেপ্তার

এ ছাড়া ব্রিটিশ-বাংলাদেশিদের বিভিন্ন অবদানের কথাও উল্লেখ করেন তিনি। বিশেষ করে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) চিকিৎসক ও নার্স হিসেবে কাজ করা ব্যক্তিদের পাশাপাশি দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় সম্প্রদায়ের সেবায় নিয়োজিত মানুষদের অবদানের প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে মো. আজিম সরকার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ের পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. আজিম সরকার গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক মো. আজমল সরকারের চাচাতো ছোট ভাই।

দুর্ঘটনায় আহত অপর দুই যুবক হলেন মো. রিফাত (২৬) ও মো. আলমগীর (২৪)। তাঁরা উপজেলার চরআলগী ইউনিয়নের বাসিন্দা এবং মো. নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। এই সময় প্রাইভেটকারটিও দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহত তিন যুবককে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মো. আজিম সরকারের মৃত্যু হয় বলে চিকিৎসক নিশ্চিত করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লাবিবা হক জানান, মো. আজিম সরকারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আহত মো. রিফাত ও মো. আলমগীরের অবস্থা বিবেচনায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার পুলিশ। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও শাস্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও শাস্তির দাবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি একই সঙ্গে এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এ দাবি জানান। বিবৃতিটি বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন পাঠিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত বুধবার গভীর রাতে এবি পার্টির কার্যালয়ের নিচে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়, যার ফলে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

রিজভী অভিযোগ করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ আবারও দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভীতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটানো হচ্ছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। তিনি মন্তব্য করেন, এ ধরনের হামলা ও সন্ত্রাসের মাধ্যমে দেশের জনগণকে ভীত করা যাবে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, অগ্নিসংযোগ, হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্টরা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতির শেষাংশে রুহুল কবির রিজভী মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির হাতে স্বাধীনতার পতাকা, চব্বিশের ঐক্য রক্ষা করতে হবে: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


বিএনপির হাতে স্বাধীনতার পতাকা, চব্বিশের ঐক্য রক্ষা করতে হবে: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী উল্লেখ করেছেন যে, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এর হাতে স্বাধীনতার পতাকা রয়েছে। তিনি বলেন, "বিএনপি চব্বিশের ঐক্য বিনষ্ট হতে দেবে না।" চব্বিশের মেজাজ নিয়ে বিএনপি রাজপথে থাকবে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব বক্তব্য প্রদান করেন। সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

সভায় আরও বক্তব্য দেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তফা কামাল, মাগুরা জেলা আইনজীবী সমিতির জিপি মঞ্জুরুল হাসান এবং জেলা হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি কাজী জুবায়ের প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, "রাষ্ট্রবিরোধী কোনো অপকর্মে ছাড় দেওয়া হবে না।" তিনি উল্লেখ করেন যে, কোনো অপশক্তির অপকর্ম তারা দেখতে চান না। পলাতক স্বৈরাচারের উসকানিতে স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে যে কার্যক্রম চলছে, এর কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, গণহত্যাকারীরা ১৭ বছর ধরে খুন, গুম ও নির্যাতন চালিয়েছে। তিনি উল্লেখ করেন যে, সে সময় স্ত্রীর কাছ থেকে স্বামীকে এবং মায়ের কোল থেকে ছেলেকে নিয়ে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছে। বিচারের নামে প্রহসনের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে। দেশের মানুষ আর তাদের দেখতে চায় না।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "বিএনপি বাঘের গর্জনকে ভয় পায় না, আর হনুমানের ভেংচিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই।" বক্তব্যের শেষে তিনি চব্বিশের চেতনা ও মেজাজ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’

চার দেশের রাষ্ট্রপ্রধানরা ফটোসেশনের জন্য দাঁড়িয়ে ছিলেন। তবে ছবি তোলার পরও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে, অপেক্ষা করতে না পেরে মোদিকে বলতে শোনা যায়, ‘এবার কি আমরা যেতে পারি?’

এই ঘটনা মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চার দেশের জোট কোয়াডের বৈঠকের আগে ঘটে। ছবি তোলার পর বৈঠকে যাওয়ার কথা থাকলেও ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেন। তিনি একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকেন। এই সময় অন্য তিন নেতাকে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।

মোদির দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘দেখুন, আমাকে কী কঠিন সব প্রশ্নের মুখোমুখি হতে হয়।’ এ সময় তিনি মোদিকে ‘খুব কঠিন মানুষ’ বলেও প্রশংসা করেন। পরে জাপানের প্রধানমন্ত্রীকে আরও কঠিন বলে মন্তব্য করেন।

অন্যদিকে, মোদিকে কয়েকবার হাতের ইশারায় অন্য নেতাদের এগিয়ে যাওয়ার অনুরোধ করতে দেখা যায়। প্রায় ১০ মিনিট ধরে চলা এই অনানুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্বের কারণে নেতাদের নির্ধারিত বৈঠকের সময়ও কমে যায়। পরে ট্রাম্পের সহযোগীরা এগিয়ে এসে তাকে সাংবাদিকদের কাছ থেকে সরিয়ে নেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মোদির ‘এবার কি আমরা যেতে পারি?’ মন্তব্যটি নিয়ে আলোচনা শুরু হয়।

অনেকে মনে করেন, ইংরেজিতে পারদর্শী না হওয়া বা স্বাচ্ছন্দ্যবোধ না করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণত ইংরেজি ভাষার সংবাদমাধ্যমের সাংবাদিকদের মুখোমুখি হতে এড়িয়ে চলেন। এ কারণে ট্রাম্পের এমন তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে তার অস্বস্তি আরও বেশি আলোচনায় এসেছে।

সূত্র: ফার্স্টপোস্ট , দ্য ইন্ডিপেনডেন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%