ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশের সবুজ কারখানার সংখ্যা ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস


বাংলাদেশের সবুজ কারখানার সংখ্যা ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ পরিবেশবান্ধব শিল্পায়নে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। দেশের ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ অর্জন করেছে।

এখন দেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ৩০২টিতে পৌঁছেছে। এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের সব দেশের মধ্যে সবুজ কারখানার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে।

নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ লাভ করেছে।

আরও পড়ুন: ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টি বাংলাদেশে অবস্থিত। ফলে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প স্থাপনে বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি হয়েছে।

নতুন প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১ পয়েন্ট অর্জন করেছে। একই জেলার প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮ পয়েন্ট এবং এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ পয়েন্ট পেয়েছে। নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬ পয়েন্ট অর্জন করেছে।

চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট এবং কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট পেয়েছে। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো অঞ্চলে অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও ৮২ পয়েন্ট করে অর্জন করেছে।

অন্যদিকে, গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, যা ৬৮ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড ৬৬ পয়েন্ট এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ ৬৪ পয়েন্ট অর্জন করেছে।

আরও পড়ুন: বগুড়ায় ধূমপানের ভিডিও দেওয়ার কথা বলে টাকা দাবি, স্কুলছাত্র গালিব খুন

লিড সনদ হলো পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার আন্তর্জাতিক স্বীকৃতি। এটি জ্বালানি ও পানির সাশ্রয়, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশের গুণগত মানসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রদান করা হয়।

বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশের ৫৩টির অবস্থান দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নতুন ১২টি কারখানার অন্তর্ভুক্তির মাধ্যমে এই অর্জন আরও সমৃদ্ধ হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি

নাটোর, ২০ নভেম্বর, ২০২৬ : ফ্যামিলি কার্ড প্রদান করার উদ্দেশ্যে জেলায় বাড়িতে বাড়িতে তথ্য সংগ্রহের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

এখন পর্যন্ত তথ্য সংগ্রহকারীদের জন্য পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কার্ডটি পরিবারের মা বা নারী প্রধান সদস্যের নামে ইস্যু করা হবে।

জেলায় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, মোট খানার সংখ্যা পাঁচ লাখ ৩৪ হাজার ২২৮টি।

অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া তথ্য সংগ্রহের কার্যক্রমে ইতোমধ্যে ১১ শতাংশ খানার তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং ডাটা এন্ট্রি ও চূড়ান্তকরণের কার্যক্রমও শেষ হয়েছে।

প্রত্যেক তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারকে সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের পর সকলকে ট্যাবসহ কার্যক্রম পরিচালনার অন্যান্য উপকরণ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বাসসকে জানান, সরকার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাধ্যমে উপজেলার সামগ্রিক তথ্য দেখতে চায়। তাই সংগৃহীত তথ্য সঠিক হতে হবে। এ ব্যাপারে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের তথ্য সংগ্রহকারী নুসরাত জাহান দিনা জানান, ১৪ অক্টোবর থেকে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ শুরু করেছেন। প্রতিদিন সকাল সাতটায় কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে। সারাদিনে সর্বোচ্চ ২৪টি খানার জরিপ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। ট্যাবের মাধ্যমে সংগৃহীত তথ্য খানা থেকেই সুপারভাইজারের কাছে পাঠিয়ে দেন।

এই ইউনিয়নে সুপারভাইজারের দায়িত্ব পালনকারী আতিকুর রহমান বাসসকে জানান, অনেক খানাতে শিশুদের জন্ম নিবন্ধন না থাকা এবং সার্ভারে সমস্যা থাকার কারণে জরিপ কার্যক্রমে বিলম্ব ঘটছে। একটি খানাতে অনেক সময় তিনবার করেও যেতে হচ্ছে। ইউনিয়নে মোট ১১ হাজার খানার মধ্যে এ পর্যন্ত চার হাজার ৮০০ খানার তথ্য সংগ্রহ করা হয়েছে।

বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ফ্যামিলি কার্ডের জন্য বাড়িতে বাড়িতে জরিপ কার্যক্রমকে নিরবচ্ছিন্ন করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নাটোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পিয়ারুল ইসলাম বাসকে জানান, তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে কর্মসূচি সফল করতে কাজ করছেন তারা।

সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ বাসসকে জানান, প্রাথমিক পর্যায়ে জেলার আটটি পৌরসভা এবং ৫২টি ইউনিয়নের অতি দরিদ্র, দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবার ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আসবে।

নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার বাসসকে বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড। তথ্য সংগ্রহের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করতে সমাজসেবা বিভাগের সাথে সমন্বয় এবং প্রশাসনিক মনিটরিং অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


পটুয়াখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

পটুয়াখালী, ২০ নভেম্বর, ২০২৬ : জেলার দশমিনায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় তাদের পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে দশমিনা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- উপজেলার কাটাখালী এলাকার হারুন আকনের ছেলে মো. আরিফ আকন (২৫), দশমিনা সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মৃত মনির হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (২৩) এবং গছানী এলাকার মোহাম্মদ আলী মৃধার ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে সাইদুল (২৫)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিফ আকন ও আরিফ হোসেন উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। সাইফুল ইসলাম ওরফে সাইদুল বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের ১নম্বর সহ-সভাপতি।

থানা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি ঘটনা ঘটে।

এ ঘটনায় দশমিনা থানা-পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের নাম থাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বাসসকে জানিয়েছেন, মামলার তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ সকাল ১১টায় আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মৌলিক সমস্যার সমাধানে হতাশা প্রকাশ করলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মৌলিক সমস্যার সমাধানে হতাশা প্রকাশ করলেন প্রেসিডেন্ট

স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্তব্য করেন, দেশে নিরপরাধ মানুষ হত্যা করা হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে এবং কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন করেন, "এ কোন বাংলাদেশ, আমরা কোন জাতি? নিজেদের হাতেই নিজেদের ধ্বংস করছি। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।"

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে ছাত্রসমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীরা পরিবর্তনের দাবি নিয়ে রাজপথে নেমেছে। তারা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন চেয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সব সময় সেই প্রত্যাশা পূরণ হয়নি।

ঢাকা কলেজের ঐতিহ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "এটি বাংলাদেশ, এ অঞ্চল ও সমগ্র উপমহাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান।" তিনি উল্লেখ করেন, এ কলেজ থেকে বহু সৃজনশীল ও মেধাবী মানুষ তৈরি হয়েছেন। শিক্ষার্থীরা বরাবরই রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। তবে তিনি কলেজের শিক্ষার্থীদের আবাসন, হোস্টেল, সমৃদ্ধ লাইব্রেরি ও আধুনিক গবেষণাগারের সংকটের কথা শুনে হতাশা প্রকাশ করেন।

শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেও পর্যাপ্ত কর্মসংস্থান পাচ্ছে না। তিনি বলেন, "এ পরিস্থিতি পরিবর্তনে শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে।" শিক্ষা যেন শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও বাস্তব জীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এ দেশের জন্য পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন। নতুন প্রজন্মের অনেক তরুণও দেশের পরিবর্তনের স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগের ভিত্তিতে এমন একটি মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে পরবর্তী প্রজন্ম মর্যাদা নিয়ে বাঁচতে পারবে এবং নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে।

শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে প্রেসিডেন্ট বলেন, তাঁদের কাজ শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা, গবেষণা, জ্ঞান অনুসন্ধান ও সৃজনশীল চিন্তার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

নতুন প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, তরুণেরা অনেক বেশি সৃজনশীল, সাহসী ও উদ্যোগী। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের হাত ধরেই বাংলাদেশ একটি বাসযোগ্য, মানবিক ও গণতান্ত্রিক সমাজ হিসেবে গড়ে উঠবে।

উল্লেখ্য, ১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত ঢাকা কলেজ দেশের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার ১৮৫ বছর পূর্ণ করে শুক্রবার প্রতিষ্ঠানটি ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে কলেজে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা ৬৫ রাবি শিক্ষক-শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা ৬৫ রাবি শিক্ষক-শিক্ষার্থী

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে সাগরের উত্তাল অবস্থার ফলে সেন্টমার্টিনে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী।

তথ্য অনুসন্ধান করে জানা গেছে, সাগর উত্তাল থাকায় নৌপথে পর্যটকবাহী জাহাজের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের সেন্টমার্টিনে অবস্থান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম এ বিষয়ে বলেন, "আমরা এখানে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতে শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে।" তবে তিনি উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্বয়ং উপাচার্যের সার্বিক খোঁজখবর ও সহযোগিতার আশ্বাস তাঁদের মনোবল বাড়িয়েছে। তিনি আরও বলেন, "ভ্রমণ বাতিল হওয়ায় শিক্ষার্থীরা সাময়িক আর্থিক সংকটে পড়েছেন।" এই পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ বিষয়ে বলেন, "বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আমি কক্সবাজার সার্কেলের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি।" তিনি জানান, পুলিশ সুপার তাঁকে আশ্বস্ত করেছেন যে, সাগরের ঢেউ কমে এলেই শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, "অনাকাঙ্ক্ষিতভাবে অতিরিক্ত দুই দিন অবস্থান করতে হওয়ায় শিক্ষার্থীদের আর্থিক বিষয়টিও আমরা বিবেচনায় রাখছি।"

তিনি বলেন, "আমি বিভাগের শিক্ষক ড. মানিকুল ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।" উপাচার্য আরও জানান, সাগরের ঢেউয়ের পরিস্থিতি অনুকূলে না থাকলে শিক্ষার্থীদের আগামীকালও সেখানে অবস্থান করতে হতে পারে। তবে শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে যেন শিক্ষার্থীরা উত্তাল সাগরে যাতায়াত না করেন। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%