প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে সাগরের উত্তাল অবস্থার ফলে সেন্টমার্টিনে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী।
তথ্য অনুসন্ধান করে জানা গেছে, সাগর উত্তাল থাকায় নৌপথে পর্যটকবাহী জাহাজের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের সেন্টমার্টিনে অবস্থান করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম এ বিষয়ে বলেন, "আমরা এখানে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতে শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে।" তবে তিনি উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্বয়ং উপাচার্যের সার্বিক খোঁজখবর ও সহযোগিতার আশ্বাস তাঁদের মনোবল বাড়িয়েছে। তিনি আরও বলেন, "ভ্রমণ বাতিল হওয়ায় শিক্ষার্থীরা সাময়িক আর্থিক সংকটে পড়েছেন।" এই পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ বিষয়ে বলেন, "বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আমি কক্সবাজার সার্কেলের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি।" তিনি জানান, পুলিশ সুপার তাঁকে আশ্বস্ত করেছেন যে, সাগরের ঢেউ কমে এলেই শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, "অনাকাঙ্ক্ষিতভাবে অতিরিক্ত দুই দিন অবস্থান করতে হওয়ায় শিক্ষার্থীদের আর্থিক বিষয়টিও আমরা বিবেচনায় রাখছি।"
তিনি বলেন, "আমি বিভাগের শিক্ষক ড. মানিকুল ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।" উপাচার্য আরও জানান, সাগরের ঢেউয়ের পরিস্থিতি অনুকূলে না থাকলে শিক্ষার্থীদের আগামীকালও সেখানে অবস্থান করতে হতে পারে। তবে শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে যেন শিক্ষার্থীরা উত্তাল সাগরে যাতায়াত না করেন। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন