ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদারে ১৭টি কংক্রিটের বাংকার নির্মাণের উদ্যোগ মার্কিন বাহিনীর


মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদারে ১৭টি কংক্রিটের বাংকার নির্মাণের উদ্যোগ মার্কিন বাহিনীর

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন ও জোট বাহিনীর সেনাদের সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে কংক্রিটের বাংকার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বর্তমান সময়ে সেনাদের আশ্রয়ের জন্য ব্যবহৃত রূপান্তরিত শিপিং কনটেইনারগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে সেগুলোর পরিবর্তে শক্তিশালী কংক্রিটের আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর ১৩ নভেম্বর তারিখে প্রকাশিত একটি ক্রয় বিজ্ঞপ্তিতে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসরায়েলে ১০টি, সউদী আরবে পাঁচটি এবং লেবাননে দুটি বাংকার নির্মাণের পরিকল্পনা রয়েছে। মোট পাঁচটি সামরিক স্থাপনায় ১৭টি বাংকার নির্মাণ করা হবে। মার্কিন সামরিক সংবাদমাধ্যম আর্মি টাইমসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সেনাদের সুরক্ষায় প্রকল্পটি জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন। বর্তমানে অস্থায়ী কনটেইনারে আশ্রয় নেওয়া সেনারা ঝুঁকির মধ্যে রয়েছেন। ঠিকাদারদের প্রতিটি কার্যাদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। আনুষ্ঠানিক দরপত্র আহ্বানের পর প্রস্তাব জমা দেওয়ার জন্য দরদাতাদের মাত্র তিন দিন সময় দেওয়ার পরিকল্পনার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমার: গণহত্যার রায় ‘ন্যায্য নয়’ দাবি আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে

পরিকল্পনার আওতায়, বাংকারগুলো হবে আগে থেকে তৈরি শক্তিশালী কংক্রিটের কাঠামো। এতে থাকবে স্টিলের দরজা। ছাদ ও বাইরের দেয়ালে অতিরিক্ত সুরক্ষার জন্য বালুর বস্তা ব্যবহার করা হবে। নতুন স্থাপনা নির্মাণের জন্য ঠিকাদারদের বিদ্যমান রূপান্তরিত শিপিং কনটেইনার, কংক্রিটের প্রতিবন্ধক ও অন্যান্য অস্থায়ী স্থাপনা সরিয়ে ফেলতে হবে।

তবে ১৭ নভেম্বর মার্কিন সেনাবাহিনী সরকারি চুক্তি-সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রকল্পের সহায়ক নথিপত্র সরিয়ে নেয়। এ বিষয়ে ইউএস আর্মি সেন্ট্রালের মুখপাত্র কর্নেল অ্যাডাম হলমার্ক বিজনেস ইনসাইডারকে জানান, নথি সরানোর বিষয়টি প্রশাসনিক পরিবর্তনের অংশ। তবে সেনাদের সুরক্ষার প্রয়োজনীয়তা বহাল রয়েছে।

মার্কিন সেনাবাহিনী পুরো মধ্যপ্রাচ্যে সেনাদের ঝুঁকির কথা উল্লেখ করলেও লেবাননে দুটি বাংকার নির্মাণের নির্দিষ্ট কারণ জানায়নি। প্রকল্পের নথিতে সামরিক স্থাপনাগুলোর নাম ও অবস্থানও প্রকাশ করা হয়নি।

এদিকে, কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় প্রাণঘাতী ড্রোন হামলার পর সেনাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় মার্কিন সেনাবাহিনীর একটি কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। আহত হন আরও কয়েক ডজন।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে

ওই হামলা থেকে বেঁচে যাওয়া মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র‍্যামসবটম কংগ্রেসে একটি হুইসেলব্লোয়ার অভিযোগ জমা দিয়েছেন। এতে তিনি দাবি করেছেন, কমান্ড পোস্টের দুর্বল প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে আগেই সতর্ক করা হলেও জ্যেষ্ঠ কর্মকর্তারা তা উপেক্ষা করেছিলেন। অভিযোগে বলা হয়েছে, ওই স্থাপনাটিতে কোনো চিকিৎসক বা নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র ছিল না; ছিল মাত্র একটি অ্যাম্বুলেন্স।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, পেন্টাগনের এক মুখপাত্র অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি: দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


রাষ্ট্রপতি: দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে, যাতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করার পর যথাযথ কর্মসংস্থানের সুযোগ পায়।

তিনি উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থা এমনভাবে গঠন করতে হবে— যাতে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছেন, তা কার্যকর হয় এবং দেশ, মানুষ ও তাদের নিজেদের জীবনে কাজে আসে। একইসাথে শিক্ষাব্যবস্থা থেকে যেন সত্যিকারার্থে প্রয়োজনীয় ও কার্যকর ফলাফল পাওয়া যায়, তা নিশ্চিত করা আবশ্যক। এজন্য দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে।

আজ সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

এসময় তিনি দেশের শিক্ষাব্যবস্থাকে প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার্থীদের সত্যিকারার্থে দক্ষ করে তুলবে এবং দেশের জন্য কার্যকর অবদান রাখতে সক্ষম করবে।

ঢাকা কলেজের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই উপমহাদেশের অনেক মানুষের শিক্ষাজীবনের সঙ্গে এ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে। তৎকালীন বাংলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, শুধু আজকের বাংলাদেশ নয়, তৎকালীন পাকিস্তান এবং তারও আগে ব্রিটিশ শাসনামলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং এ প্রতিষ্ঠান শিক্ষার্থীরা প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে সবসময় নেতৃত্বের আসনে ছিলেন।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। সেসময় কলেজে ছাত্র রাজনীতি ও সংগঠন কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু সেই পরিবেশের মধ্যেও ছাত্ররাজনীতি হয়েছে। গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং গোপনে সংগঠন করার চেষ্টা করেছেন।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা কলেজ এ দেশ, এ অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ। এখান থেকে সবচেয়ে সৃজনশীল ও মেধাবী মানুষ বেরিয়ে এসেছেন এবং তারা দেশ পরিচালনায় ভূমিকা রেখেছেন। তাই সরকারে যারাই থাকুন না কেন, ঢাকা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি এ সকল সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঢাকা কলেজকে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠার করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা তা পূরণের লক্ষ্যে দীর্ঘকাল ধরে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত পুরো সময়জুড়ে ছাত্ররা বারবার রাজপথে বেরিয়ে এসেছেন। এ সকল আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকল জায়গায় নেতৃত্ব দেবেন।

সম্মিলিতভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করার মতো ঘটনা ঘটছে। মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এ অবস্থা কখনোই কাম্য নয়। যে বাংলাদেশের জন্য সংগ্রাম করা হয়েছে, সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে।

রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলাতে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে। আর সেই অগ্রযাত্রার জন্য প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক একটি প্রজন্ম। একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে।

এজন্য শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণা, মননশীলতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ গড়ে তুলতে হবে।

ভাষা, কর্ম, ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগের অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। এসব বিষয় এখন নতুন বাস্তবতা।

শিক্ষাব্যবস্থাকেও এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে সাজাতে হবে। এআইকে কতটুকু ভালোভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে। একই সঙ্গে আইটির ব্যবস্থাকেও এগিয়ে নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, যারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাদেরকে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম অব্যাহত রাখার মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

এজন্য বর্তমান তরুণ শিক্ষার্থীদের তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশ ও জাতির উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, আমি দেখতে চাই যে, শিক্ষার্থীরা যে পরিবর্তন নিয়ে এসেছে এবং যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে পরিবর্তন ঘটিয়েছেন— তার বাস্তব প্রতিফলন ঘটুক।

এসময় রাষ্ট্রপতি দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে ও স্বাক্ষরতা বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি ঢাকা কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের আরও দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন, সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।

আরও বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিতে কাদায় বিপর্যস্ত ঝিনাইদহের নতুন হাটখোলা বাজার, জনদুর্ভোগ চরম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


বৃষ্টিতে কাদায় বিপর্যস্ত ঝিনাইদহের নতুন হাটখোলা বাজার, জনদুর্ভোগ চরম

ঝিনাইদহ পৌরসভার ব্যস্ততম নতুন হাটখোলা বাজার সামান্য বৃষ্টি হলেই কাদা ও পানিতে একাকার হয়ে যায়। এটি বাজার নাকি ধান লাগানোর চাষের জমি, তা বোঝার উপায় নেই।

পৌর কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতা ও অবহেলার কারণে হাটের ভেতরের চলাচলের রাস্তা ও অলিগলি সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে হাজারো ক্রেতা-বিক্রেতা চরম জনদুর্ভোগে পড়েছেন। অতীতে এই হাটের ভেতরের রাস্তায় নামমাত্র ইটের খোয়া (ব্যাটস) ফেলে প্রায় ৫৫ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।

সরেজমিন বাজার পরিদর্শন করে দেখা যায়, বৃষ্টির ফলে হাটের অধিকাংশ স্থানে কাদা ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও জমে আছে নোংরা পানি, আবার কোথাও কাদার মধ্যে যানবাহনের চাকার খাদ তৈরি হয়েছে। পা ফেলার মতো কোনো শুকনো জায়গা না থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে কাদা মাড়িয়েই নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে হচ্ছে।

হাটে বাজার করতে আসা শহরের আরাপপুর এলাকার আবু জাফর ক্ষোভ প্রকাশ করে বলেন, "বৃষ্টি নামলেই এই হাটের এমন বেহাল দশা হয়। কাঁদার মধ্য দিয়ে হাঁটতে গিয়ে পরনের কাপড় ও জুতা নষ্ট হয়ে যাচ্ছে। একটু অসতর্ক হলেই পা পিছলে বড় ধরনের দুর্ঘটনার ভয় থাকে।"

উপ-শহর পাড়ার ক্রেতা বেবি খাতুন জানান, "এমন কাদাপানির ভেতর নারী ও বয়স্ক মানুষদের চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পৌরসভার উচিত দ্রুত হাটের রাস্তাঘাট সংস্কার করে মানুষের এই কষ্ট লাঘব করা।"

পৌর কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, "দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি। বৃষ্টি হলেই পুরো হাট কাদায় ডুবে যায়, মালামাল নিয়ে দোকানে ঢোকা যায় না। কাদার ভয়ে ক্রেতারাও আসতে চান না, ফলে আমাদের বেচাকেনা অর্ধেকে নেমে আসে। পৌরসভায় বারবার ধরনা দিয়েও কোনো প্রতিকার মেলেনি।"

মাছ বিক্রেতা মনির হোসেন একই সুরে দ্রুত হাটের রাস্তাগুলো পাকা করার এবং সঠিক ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এই হাটের রাস্তায় কেবল ইটের খোয়া (ব্যাটস) ফেলে সংস্কারের নামে ৫৫ লাখ টাকা বিল তুলে নেওয়া হয়েছিল, কিন্তু কার্যকর কোনো কাজ হয়নি।

এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাশেদ আলী খান বলেন, "নতুন হাটখোলার ভেতরের রাস্তা সংস্কারের জন্য ‘জলবায়ু সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প’-আরইউটিডিপি এর আওতায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, ইতোমধ্যে কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহেই নির্মাণকাজ শুরু হবে। আশা করছি দ্রুতই এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

 যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, কারাগারে স্বামী; শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাবার**

বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকায় সাবিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ তোলা হয়েছে। তবে সাবিনার মৃত্যু হত্যা, নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালি গ্রামের জাকির হোসেন তালুকদারের মেয়ে। প্রায় দেড় বছর আগে বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকার লাল মিয়া খলিফার ছেলে হীরা খলিফার (৩২) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে হুমায়রা নামে চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই সাবিনার দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। চার লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী হীরা খলিফাসহ শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে সাবিনা বাবার বাড়িতে চলে যান। পরে এ বিষয়ে নলছিটি উপজেলার ব্র্যাক কার্যালয়ে অভিযোগ করেন তিনি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার প্রায় ১৫ দিন আগে ব্র্যাকের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। এরপর সাবিনাকে আবারও বরিশালে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে সমঝোতার পরও তাঁর ওপর নির্যাতন বন্ধ হয়নি বলে অভিযোগ স্বজনদের।

এদিকে, ঘটনার সাত দিন আগে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান সাবিনার স্বামী হীরা খলিফা। নিহতের পরিবারের দাবি, হীরা নিয়মিত মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

নিহতের বাবা জাকির হোসেন তালুকদার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। বিয়ের পর থেকেই আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। দীর্ঘদিন ধরে চার লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছিল।’

তিনি আরও অভিযোগ করেন, ‘কারাগারে থাকা জামাতা হীরা খলিফার পরামর্শে আমার মেয়ের তিন ভাসুর, দেবর, শাশুড়ি ও দুই জা মিলে তাকে হত্যা করেছেন। আমি আইনের আশ্রয় নেব এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

একই ধরনের অভিযোগ করেছেন নিহতের চাচাতো ভাই সোহাগও। তবে পরিবারের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সাবিনার মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় তাঁর মৃত্যুর প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্ত শেষে সাবিনা আক্তারের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চার মাসের শিশুকন্যাকে রেখে সাবিনার এমন মৃত্যু ঘিরে এলাকায় শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!

হোয়াটসঅ্যাপে প্রতিদিন অসংখ্য মেসেজ, ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ নথি জমা হয়। ফোন হারানোর ঘটনা ঘটলে বা নতুন ফোন কেনার সময় গুরুত্বপূর্ণ তথ্য ফিরিয়ে পাওয়ার জন্য ব্যাকআপের প্রয়োজন হয়। এতদিন গুগল ড্রাইভ বা আইক্লাউডে এই ব্যাকআপ রাখা সম্ভব ছিল। তবে বর্তমানে হোয়াটসঅ্যাপ তাদের নিজস্ব ক্লাউড স্টোরেজ চালুর পরিকল্পনা করছে। সেখানে নির্দিষ্ট পরিমাণ জায়গা বিনামূল্যে পাওয়া যাবে। কিন্তু অধিক স্টোরেজ প্রয়োজন হলে ব্যবহারকারীদের টাকা খরচ করে সাবস্ক্রিপশন নিতে হতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েববিটাইনফোরের তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নতুন ক্লাউড স্টোরেজ ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নির্বাচিত কিছু অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা গুগল ড্রাইভের পাশাপাশি হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউডেও চ্যাট ব্যাকআপ রাখতে পারবেন।

নতুন এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীদের ২জিবি পর্যন্ত স্টোরেজ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে যাদের আরও বেশি জায়গার প্রয়োজন, তাদের জন্য পেইড সাবস্ক্রিপশন থাকবে।

প্রাথমিক রিপোর্টে ভারতে দুটি সাবস্ক্রিপশন প্ল্যানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামক প্ল্যানের আওতায় মাসে ৭৯ রুপি খরচ করলে সর্বোচ্চ ১০০জিবি স্টোরেজ পাওয়া যাবে। অন্যদিকে ‘মেটা ওয়ান কোর’ নামক প্ল্যানে মাসিক খরচ হতে পারে ৫৪৯ রুপি, যেখানে সর্বোচ্চ ৪ টেরাবাইট স্টোরেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো সম্ভাব্য মূল্য হিসেবে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত দাম সংস্থার ঘোষণার পরেই নিশ্চিত হবে।

রিপোর্ট অনুযায়ী, পেইড প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলেও শেষ ব্যাকআপটি চার মাস পর্যন্ত হোয়াটসঅ্যাপের সার্ভারে রাখা হতে পারে। এই সময়ের মধ্যে সাবস্ক্রিপশন চালু না করলে ব্যাকআপ স্থায়ীভাবে মুছে যেতে পারে। তাই পরিষেবাটি ব্যবহার করার সময় সাবস্ক্রিপশনের মেয়াদ খেয়াল রাখা জরুরি।

এছাড়া জানা গেছে, নতুন ক্লাউড স্টোরেজে রাখা চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকবে। এই নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করার সুযোগ থাকবে না। অতিরিক্ত সুরক্ষার জন্য ব্যবহারকারীরা পাসওয়ার্ড, পাসকি অথবা ৬৪ সংখ্যার এনক্রিপশন কি ব্যবহার করতে পারবেন। যারা এনক্রিপশন ছাড়া ব্যাকআপ রাখতে চান, তাদের গুগল ড্রাইভ বা আইক্লাউড ব্যবহার করতে হবে।

এখনো নির্বাচিত অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের মধ্যে এই ফিচারের পরীক্ষা চলছে। ভবিষ্যতে আইওএস ব্যবহারকারীদের জন্যও পরীক্ষা শুরু হতে পারে। তবে কবে সবার জন্য ফিচারটি চালু হবে, তা এখনো জানায়নি মেটা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%