ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিয়ানমার: গণহত্যার রায় ‘ন্যায্য নয়’ দাবি আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে


মিয়ানমার: গণহত্যার রায় ‘ন্যায্য নয়’ দাবি আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে

মিয়ানমারের সরকার আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে তাদের দোষী সাব্যস্ত করার রায়কে ‘ন্যায্য নয়’ বলে অভিহিত করেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র খাইং খাইং সোয়ে এই মন্তব্য করেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি শুক্রবার (২০ নভেম্বর) এই তথ্য জানায়।

মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র খাইং খাইং সোয়ে উল্লেখ করেন যে, ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দিয়েছেন। তাই এটি একটি সর্বসম্মত সিদ্ধান্ত নয়। তার মতে, রায়টি ন্যায্য হয়নি।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার রায়ে নেতানিয়াহুর জন্য নতুন বিপত্তি সৃষ্টি

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত তাদের ঐতিহাসিক রায়ে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ, যৌন সহিংসতা ও শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এই সময়ে কয়েক লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন।

মিয়ানমার সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, সশস্ত্র বিদ্রোহীদের হামলার প্রতিক্রিয়ায় ওই অভিযান পরিচালিত হয়েছিল। তবে আদালত বলেছে, অভিযানের সময় বেসামরিক মানুষ ও কথিত যোদ্ধাদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি।

আদালত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে তাদের নিজ দেশে ফেরার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে, যদিও এর পরিমাণ পরে নির্ধারণ করা হবে। তবে আদালতের রায় কার্যকর করার জন্য তাদের কাছে কোনো নিজস্ব ব্যবস্থা নেই। তাই মিয়ানমার সরকার এসব নির্দেশ কতটা মানবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: ফ্রান্স২৪

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাবে সিপিডির বিরুদ্ধে বিজিএমইএর আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাবে সিপিডির বিরুদ্ধে বিজিএমইএর আপত্তি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও তথ্যের ভিত্তিতে সিপিডির প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

এই বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে একটি চিঠি পাঠিয়ে নিজেদের পর্যবেক্ষণ এবং পাল্টা পরিসংখ্যান উপস্থাপন করেছে সংগঠনটি।

বিজিএমইএ চিঠিতে উল্লেখ করেছে, শ্রমিকদের পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করার ফলে প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি। তারা আরও জানায়, পুরো পোশাকশিল্পের জন্য শুধুমাত্র ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনা করাও যুক্তিসঙ্গত নয়। কারণ, তাদের হিসাব অনুযায়ী, ঢাকা-আরবান এলাকার কারখানা থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ আসে।

এছাড়াও, সিপিডির প্রস্তাবে খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে অতিরিক্ত আবাসন ব্যয় যুক্ত করার কারণে দ্বৈত গণনার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেছে বিজিএমইএ। শিল্পের আর্থিক সংকট তুলে ধরে সংগঠনটি জানায়, গত ৩ বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। অথচ, একই সময়ে রপ্তানি মূল্য ২ দশমিক ৬ শতাংশ কমেছে। অন্যদিকে, ব্যাংক ঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে। রপ্তানি প্রণোদনাও কমেছে।

বিজিএমইএর দাবি, গত ৩ বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি ১৩৬ শতাংশ বেড়েছে, যেখানে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় বেড়েছে যথাক্রমে ৫৯, ৫৪ ও ৫০ শতাংশ।

চিঠিতে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির পরবর্তী ইনক্রিমেন্ট এবং ২০২৪ সালে দেওয়া ৯ শতাংশ ইনক্রিমেন্টের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

বিজিএমইএর মতে, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতিও গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চাঁদা না পেয়ে’ ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হলো লাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


‘চাঁদা না পেয়ে’ ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হলো লাশ

কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না পেয়ে রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ স্থানীয় এক কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে উঠেছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়ার একটি পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

অভিযুক্ত আবরাদ হাসান সজিব, কলেজ পাড়ার সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। তিনি দীর্ঘ সময় ধরে এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ দিন আগে সজিব লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গিয়ে রেদোয়ান হোসেনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে। এরপর থেকেই রেদোয়ান নিখোঁজ ছিলেন। তার কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রেদোয়ানের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, "আমার ছেলেকে সজিব হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। এই ঘটনায় আমি তার সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।"

তিনি আরও বলেন, "সজিব আমার ছেলের কাছে চাঁদা চায়। না দেওয়ায় সেদিন তাকে ব্যাপক মারধর করে। ভেবেছিলাম আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ। এটা কিভাবে মানব?"

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, "গত ১৭ তারিখ থেকে রেদোয়ান হোসেন নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ মাঠে নেমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রত্যন্ত গ্রামে জ্ঞানের আলো ছড়াতে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


প্রত্যন্ত গ্রামে জ্ঞানের আলো ছড়াতে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার উদ্বোধন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ধনমণ্ডল ঢাকাইয়া পাড়া গ্রামে জ্ঞানের আলো ছড়ানোর উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার যাত্রা শুরু করেছে। এই পাঠাগারটি গ্রামীণ জনগণের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার সুযোগ বৃদ্ধি করা এবং শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়, যেখানে একুশে পদকপ্রাপ্ত দুই বাংলার প্রখ্যাত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলী সায়েদ, অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে বইমুখী করে তুলতে এই পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন।

ইমদাদুল হক মিলন বলেন, ‘শহরাঞ্চলের তুলনায় প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ অনেক ক্ষেত্রেই সীমিত। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের ফলে এলাকার শিশু-কিশোর ও তরুণেরা সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে বই পড়ার সুযোগ পাবে। পাশাপাশি পাঠাগারটি স্থানীয় শিক্ষার্থী ও বইপ্রেমীদের জ্ঞানচর্চা এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকাশের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।’

পাঠাগার উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গ্রামের মধ্যে এমন একটি পাঠাগার প্রতিষ্ঠিত হওয়ায় তারা আনন্দ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, পাঠাগারটি শুধু বই পড়ার স্থান হিসেবেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত বই পড়ার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের জ্ঞানসমৃদ্ধ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়ে মাঠে আসুন’—রাবাদার দর্শকদের প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়ে মাঠে আসুন’—রাবাদার দর্শকদের প্রতি আহ্বান

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তারকাদের অভাব নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নও তারা। কিন্তু ঘরের মাঠে টেস্ট ম্যাচ দেখার জন্য দর্শকদের আগ্রহ যেন ক্রমশ কমে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টেও দর্শক উপস্থিতি ছিল কম।

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার এই পরিস্থিতি ভালোভাবে নেননি। তাই তিনি দর্শকদের মাঠে ফেরানোর জন্য একটি অভিনব পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, অফিসের কাজ থাকলে ল্যাপটপ ও পাওয়ার ক্যাবল নিয়ে স্টেডিয়ামে আসতে।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়লাভ করে। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই দারুণ পারফর্ম করে ম্যাচসেরা হন রাবাদা। তিনি ৮ উইকেট নিয়েছেন এবং প্রথম ইনিংসে করেছেন ক্যারিয়ারসেরা ৭২ রান। তবে দলের এমন দাপুটে জয়ের পরও গ্যালারির ফাঁকা আসনগুলো তার দৃষ্টি এড়ায়নি।

জোহানেসবার্গ টেস্টের পাঁচ দিনে মোট ২৩ হাজার ৫০০ দর্শক মাঠে উপস্থিত ছিলেন। প্রায় ২৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রথম দিন ৯ হাজার দর্শক থাকলেও পরবর্তী দিনগুলোতে গড় দর্শক সংখ্যা ছিল মাত্র ২ হাজারের কাছাকাছি। রাবাদার মতে, এতে মাঠের আবহাওয়ায় প্রভাব পড়েছে।

দর্শকদের মাঠে আসার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি এখন মানুষের কাজের অনেক চাপ। সামনেই সবাই বোনাস পাবে, গ্রীষ্মকালও চলে আসবে। আমার মনে হয় তখন আবার গ্যালারি দর্শকে ভরে উঠবে। তবে আজকাল তো অনেকেই স্টেডিয়ামে বসে অফিসের কাজ করেন। তাই আমি বলব আপনারা ল্যাপটপ ও পাওয়ার ক্যাবল নিয়ে মাঠে চলে আসুন।’

রাবাদার মতে, গ্যালারিতে দর্শক থাকলে খেলোয়াড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি হয়। দর্শক কম থাকলে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সেই আবহ পাওয়া কঠিন হয়ে পড়ে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে সেঞ্চুরিয়নে, আগামী সোমবার (২৩ নভেম্বর)। কর্মদিবসে শুরু হতে যাওয়া সেই ম্যাচে দর্শকসংখ্যা বাড়বে কি না, সেটি এখন দেখার অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%