০৩:৫৬ পি.এম
পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা অর্জনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইসলামাবাদ ট্রাম্প পরিবারের সদস্যদের সঙ্গে ক্রিপ্টোকারেন্সি চুক্তি, যুক্তরাষ্ট্রে লবিংয়ের জন্য বিপুল অর্থ ব্যয় এবং পাকিস্তানের বিরল খনিজ সম্পদের সম্ভাবনা তুলে ধরার মতো পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এসব প্রচেষ্টার ফলে পাকিস্তান তেমন কোনো অর্থনৈতিক বা কৌশলগত সুবিধা লাভ করেনি।
এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের প্রশংসা করেছেন। ইরান, গাজা এবং অন্যান্য আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা করার সময় তিনি মার্কিন প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়েছেন।
পাকিস্তান সরকার ওয়াশিংটনে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে একাধিক লবিং প্রতিষ্ঠান নিয়োগ করেছে। ইসলামাবাদ ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে প্রায় ৫০ লাখ ডলার ব্যয় করেছে। এর মধ্যে সাইডেন ল-এর সঙ্গে দুই লাখ ডলারের একটি চুক্তি ছিল। এই প্রতিষ্ঠানটি জাভেলিন অ্যাডভাইজার্সকে উপ-চুক্তি দেয়। জাভেলিনের প্রতিষ্ঠাতাদের একজন ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক নির্বাহী জর্জ সোরিয়াল, অন্যজন ট্রাম্পের সাবেক দেহরক্ষী ও হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা কিথ শিলার।
আরও পড়ুন: ভারতে দারিদ্র্যসীমা অতিক্রম করেছেন ৫০ কোটি মানুষ
অর্কিড অ্যাডভাইজার্সের সঙ্গেও পাকিস্তান চুক্তি করেছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী লবিং প্রতিষ্ঠান স্কয়ার প্যাটন বগসকে দায়িত্ব দেয়। এসব চুক্তির মেয়াদ শেষ হলেও পাকিস্তানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের ১ মে পাকিস্তানি দূতাবাস সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান টম গ্রেভসের নেতৃত্বাধীন এরভিন গ্রেভস স্ট্র্যাটেজি গ্রুপের সঙ্গে ১২ লাখ ডলারের নতুন চুক্তি করে। এই চুক্তির আওতায় পেন্টাগন ও মার্কিন কংগ্রেসে পাকিস্তানের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।
অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য এই ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা ও বিদেশি ঋণের ওপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনে প্রভাব বাড়াতে বিপুল অর্থ খরচ করাকে জাতীয় সম্পদের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে বিশ্লেষকেরা দেখছেন।
পাকিস্তানের ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত উদ্যোগও আলোচনায় এসেছে। ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এবং ট্রাম্প পরিবারের প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের সহযোগী প্রতিষ্ঠান এসসি ফিনান্সিয়াল টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এর লক্ষ্য ছিল আন্তর্জাতিক লেনদেন ও প্রবাসীদের পাঠানো অর্থের জন্য ডলারের সঙ্গে যুক্ত স্টেবলকয়েন ব্যবহারের ব্যবস্থা করা।
পাকিস্তানের খনিজ সম্পদ নিয়েও ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর হোয়াইট হাউসে উচ্চপর্যায়ের বৈঠকের পর পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন (এফডব্লিউও) যুক্তরাষ্ট্রের ইউএস স্ট্র্যাটেজিক মেটালসের সঙ্গে ৫০ কোটি ডলারের একটি খনিজ বিনিয়োগ চুক্তি করে। ওই বৈঠকে পাকিস্তানি নেতারা ট্রাম্পের সামনে দেশটির খনিজ সম্পদের নমুনা তুলে ধরেন।
আরও পড়ুন: পাকিস্তানে দারিদ্র্য ও মানব উন্নয়ন সংকট ভয়াবহ রূপ নিচ্ছে
প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান পাওয়ারাসের সঙ্গে প্রযুক্তি-সংক্রান্ত সমঝোতা চূড়ান্ত করেন। প্রতিষ্ঠানটির সঙ্গে ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের সমর্থনপুষ্ট একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের একীভূত হওয়ার পরিকল্পনা রয়েছে।
এত উদ্যোগের পরও পাকিস্তানের প্রাপ্তি মূলত প্রতীকী। ট্রাম্প বিভিন্ন অনুষ্ঠানে আসিম মুনিরের প্রশংসা করেছেন। ২০২৫ সালের অক্টোবরে মিসরের শার্ম আল-শেখে শান্তি সম্মেলনসহ বিভিন্ন বক্তব্যে তাকে ‘প্রিয় ফিল্ড মার্শাল’ বলেও উল্লেখ করেন। তবে পাকিস্তান উল্লেখযোগ্য কোনো আর্থিক সহায়তা বা বড় বিনিয়োগ পায়নি।
ট্রাম্পের প্রশংসা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলেছে। এতে দেশটির সামরিক নেতৃত্বের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বেড়েছে—এমন ধারণা তৈরি হয়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস এবং সামরিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সমালোচনা থেকেও মানুষের মনোযোগ সরে যায়। ২০২৫ সালের মে মাসে আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। পরে একই বছরের শেষ দিকে ২৭তম সংবিধান সংশোধনীর আওতায় তাকে দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান করা হয়।
পাকিস্তানের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক বেশি প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ট্রাম্পের আমলে দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হলেও প্রতিরক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ট্রাম্পের কিছু বক্তব্যের পর দুই দেশের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল। তবে তাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা থেমে থাকেনি।
আরও পড়ুন: জাতিসংঘে ইরানের প্রতিবাদ, পরমাণু তথ্যের জন্য ২০ কোটি ডলার পুরস্কারের বিরুদ্ধে চিঠি
২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র ও ভারত প্রতিরক্ষা সহযোগিতার জন্য ১০ বছর মেয়াদি নতুন কাঠামোতে সই করে। মার্কিন প্রতিষ্ঠানগুলো দেশটির প্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও ক্লাউড অবকাঠামো খাতে ৬৭৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ক্লাউড অবকাঠামো সম্প্রসারণে ৩৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, মাইক্রন টেকনোলজি গুজরাটে ২৭৫ কোটি ডলারের সেমিকন্ডাক্টর সংযোজন ও পরীক্ষাকেন্দ্র চালু করেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ভারত-মার্কিন অংশীদারিত্বের পক্ষে দুই দলের আইনপ্রণেতাদের সমর্থন রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২০২৬ সালের অক্টোবরে নয়াদিল্লি সফরে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক মূলত কৌশলগত প্রয়োজনের ভিত্তিতে গড়ে উঠেছে। ভৌগোলিক অবস্থান, সন্ত্রাসবাদ দমনে ভূমিকা এবং পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে যোগাযোগ রাখে। তবে এই সম্পর্ক কখনোই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিকল্প নয় বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের দল। ফলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের ওপর আইনপ্রণেতাদের নজরদারি বাড়তে পারে। পাকিস্তানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোকারেন্সি চুক্তি এবং তার পরিবারের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগগুলোও কংগ্রেসের তদন্তের মুখে পড়তে পারে। এতে ইসলামাবাদের জন্য নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, ওয়াশিংটনের এই রাজনৈতিক পরিবর্তন পাকিস্তানের জন্য বড় ঝুঁকি। ট্রাম্প ও তার পরিবারের ব্যবসায়িক লেনদেনের ওপর নজরদারি বাড়লে প্রশাসনের বাণিজ্যিক কূটনীতিও বাধার মুখে পড়তে পারে। পাকিস্তান যেহেতু ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের ওপর বেশি নির্ভর করেছে, তাই কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার মতো শক্ত ভিত্তি দেশটির নেই। কুগেলম্যানের মতে, পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার বড় অংশ হোয়াইট হাউসকেন্দ্রিক হওয়ায় দেশটি এখন বিপাকে পড়তে পারে। রাজনৈতিক পরিস্থিতি বদলে গেলে ওয়াশিংটনের আলোচনায় পাকিস্তানের গুরুত্বও কমে যেতে পারে।
আরও পড়ুন: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ইমরান খান, চিকিৎসা শেষে ফের কারাগারে
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক আরো এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা, অর্থনৈতিক বিনিয়োগ এবং দুই দলের আইনপ্রণেতাদের সমর্থন দেশটিকে এগিয়ে রেখেছে। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত-মার্কিন অংশীদারিত্ব নতুন গতি পেতে পারে। কারণ, ট্রাম্প প্রশাসনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যেখানে ব্যক্তিকেন্দ্রিক ও লেনদেননির্ভর, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সেখানে দীর্ঘমেয়াদি ও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন