০৩:৪১ পি.এম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে দেওয়া হয়। আজ বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানায়—গভীর রাতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। পরে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে যে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আরো কমেছে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের চোখের পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস–পিমস) হাসপাতালে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘তার রক্তচাপজনিত কিছু সমস্যা হয়েছিল। গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
আরও পড়ুন: ভারতে দারিদ্র্যসীমা অতিক্রম করেছেন ৫০ কোটি মানুষ
ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দেওয়া একটি ছাড়া বাকি সব দণ্ডাদেশ স্থগিত অথবা বাতিল করা হয়েছে। এসব মামলার আপিল এখনো বিচারাধীন রয়েছে। ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।
ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টের পর এই প্রথম ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং পরে আবার কারাগারে ফিরিয়ে আনার ঘটনা ঘটেছে। আগস্টে তাকে হাসপাতালে নেওয়া হলেও সেই চিকিৎসা পরিদর্শন মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল।
এদিকে, ইমরান খানের দল জানিয়েছে, পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে তার আইনজীবী দল ও স্ত্রীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইমরান খানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: পাকিস্তানে দারিদ্র্য ও মানব উন্নয়ন সংকট ভয়াবহ রূপ নিচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন