০৮:১৫ পি.এম
সিরিয়ায় ২০১৬ সালে নিখোঁজ মার্কিন ত্রাণকর্মী লায়লা শওয়েইকানির অপহরণ ও আটকের বিষয়ে তথ্য প্রদান করলে ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এসেছে।
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শওয়েইকানি ২০১৫ সালে সিরিয়ায় পৌঁছান। সেখানে তিনি পূর্ব ঘৌটায় যুদ্ধকবলিত বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। ওই সময় এলাকাটি ছিল বাশার আল-আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে।
কর্মসূচির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার সরকারি বাহিনী তাকে আটক করে। প্রায় ১০ মাস বন্দি থাকার সময় তার ওপর নির্যাতন চালানো হয়। পরে তাকে সামরিক আদালতে পাঠানো হয়। জানা গেছে, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর কুখ্যাত সাইদনায়া সামরিক কারাগারে লায়লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আরও পড়ুন: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত দুজন
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আসাদ সরকারের শাসনকালে বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনর্দখলের সময় বহু বেসামরিক মানুষকে আটক, গুম এবং হত্যা করা হয়েছিল। এসব ঘটনার সঙ্গে সিরিয়ার বিমানবাহিনীর গোয়েন্দা সংস্থার কারাগারব্যবস্থা জড়িত ছিল।
তথ্য সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্র আসাদ সরকারের সাবেক দুই কর্মকর্তা, সিরিয়ার বিমানবাহিনীর গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জামিল হাসান এবং কারাগারের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল সালাম ফজর মাহমুদের খোঁজ করছে। বর্তমানে তারা পলাতক অবস্থায় রয়েছেন।
শওয়েইকানির পরিণতি এবং কারাগারে নির্যাতনের শিকার অন্যান্যদের বিষয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শওয়েইকানির আটক ও নিখোঁজ হওয়ার প্রকৃত ঘটনা জানতে এবং এ বিষয়ে দায়ীদের সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: বিসকেইন বে-তে নৌকার ছবি তুলতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার, পাইলট নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন