বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৩২ পি.এম
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতের অর্থনীতি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করার কারণে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুলকে ‘অপরিণত’, ‘ভারতবিরোধী’ এবং ‘ভারতের মীরজাফর’ বলে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, বিদেশে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন রাহুল গান্ধী।
বুধবার (১৮ নভেম্বর) নয়াদিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গৌরব ভাটিয়া এসব মন্তব্য করেন। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ভারতের অর্থনীতি, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। টাইমস অব ইন্ডিয়া ও পিটিআইয়ের খবর অনুযায়ী, সংবাদ সম্মেলনে ভাটিয়া অভিযোগ করেন যে, বিদেশ সফরে গিয়ে ভিত্তিহীন মন্তব্যের মাধ্যমে ভারতকে অপমান করা রাহুলের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, রাহুল যখনই বিদেশ সফরে যান, তখনই ভারতের শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন।
ভাটিয়া বলেন, ভারতের গণতন্ত্র স্থিতিশীল এবং অর্থনীতি শক্তিশালী। অথচ একজন ‘নৈরাজ্যবাদী’ ব্যক্তি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন যে, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার মডেল অনুসরণ করে ভারতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন রাহুল।
বিজেপির মুখপাত্র আরও বলেন, রাহুল গান্ধীর বক্তব্য মিথ্যা ও অপপ্রচারে ভরা। তথ্যভিত্তিক গবেষণা ছাড়া দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে তিনি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
গৌরব ভাটিয়া অভিযোগ করেন, সংসদের অধিবেশন শুরুর ঠিক আগে প্রায়ই বিদেশ সফরে যান রাহুল গান্ধী। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের গণতন্ত্র কীভাবে অস্থিতিশীল করা যায়, সে বিষয়ে পরামর্শ নিতে রাহুল হয়তো তাঁর ‘প্রভু’ জর্জ সোরোসের কাছে যান। যুক্তরাষ্ট্রের রাজনীতিক ইলহান ওমরের কাছ থেকেও তিনি নির্দেশনা নিতে পছন্দ করেন বলে মন্তব্য করেন ভাটিয়া। রাহুলের সঙ্গে ইলহান ওমরের সাক্ষাতের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি। তিনি মন্তব্য করেন, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তখন তাঁর পাসপোর্টে নতুন একটি সিল পড়ে এবং তাঁর ‘ভারতবিরোধী অপপ্রচারও’ নতুন একটি গন্তব্য খুঁজে পায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের আনোয়ারা এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বক্সের ভিতরে থাকা কিছু প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে।
বুধবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার চাতরী চৌমুহনীতে এই ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক পুলিশের একজন সদস্য জানান, রাতের দায়িত্ব শেষ করে তারা ট্রাফিক বক্স থেকে চলে যান। ফজরের সময় এসে বক্সের ভিতরে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। এ সময় এক পাশের কাচ ভাঙা অবস্থায় পড়ে ছিল এবং কয়েকটি চেয়ার পুড়ে যায়। ঘটনার পর থেকে তারা সেখানে দায়িত্ব পালন করতে পারছেন না।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনকে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট আটজনকে আটক করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশি মদতপুষ্ট একটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার জাতীয় ঐক্যের আহ্বানে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) পূর্ণ সমর্থন প্রদান করেছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এনইসির সভাপতি শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান এ সমর্থন প্রকাশ করেন।
বিবৃতিতে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে চলা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এনইসি নেতারা উল্লেখ করেন, বিদেশি মদতে পরিচালিত এসব সন্ত্রাসী কার্যক্রম দেশের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা কার্যক্রম নিষিদ্ধ ওই সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের দ্বারা সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, সেটি সময়োপযোগী। এনইসি মনে করে, দেশের স্বার্থে সকল রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের এই ঐক্য উদ্যোগে যুক্ত হওয়া উচিত।
জুলাই বিপ্লবের কথা স্মরণ করে বিবৃতিতে বলা হয়, দেড় হাজার মানুষের প্রাণহানি ও বিশ হাজার মানুষের পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেটিকে আরও শক্তিশালী করতে হবে। এনইসি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছে, পরাজিত দেশবিরোধী শক্তির যেকোনো অপতৎপরতা রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সংগঠনটি ক্ষমতাসীন ও বিরোধী দলের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসদর ঈদগাহ থেকে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, মো. কামাল উদ্দিন (ভিপি), পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কদ্দুস মোমেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল, সদস্যসচিব শাহীন আলম জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন তার বক্তব্যে উল্লেখ করেন, "দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।" তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য কিংবা সহিংসতা ছড়ানোর চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি আরও যোগ করেন, জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন। যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে রাজপথে থেকে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। এসময় আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন তিনি।
এর আগে সকাল ৮টা থেকে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। একসময়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ১১ দলীয় ঐক্য এসব অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। জোটের নেতারা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য মোকাবিলা করার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তাঁরা জুলাই বিপ্লবের ঐক্য অটুট রাখা এবং গণভোটের রায় কার্যকরের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক বলেছেন, “আমরা লক্ষ করছি, কয়েক দিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিবাদী পরাজিত অপশক্তি জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশে জ্বালাও-পোড়াও করে তারা নিজেদের প্রকৃত পরিচয় দেশ-বিদেশের মানুষের কাছে প্রকাশ করছে। যেকোনো মূল্যে পরাজিত এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।”
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে প্রধান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকটি সকাল সাড়ে ১০টায় ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে শুরু হয়। এতে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন জোটের নেতারা।
মামুনুল হক বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণ করতেই তাঁরা বৈঠকে বসেছেন। জাতির প্রতি তাঁদের বার্তা হলো—আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তিকে যেকোনো মূল্যে রুখতে হবে। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবেন তাঁরা।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বলতার দিকে ঠেলে যেতে পারে। জুলাই সনদ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছিল ওই ঐক্যের প্রধান ভিত্তি। গণভোটের মাধ্যমে জনগণের রায়ে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে তাঁরা মনে করেন। তবে গণভোটের রায় কার্যকর না করাই বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ। তাই গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের শক্তিগুলোর ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন।
মামুনুল হক বলেন, দল-মতনির্বিশেষে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তিকে বিতাড়িত করেছিল, আবারও সেই ঐক্যের প্রকাশ ঘটাতে হবে। নৈরাজ্য সৃষ্টি করে এবং জনগণের জানমালের ক্ষতি করে কোনো দেশ বা জাতিকে পরাস্ত করা যাবে—এমন ধারণা যারা পোষণ করছে, তারা ভুল করছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান তিনি।
নৈরাজ্যবাদীদের হামলায় নিহত নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, অনেকের জানমালের ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বাড়িঘর, রাস্তাঘাট ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে। সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে হবে। ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে রয়েছে এবং দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।
সরকারপ্রধানের আহ্বানে বিরোধীদলীয় নেতার সাড়া দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ইতোমধ্যে সরকারপ্রধানের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন। এতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা সরকারও অনুভব করছে বলে তাঁরা মনে করেন। তবে ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করা। গণরায় উপেক্ষা করার অবস্থান থেকে সরকার সরে এসে জনগণের উদ্বেগ আমলে নেবে—এমন প্রত্যাশা তাঁদের।
তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আরও সচেতন ও কার্যকর ভূমিকা প্রয়োজন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলেও তাঁরা মনে করেন।
১১ দলের সাত দফা দাবি থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে মামুনুল হক বলেন, সরকারের আহ্বানে সাড়া দেওয়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই মুহূর্তে পরাজিত ও আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা থেকে দেশকে রক্ষা করাই সবচেয়ে জরুরি। কারও জানমালের ক্ষতি, অগ্নিসংযোগ কিংবা বাসাবাড়িতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কয়েক দিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচারের অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এ দেশের মানুষ সতর্ক ও দেশপ্রেমিক। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তারা অতীতেও ষড়যন্ত্র মোকাবিলা করেছে, ভবিষ্যতেও করবে। ১১ দলের মূল লক্ষ্য ক্ষমতায় থাকা বা না থাকা নয়; বরং জনগণের নিরাপত্তা, অধিকার ও স্বার্থ রক্ষা করা।
তিনি বলেন, জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন করা হলে এবং সরকার দীর্ঘসূত্রতা বা এড়িয়ে যাওয়ার মনোভাব না দেখালে দেশের পরিস্থিতি এমন হতো না। এসব বিষয় বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিনেও ১১ দল জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা মোকাবিলা করবে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ