০৮:১৬ পি.এম
কারাগারে অবস্থানরত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার জন্য প্রিজন ভ্যানের পরিবর্তে অ্যাম্বুল্যান্স ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
এই আবেদনটি বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার আইনজীবী বদিউজ্জামান তপাদার দাখিল করেন।
আবেদনের শুনানির সময় আইনজীবী বদিউজ্জামান বলেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অসুস্থ। তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হচ্ছে। গাড়ির ঝাঁকুনির কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাই তিনি অ্যাম্বুল্যান্সে করে আনা-নেওয়ার অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দেশনার আবেদন করেছেন।
আরও পড়ুন: অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের
এ বিষয়ে ট্রাইব্যুনাল মন্তব্য করে বলেন, দেশের কিছু কিছু স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে অ্যাম্বুল্যান্স ব্যবহারের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
পরে কামরুল ইসলামের আইনজীবী বদিউজ্জামান সাংবাদিকদের জানান, আদালত এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলামের সঙ্গে আসামি করা হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও। অভিযোগে বলা হয়েছে, তারা পতিত আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা সহ ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এর ফলস্বরূপ রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন স্থানে নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়। গত ৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে। পরে ৩০ এপ্রিল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। বর্তমানে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ চলছে।
২০২৪ সালের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয় একই বছরের ২২ আগস্ট। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: বালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন