ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

কিশোর গ্যাং তিন মাসের মধ্যে উৎখাতের ঘোষণা চিফ হুইপের


কিশোর গ্যাং তিন মাসের মধ্যে উৎখাতের ঘোষণা চিফ হুইপের

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের কার্যক্রম সম্পূর্ণরূপে উৎখাত করা হবে। তিনি উল্লেখ করেন, কিশোররা আর অস্ত্র বা চাপাতি নিয়ে ঘুরবে না। তাদের বই-খাতা নিয়ে স্কুলে যেতে হবে, লেখাপড়া করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। তারা রোবটিক যুগে প্রবেশ করবে।

শুক্রবার (২ অক্টোবর) এফডিসিতে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, কাচ ভাঙল

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আরও বলেন, বর্তমানে যারা সমাজে সন্ত্রাস ও মবিং করছে, তারা বিগত শাসনামলেও এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। তাদের বের করে আনার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, সরকার কোনো হেলমেট বাহিনী বা হাতুড়ি বাহিনী তৈরির ইচ্ছে পোষণ করে না। রাজনৈতিক দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।

অশ্লীল ভাষা আর বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেন, ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, "আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পালন করছি।" সংসদ সদস্য মিষ্টির পদত্যাগের মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠিন বার্তা দিয়েছে। অপরাধ করে কেউই পার পাবে না। তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম নিজেদের ঘর থেকেই শুরু করা হয়েছে। তবে দেশের উন্নয়নের জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি এবং জুয়ারিরা সব সময় ক্ষমতার পালাবদলের সঙ্গে নিজেদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। বিগত শাসন আমলে যারা রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাং পরিচালনা করত, তারাই বর্তমানে ক্ষমতাসীনদের নাম ভাঙিয়ে কিশোর অপরাধ সংগঠিত করছে।

তার মতে, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের রাজনৈতিক পরিচয় দেখার সুযোগ নেই। সন্ত্রাসীরা কেবল সন্ত্রাসী। কিশোর গ্যাং কালচার প্রতিরোধ করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে। সরকারি দল ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: প্যারিসে আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: প্যারিসে আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন, যা শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, জীর্ণ ভবন এবং গুরুতর শিক্ষক সংকটের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে শুরু হয়েছে, তা এখন তীব্র হিংসাত্মক রূপ ধারণ করেছে। রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় হাজার হাজার শিক্ষার্থী নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজপথে মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ। সংঘর্ষের ফলে দেশজুড়ে ৫০০টিরও বেশি বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

প্যারিস ও পঁতাঁ (Pantin) শহরের সড়কগুলোতে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে আগুন লাগিয়ে দেয় এবং ময়লার আবর্জনা ফেলার বিনগুলোতে অগ্নিসংযোগ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ব্যবহার করেছে। ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান এই সহিংসতার ফলে অন্তত ৬৫ জন স্কুলকর্মী ও শিক্ষক আহত হয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে প্যারিসে আন্দোলনটি শুরু হলেও তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, শ্রেণীকক্ষে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে শিক্ষা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে।

এক বিবৃতিতে ১৬ বছর বয়সী এক ফরাসি শিক্ষার্থী সংবাদমাধ্যম বিবিসি-কে জানিয়েছেন, "আমরা চরম ক্ষুব্ধ। ফ্রান্সে স্কুলের পরিবেশ পরিবর্তন করতে হলে এখন জোরালো আওয়াজ তোলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।"

অন্যদিকে, পরিস্থিতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় সরকার কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমানাঁ বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "শিক্ষার্থীদের সাধারণ বিক্ষোভ এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও বিশৃঙ্খলায় রূপ নিয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে অভিযান, দক্ষিণাঞ্চলে ইমনের ঘোরাঘুরি! সেভেন স্টার পরিচয়ে ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


মিরপুরে অভিযান, দক্ষিণাঞ্চলে ইমনের ঘোরাঘুরি! সেভেন স্টার পরিচয়ে ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ

ঢাকার মিরপুরের সেভেন স্টার গ্রুপের সদস্য হিসেবে পরিচিত ইমন রহমান বর্তমানে বরিশাল, ভোলা, ঝালকাঠি ও আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে চলছেন, এমন অভিযোগ পাওয়া গেছে।

তালাশ বিডির অনুসন্ধানে স্থানীয় বাসিন্দা, কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এসব অভিযোগের তথ্য পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ইমন রহমান নিজেকে মিরপুরের সেভেন স্টার গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদের অভিযোগ, বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে ভয়ভীতি ও গুরুতর হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় কয়েকজন আরও অভিযোগ করেছেন, ইমন রহমান মাদক ব্যবসায়ীদের সহযোগিতা ও বিভিন্নভাবে শেল্টার দিয়ে থাকেন। পাশাপাশি হোটেলকেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমে সহযোগিতা বা শেল্টার দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য

কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, তারা ইমন রহমানকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে লোকজনকে ভয়ভীতি দেখাতে দেখেছেন। তাদের দাবি, অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে।

তবে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

অবস্থান পরিবর্তনের বিষয়ে স্থানীয় সূত্র

স্থানীয় সূত্রগুলোর দাবি, প্রশাসনের নজর এড়াতে ইমন রহমান এক জায়গায় দীর্ঘ সময় অবস্থান করেন না। কখনো ভোলা, কখনো বরিশাল আবার কখনো ঝালকাঠিতে অবস্থান পরিবর্তন করে চলাফেরা করছেন বলে তারা জানিয়েছেন। তার বাড়ি ভোলায় বলে স্থানীয়ভাবে জানা গেছে।

অনুসন্ধানে পাওয়া তথ্য ও যাচাই

তালাশ বিডির অনুসন্ধানে স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট এলাকার একাধিক ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে এসব অভিযোগের তথ্য পাওয়া গেছে। তবে অভিযোগগুলোর সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য নির্ভরযোগ্য সূত্রের বক্তব্য ও নথি সংগ্রহের চেষ্টা করছে তালাশ বিডি। একই সঙ্গে মিরপুরের সেভেন স্টার গ্রুপের সঙ্গে ইমন রহমানের বর্তমান সম্পৃক্ততা এবং বরিশাল, ভোলা ও ঝালকাঠিতে তার কথিত কর্মকাণ্ডের বিষয়েও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

ইমন রহমানের বক্তব্য

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে সেভেন স্টার গ্রুপের সদস্য হিসেবে উল্লেখ করা ইমন রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে প্রকাশ করা হবে।

তালাশ বিডির অনুসন্ধান

মিরপুরের সেভেন স্টার গ্রুপের সঙ্গে ইমন রহমানের সম্পৃক্ততার অভিযোগ, দক্ষিণাঞ্চলে তার চলাফেরা, চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা, আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং অন্যান্য অভিযোগের বিষয়ে তালাশ বিডির অনুসন্ধান অব্যাহত রয়েছে।

অভিযোগগুলোর পেছনে প্রকৃত ঘটনা কী, ইমন রহমানের বর্তমান অবস্থান কোথায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে তার বিষয়ে কী তথ্য রয়েছে, এসব বিষয়ে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করছে তালাশ বিডি।

বিস্তারিত অনুসন্ধানী সংবাদ জানতে সঙ্গে থাকুন তালাশ বিডির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবির রিআর্থ ক্লাবের নেতৃত্বে আল শাহারিয়া ও হাফিজ আল হিমু

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল,বেরোবি প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


বেরোবির রিআর্থ ক্লাবের নেতৃত্বে আল শাহারিয়া ও হাফিজ আল হিমু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের পরিবেশ ও সামাজিক সংগঠন রিআর্থ ক্লাব, বেরোবি-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

২ অক্টোবর ঘোষিত ৩৮ সদস্যের নতুন কমিটিতে আল শাহারিয়া সভাপতি, হাফিজ আল হিমু সম্পাদক এবং প্রতীক গোলদার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটিতে সাংগঠনিক কার্যক্রম, মানবসম্পদ ব্যবস্থাপনা, ডকুমেন্টেশন, যোগাযোগ ও প্রচার, অর্থ ও প্রশাসন, স্টাডি সার্কেল এবং সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটির মেয়াদ অক্টোবর ২০২৬ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত ছয় মাস।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আগ্রহ, পূর্বের সক্রিয়তা, অংশগ্রহণ, অবদান, দক্ষতা ও সক্ষমতা বিবেচনার পাশাপাশি প্রার্থীদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আল শাহারিয়া বলেন, “আমরা শুরু থেকেই পরিবেশ ও সমাজের নানা প্রশ্নকে তরুণদের চিন্তা, আলোচনা ও অংশগ্রহণের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে আসছি। নতুন কমিটির মাধ্যমে আমরা এই কাজকে আরও সংগঠিত ও বিস্তৃত করতে চাই। পরিবেশ, জলবায়ু ও সামাজিক ইস্যুতে শিক্ষার্থী ও জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তাদের বোঝাপড়া, চিন্তাশীলতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করাও আমাদের অন্যতম লক্ষ্য।”

সাধারণ সম্পাদক হাফিজ আল হিমু বলেন, “সাধারন সম্পাদক হিসেবে আমার লক্ষ্য থাকবে এই যাত্রাকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করা এবং আমাদের কাজের মাধ্যমে সমাজ ও পরিবেশবিষয়ক চিন্তার জগৎকে আরও শানিত করা।”

কমিটিতে তীর্থাঙ্কর রায় সহসভাপতি, আদিয়াত খান সাংগঠনিক সম্পাদক, পায়েল আহমেদ মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক, নীলাদ্র মোহাইমিন ডকুমেন্টেশন লিড, আল তাবাসসুম শুভা এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস সম্পাদক, জান্নাতুল মাওয়া ফাইজা প্রচার সম্পাদক, নাফসে জাকিয়া নাবিলা কোষাধ্যক্ষ এবং নিলয় দাস প্রশাসনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির সদস্যদের সহযোগিতায় রিআর্থ ক্লাব, বেরোবি-এর কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি পরিবেশ, জলবায়ু, দুর্যোগ ঝুঁকি, সামাজিক ন্যায়বিচার ও টেকসই ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির উপদেষ্টারা।

রিআর্থ ক্লাব, বেরোবি তরুণদের নেতৃত্বে পরিবেশ ও সামাজিক বিষয় নিয়ে কাজ করা একটি যুব সংগঠন। সংগঠনটির স্লোগান— “ন্যায়, সহনশীলতা ও টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের নেতৃ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ পদায়নে বারবার নাটকীয়তা, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ পদায়নে বারবার নাটকীয়তা, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ পদায়ন নিয়ে আবারও তৈরি হয়েছে নানা প্রশ্ন। দীর্ঘ প্রায় আট বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে পরিচালিত হওয়ার পর গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ অধ্যাপক মোহাম্মদ আকবর আলী নতুন অধ্যক্ষ হিসেবে কলেজে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র একদিন পরই, ১ অক্টোবর তাঁর বদলি ও পদায়নের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে পদায়ন বাতিলের কারণ হিসেবে শুধু ‘প্রশাসনিক কারণে’ উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি সামনে আসার পর পূর্বধলা সরকারি কলেজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সাধারণ মানুষের প্রশ্ন—একজন কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করার পর তিনি মাউশিতে যোগদান করলেন, কলেজে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বও নিলেন; তাহলে মাত্র একদিন পরই কেন তাঁর পদায়ন বাতিল হলো?

দীর্ঘ আট বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রতন

পূর্বধলা ডিগ্রি কলেজ ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। পরে ৮ আগস্ট ২০১৮ কলেজটি জাতীয়করণ হয়ে পূর্বধলা সরকারি কলেজে রূপ নেয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয়করণের পর ১০ আগস্ট ২০১৮ থেকে কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে প্রায় আট বছর পূর্ণাঙ্গ অধ্যক্ষ ছাড়াই কলেজটির প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।

২০২৫ সালে বাহারুল ইসলামের ঘটনাও আলোচনায়

এর আগে ১৫ এপ্রিল ২০২৫ আনন্দমোহন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বাহারুল ইসলামকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছিল।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওইদিন সকালে তিনি পূর্বধলা সরকারি কলেজে এসে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। পরে একই দিন দুপুরে তাঁকে বিদায় জানানো হয়। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, সেটি ছিল তাঁর চাকরিজীবনের শেষ দিন এবং প্রায় তিন ঘণ্টা পূর্বধলা সরকারি কলেজে অবস্থানের পর তিনি অবসরে চলে যান।

ফলে অধ্যাপক বাহারুল ইসলামের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দীর্ঘস্থায়ী হয়নি।

২০২৬ সালে আবার নতুন অধ্যক্ষ

দীর্ঘ বিরতির পর ২৭ সেপ্টেম্বর ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ২৮ সেপ্টেম্বর তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগদান করেন।

এরপর ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, বেলা আড়াইটার দিকে পূর্বধলা সরকারি কলেজে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আকবর আলী। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি শিক্ষক-কর্মচারী, সাংবাদিক ও ছাত্রনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।

তবে এই দায়িত্ব গ্রহণের পরদিনই ঘটে নতুন মোড়।

একদিন পরই পদায়ন বাতিল

১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ২৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়নের আদেশের সংশ্লিষ্ট অংশ ‘প্রশাসনিক কারণে’ বাতিল করা হয়।

তবে প্রজ্ঞাপনে ‘প্রশাসনিক কারণ’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন

আকবর আলীর পদায়ন বাতিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা দেখা যাচ্ছে। কেউ কেউ দীর্ঘদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা আনোয়ারুল হক রতনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। আবার কেউ কেউ অধ্যাপক আকবর আলীর অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন দাবি করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টে তাঁকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করা হচ্ছে। তবে এ ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য সরকারি নথি বা যাচাইযোগ্য সূত্র পাওয়া না গেলে তা সত্য হিসেবে উপস্থাপন করা যায় না। একইভাবে আকবর আলীর পদায়ন বাতিলের সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কোনো ব্যক্তিগত বা প্রশাসনিক ভূমিকা ছিল—এমন দাবিরও এখন পর্যন্ত কোনো সরকারি নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

তাহলে ‘প্রশাসনিক কারণ’ কী?

এখন মূল প্রশ্ন—ঠিক কী কারণে ৩০ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়া একজন অধ্যক্ষের পদায়ন ১ অক্টোবর বাতিল করা হলো?

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এর উত্তর হিসেবে শুধু ‘প্রশাসনিক কারণে’ বলা হয়েছে। বিস্তারিত কারণ প্রকাশ না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হলেও সেগুলোকে এখনই চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। বিষয়টি পরিষ্কার করতে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গুরুত্বপূর্ণ।

একই কলেজে ২০২৫ সালের ১৫ এপ্রিল অধ্যাপক বাহারুল ইসলামের স্বল্পস্থায়ী পদায়ন এবং ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর অধ্যাপক আকবর আলীর দায়িত্ব গ্রহণের পর ১ অক্টোবর পদায়ন বাতিল—দুটি ঘটনাই পূর্বধলা সরকারি কলেজের প্রশাসনিক নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের প্রত্যাশা—গুঞ্জন বা সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকৃত কারণ স্পষ্ট করবে এবং পূর্বধলা সরকারি কলেজের প্রশাসনিক নেতৃত্ব নিয়ে একটি স্থায়ী ও স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%