০৩:২৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একটি ট্রাক থেকে ২৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধারের দাবি করেছে। কিন্তু আমদানিকারক দাবি করেছেন যে ট্রাকে মোট ৩৩৪ বস্তা জিরা ছিল। ডিবির প্রকাশিত জব্দ তালিকা এবং সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬০ বস্তা উল্লেখ করা হয়েছে, যা নিয়ে আমদানিকারকের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। এ ঘটনায় ৭৪ বস্তা জিরা আত্মসাতের অভিযোগও উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে ডিবি পুলিশ। পরে পুলিশ জানায়, তল্লাশি করে ২৬০ বস্তায় ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।
ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এসব জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে নিয়মনীতি মেনে যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি, দেখার কেউ নেই
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন সিলেটের জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহনূর আলম এবং অন্যজন রাজশাহীর পুঠিয়া থানার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. ফুলসুরের ছেলে মো. সুরুজ মিয়া। ডিবি জানিয়েছে, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে।
অন্যদিকে, আমদানিকারক মাহবুব উল্লাহ রকি দাবি করেছেন যে, তিনি গত মাসে ভারতের ডাউকি স্থলবন্দর দিয়ে বৈধভাবে জিরা আমদানি করেন। ঢাকার বাজারে দাম ও চাহিদা কম থাকায় লোকসানের আশঙ্কায় তিনি জিরাগুলো সিলেটে গুদামজাত করে রেখেছিলেন। পরে সংশ্লিষ্ট সার্কেলের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) গুদাম পরিদর্শনে গেলে তার পরামর্শে মালামাল ঢাকায় নেওয়ার জন্য ট্রাকে তোলেন।
রকির ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ ট্রাকটি আটক করে। তিনি জানান, ট্রাক আটকের পর তারা পুলিশকে আমদানিসংক্রান্ত কাগজপত্র দেখানোর চেষ্টা করেন এবং মালামাল যাচাইয়ের অনুরোধ জানান। ডিবি কর্মকর্তারা পরদিন সকালে সিদ্ধান্ত জানানোর কথা বললেও পরে মামলা ও জব্দের প্রক্রিয়া শুরু করেন। রকি দাবি করেন, তিনি প্রায় ১০ হাজার ২০ কেজি জিরা আমদানি করেছিলেন, যা ৩৩৪ বস্তার সমান। কিন্তু ডিবি ২৬০ বস্তা দেখিয়ে জব্দ তালিকা তৈরি করেছে; বাকি ৭৪ বস্তার হিসাব নিয়ে তিনি বিভ্রান্তিতে পড়েছেন।
তিনি আরো বলেন, প্রশাসনের প্রতি তাদের সব সময় শ্রদ্ধা ও সম্মান রয়েছে এবং প্রশাসন ব্যবসায়িক নিরাপত্তা দেয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকার পরও এভাবে হয়রানির শিকার হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। তার আমদানি করা মাল এখনো লোকসানে রয়েছে, আর এমন পরিস্থিতি চলতে থাকলে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাবেন। তারা প্রশাসনের কাছে হয়রানি নয়, সহযোগিতা ও ন্যায়সংগত আচরণ প্রত্যাশা করেন।
আরও পড়ুন: লালমনিরহাটে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সাইকেল র্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী
একদিকে আমদানিকারক ও স্থলবন্দর কর্মকর্তার দাবি, ৩৩৪ বস্তার আমদানি-সংক্রান্ত কাগজপত্র রয়েছে; অন্যদিকে ডিবি বলছে, ২৬০ বস্তা পাওয়া গেছে এবং কোনো কাগজপত্র দেখানো হয়নি। ফলে ট্রাকে প্রকৃতপক্ষে কত বস্তা জিরা ছিল, বাকি ৭৪ বস্তার হিসাব কী এবং আমদানিসংক্রান্ত কাগজপত্র যাচাই না করেই মালামাল জব্দ করা হয়েছে কি না—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
আমদানিকারকের দাবির বিষয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) নূর আলম সিদ্দিকী বলেছেন, ৩৩৪ বস্তার কাগজপত্র ঠিক আছে। তবে কেন ডিবি আটকিয়েছে, সেটা তার বোধগম্য হচ্ছে না। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ৩৩৪ বস্তা নয়, তারা ২৬০ বস্তা পেয়েছেন এবং কোনো কাগজপত্র দেখাতে না পারায় মালামাল জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম বলেছেন, তারা যতটুকু জানতে পেরেছেন, ওই পক্ষের কাছে কোনো কাগজপত্র ছিল না। তবে আজ একটি পক্ষ কাগজপত্র আছে বলে জানিয়েছে। সেগুলো সরবরাহ করার কথা থাকলেও এখনো পুরোপুরি দেয়নি। আর যদি বেশি মাল জব্দ করে কম দেখানো হয়ে থাকে, তাহলে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে সাংবাদিক হেনস্তার অভিযোগে ভূমি অফিসের নায়েবকে শোকজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন