ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ফরিদপুরে নিয়মনীতি মেনে যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি, দেখার কেউ নেই


ফরিদপুরে নিয়মনীতি মেনে যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি, দেখার কেউ নেই

ফরিদপুরে নিয়মনীতি না মেনে যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে, এবং এই বিষয়ে নজরদারির অভাব দেখা দিয়েছে। ফরিদপুর জেলার ৯টি উপজেলার সদর, উপশহর, ওয়ার্ডসহ প্রত্যন্ত অঞ্চলের অলিগলি এবং মেঠোপথের ছোট ছোট টং দোকানেও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এর ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। অনেকেই বলছেন, "দেশে আইন আছে, আইনের শাসন নেই।" নিয়ম থাকলেও নিয়ম মানার বালাই নেই, এমনটাই বলছেন সচেতন মহল।

এলপিজি গ্যাস বিক্রির নিয়ম কী? এই গ্যাস বিক্রিতে আইনের ব্যাখ্যা কী? এ বিষয়ে ফরিদপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা হয়। তিনি জানান, দেশে রান্নার গ্যাসের চাহিদা বৃদ্ধির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কোনো ধরনের নিয়মনীতি বা সুরক্ষা বিধি না মেনে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রি করে চলেছেন। আবাসিক এলাকার মুদি দোকান, স্টেশনারি দোকান, এমনকি ওষুধের ফার্মেসি কিংবা চায়ের দোকানেও ঝুঁকিপূর্ণভাবে এই সিলিন্ডারগুলো সাজানো হচ্ছে।

কোনো ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা বা বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত এই অননুমোদিত ব্যবসা সাধারণ মানুষের জীবন ও সম্পত্তিকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের ট্র্যাজেডির কারণ হতে পারে। তিনি আরও বলেন, আইনের দৃষ্টিতে এলপিজি সংরক্ষণ ও বিক্রির বিধান রয়েছে। আইনগতভাবে এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস একটি অত্যন্ত দাহ্য ও বিপজ্জনক পদার্থ হিসেবে গণ্য হয়। এর উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিপণন কঠোর আইনি কাঠামোর আওতাধীন।

আরও পড়ুন: ‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নেই’ মানববন্ধনে জলবায়ু সংকট ও নদী রক্ষার দাবি

বিস্ফোরক আইন, ১৮৮৪ (Explosives Act, 1884): এই আইনের অধীনে এলপিজিকে দাহ্য পদার্থ বা বিস্ফোরকের অন্তর্ভুক্ত করা হয়েছে। লাইসেন্স বা পূর্বানুমতি ছাড়া যেকোনো স্থানে নির্দিষ্ট সীমার বেশি দাহ্য পদার্থ মজুত বা বিক্রি করা সম্পূর্ণ আইনবিরুদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

এলপিজি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১৬ পর্যন্ত): বিস্ফোরক পরিদপ্তরের (Department of Explosives) নিয়ম অনুযায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে এলপিজি সিলিন্ডার মজুত ও বিক্রি করতে হলে অবশ্যই বিস্ফোরক লাইসেন্স এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অনাপত্তিপত্র (NOC) নেওয়া বাধ্যতামূলক। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দীন বলেন, নিয়মের বাইরে কেউ গ্যাস সিলিন্ডারের ব্যবসা করলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লাইসেন্স পাওয়ার জন্য দোকানে নিরাপদ দূরত্ব, পর্যাপ্ত বায়ু চলাচল, বৈদ্যুতিক ঝুঁকি এড়ানোর ব্যবস্থা এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র থাকা আবশ্যক। পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, লাইসেন্সহীন অবৈধ ব্যবসা পরিচালনা এবং জননিরাপত্তা বিপন্ন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা ও কারাদণ্ড দেওয়ার বিধান কার্যকর করতে পারে।

ফরিদপুর টেপাখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আরমান আলী বলেন, আইনের সুস্পষ্ট বিধান থাকলেও মাঠপর্যায়ে তদারকির শিথিলতা এবং কিছু ব্যবসায়ীর অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতার কারণে মুদি ও খুচরা দোকানে দেদারসে সিলিন্ডার বিক্রি হচ্ছে। তিনি বলেন, "এ বিষয়ে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্টদের জরুরিভাবে ব্যবস্থা নেওয়া জরুরি।" যার যেখানে মন চাচ্ছে, তিনি এলপিজি গ্যাস বিক্রি শুরু করছেন। এতে আমরা আতঙ্কে আছি।

আরও পড়ুন: সিলেটের পরিবহন সেক্টরে ধর্মঘটের অস্থিরতা, শ্রমিকদের তিন দফা দাবি

নিরাপত্তার বালাই নেই

খুচরা দোকানে সিলিন্ডার মজুতের ক্ষেত্রে কোনো ধরনের ফায়ার সেফটি বা অগ্নিনির্বাপক যন্ত্র থাকে না। বৈদ্যুতিক সুইচ বা চুলার কাছাকাছি সিলিন্ডার রাখায় সবসময় বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে।

নগরকান্দা স্কুলের শিক্ষক আহমেদ মিয়া বলেন, তালমা এলাকায় রয়েছে বিশাল অবৈধ রিফিলিং বা গ্যাস স্টেশন। অনেক অসাধু ব্যবসায়ী বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস স্থানান্তর করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরিত হতে পারে। এগুলো চলমান বোমাসদৃশ পরিবেশ ধারণ করছে।

ঘনবসতিপূর্ণ এলাকায় অপরিকল্পিতভাবে সিলিন্ডার মজুত করায় তা স্থানীয় বাসিন্দাদের জন্য একেকটি 'চলমান বোমা'র রূপ নিয়েছে।

আরও পড়ুন: ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ

প্রশাসন ও সংশ্লিষ্টদের করণীয়

বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনকে আরও কঠোর হতে হবে। লাইসেন্সহীন ও অবৈধ সিলিন্ডার বিক্রেতা ফরিদপুর সদর থানার মো. কামাল, আ. রশিদ, চানু মিয়া, নাদের- এদের সবার দোকানে অবৈধভাবে গ্যাস বিক্রি হচ্ছে। তাদের প্রশ্ন করা হলে, "আপনারা তো মুদি দোকানদার, এলপিজি গ্যাস বিক্রি করার অনুমতি আছে কি না?" তারা উত্তর দিলেন, "না। সবাই করছে, আমরাও করছি।"

একজন ভোক্তা নাজমা বেগম বলেন, অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের যৌথ তদারকি জোরদার করা এবং ডিলার পয়েন্ট ছাড়া যত্রতত্র খুচরা দোকানে সিলিন্ডার সরবরাহকারী বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, সাধারণ মানুষের সচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগই কেবল এই মারাত্মক দুর্ঘটনা রোধ করতে পারে। তবে এলপিজি গ্যাস বিক্রিতে কেউ অনিয়ম করলে সবার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

আরও পড়ুন: রাজশাহী কলেজিয়েট স্কুলে ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আইন সবার জন্য সমান। এ বিষয়ে এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি, তদন্তপূর্বক জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার।

এলপিজি সিলিন্ডার বিক্রি ও অনিয়ম নিয়ে ইনকিলাবের এই সংবাদ প্রতিবেদনে এলপিজি গ্যাসের বাজারের অনিয়ম, নানা অসঙ্গতি ও তদারকির চিত্র তুলে ধরা হয়েছে, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে সরকারের পক্ষ থেকে। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান নিয়োগ পেয়েছেন। এ বিষয়ে রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা আদেশের মাধ্যমে মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১৫ নভেম্বর থেকে বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে কমিশনের চেয়ারম্যান হিসেবেও পদায়ন করা হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এ নিয়োগ কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নতুন চেয়ারম্যানের অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং এ-সংক্রান্ত সুযোগ-সুবিধা স্থগিত থাকবে। এছাড়া, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে তার কর্ম-সম্পর্ক থাকতে পারবে না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীকে তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। এর আগে তিনি বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। টেলিযোগাযোগ খাতের নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা প্রণয়নে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিন বছরের জন্য নিয়োগ পেলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বের অবসান ঘটল।

নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান এর আগে সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সামরিক ও প্রযুক্তিশিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বছরে সরকারি ঋণ ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা বেড়ে ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


দুই বছরে সরকারি ঋণ ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা বেড়ে ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে

বাংলাদেশের সরকারি ঋণ গত দুই বছরে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা বেড়ে গেছে। ২০২২ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন এই পরিমাণ বেড়ে ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায় পৌঁছায়।

এদিকে, আগামী কয়েক বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে এই পরিমাণ বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

রবিবার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উপলক্ষে একটি প্রেস ব্রিফিং নোটে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য প্রস্তুত করা ওই নোটে দেশের ঋণ পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনার সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার। ২০০৯ সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ঋণের পাশাপাশি সরকারের সুদ পরিশোধের ব্যয়ও বেড়ে গেছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে সাড়ে তিন গুণ। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।

প্রেস ব্রিফিং নোটে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে বলা হয়েছে, তখন বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০২৪ সালের জুলাই শেষে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

তবে বর্তমান সরকারের সময়ে ঋণ ব্যবস্থাপনায় কিছু অগ্রগতির দাবি করা হয়েছে নোটে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমেছে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এ ছাড়া সরকারের ঋণ নেয়ার ব্যয়ও কমেছে বলে উল্লেখ করা হয়েছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এ হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে বলে নোটে বলা হয়েছে।

ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

পাশাপাশি ব্যাংকিং খাত পুনর্গঠন, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বলা হয়েছে। নোটে আরও বলা হয়েছে, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণকে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি ভালোভাবে যাচাই করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম প্রকল্পে ঋণের অর্থ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে।

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ঋণের উৎস সম্প্রসারণে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহের কথা বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ

সারাদেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা আয়োজন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় কর্মচারীদের পক্ষ থেকে হাবিবুর রহমান বলেন, "সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশকে বেকায়দায় ফেলতে চায়, তাদের বার্তা দিতেই আমরা এখানে দাঁড়িয়েছি- আমরা এসব বরদাশত করব না। আমরা গার্মেন্টস পোড়ানো বা বাস-ট্রাকে আগুন দেওয়া দেখতে চাই না; বরং দেশ ও ক্যাম্পাসকে স্থিতিশীল এবং অর্থনীতিকে সচল দেখতে চাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। ভবিষ্যতে কেউ নাশকতা করতে চাইলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করব।"

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন মন্তব্য করেন, "বৈশ্বিক এই পরিস্থিতিতে বাংলাদেশ অনেক দেশের চেয়ে ভালো আছে। যারা সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে বেকায়দায় ফেলতে চায়, তাদের বার্তা দিতেই আমরা এখানে দাঁড়িয়েছি- আমরা এসব বরদাশত করব না। আমরা গার্মেন্টস পোড়ানো বা বাস-ট্রাকে আগুন দেওয়া দেখতে চাই না; বরং দেশ ও ক্যাম্পাসকে স্থিতিশীল এবং অর্থনীতিকে সচল দেখতে চাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। ভবিষ্যতে কেউ সন্ত্রাস, নৈরাজ্য বা নাশকতা করতে চাইলে দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করব।"

শিক্ষক সমিতির আহ্বায়ক শামীমা নাসরিন জানান, "আমরা শিক্ষকরা স্বাধীনভাবে বাঁচতে চাই। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও অরাজকতার বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। আমরা চাই, সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাভাবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক।"

অবস্থান কর্মসূচিতে ছাত্র পরামর্শক ও শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, "দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পর চব্বিশের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। ঠিক সেই সময় পতিত স্বৈরাচারী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে তাদের দোসরদের লেলিয়ে দিয়ে চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ফাটিয়ে সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আগামীতে এ ধরনের নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই মিলে প্রতিবাদ জানাবে এবং তা প্রতিহত করবে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, "২৪-এর জুলাই-আগস্ট আন্দোলনে আত্মাহুতি দেওয়া চৌদ্দশোর অধিক শহীদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করছি। গত ১২ ফেব্রুয়ারির প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যে স্থিতিশীলতা ফিরে এসেছে, ২৪-এ পরাজিত ও বিতাড়িত একটি বিশেষ গোষ্ঠী তা নস্যাৎ করার অপতৎপরতা চালাচ্ছে। এরই প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেকোনো অন্যায়, অনিয়ম ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

ইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকারের সামরিক বাহিনী তথ্য প্রকাশ করেছে যে, তারা হুথিদের অধীনে থাকা একটি অস্ত্র গুদামের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করেছে।

এই হামলা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবরুদ্ধ শহর তাইজের দক্ষিণে নাজদ কাসিম এলাকায় সংঘটিত হয়েছে। তবে, হুথিদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য অর্জনের পরও, সৌদি আরবের সমর্থনে গঠিত সরকারি বাহিনী ইয়েমেন এবং সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা প্রতিরোধে সক্ষম হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত ইয়েমেনের সংঘাতে হতাহতের সংখ্যা ১১ হাজার ৭৫৫ জনে পৌঁছেছে। এর মধ্যে ২ হাজার ৯৮ জন নিহত এবং ৯ হাজার ৬৫৭ জন আহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%