০৩:২৯ পি.এম
ইরানের পশ্চিমাঞ্চলে গ্যাস পরিশোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইরাক সীমান্তসংলগ্ন ইলাম প্রদেশের দেহলোরান ও আবদানান এলাকার মধ্যবর্তী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। রোববার (১৫ নভেম্বর) সকালে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ বিষয়ে তথ্য প্রকাশ করে।
দুর্ঘটনাকবলিত বাসটিতে দেহলোরান এলাকার এনজিএল গ্যাস পরিশোধনাগার প্রকল্পের কর্মীরা ছিলেন। বাসটি দাশতে আব্বাস এলাকা থেকে আবদানান জেলার মুরমুরি শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, ফলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা যান।
আরও পড়ুন: ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ
ইলাম প্রদেশের আবদানান জেলার গভর্নর বেহজাদ নূর মোহাম্মদি জানিয়েছেন, বাসটিতে চালকসহ মোট ২৮ জন ছিলেন। আহত ১৬ জনের মধ্যে ১০ জনকে দেজফুলের একটি হাসপাতালে, পাঁচজনকে আবদানানের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে এবং একজনকে ইলাম প্রদেশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, তা খতিয়ে দেখছে। যদি দুর্ঘটনায় কারও অবহেলা বা নিরাপত্তাবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয় বিচার বিভাগীয় কর্মকর্তারা।
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় ইলাম প্রদেশে এক দিনের এবং আবদানান জেলায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রাদেশিক প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উদ্ধার তৎপরতা এবং আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করছেন।
সূত্র: ইরনা, আনাদোলু, রুদাও
আরও পড়ুন: চীন যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন