১১:২২ এম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে চুরি, ডাকাতি ও মাদক কারবারের অভিযোগে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল রাস্তায় এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তদের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিয়াইম গ্রামের আব্দুল হাসিমের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), মৃত উসমান মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০), মৃত সক্কদর মিয়ার ছেলে সামছু মিয়া (২৬) এবং মৃত লাল মিয়ার ছেলে সাজু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে পিয়াইমসহ আশপাশের বিভিন্ন গ্রামে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রামবাসীর দাবি, অভিযুক্তরা রাতের আঁধারে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধে জড়িত হতেন। এমনকি চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে নারীদের যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে সামাজিক লোকলজ্জা ও নিরাপত্তার আশঙ্কায় অনেক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ করতে চাননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন: মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন
এলাকাবাসীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ একাধিকবার অভিযান চালালেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে দাবি তাঁদের।
এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে গ্রামবাসী একত্রিত হয়ে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালান। পরে বাড়ির আসবাবপত্র ও অন্যান্য মালামাল বের করে রাস্তায় স্তূপ করে আগুন ধরিয়ে দেন।
মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার বলেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকার চিহ্নিত অপরাধী এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সকালে গ্রামবাসী বাড়ির বিভিন্ন মালামাল পুড়িয়ে দিয়েছেন।
এ ঘটনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের বিশাল শোডাউন ও পথসভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন