০৯:৩৯ পি.এম
বিশ্বকাপে স্পেন এখনও নিজেদের সেরা ফুটবল প্রদর্শন করতে পারেনি। তবে দলের সক্ষমতা নিয়ে তরুণ তারকা লামিন ইয়ামালের মধ্যে কোনো সংশয় নেই। স্প্যানিশ ফরোয়ার্ডের বিশ্বাস, একবার ছন্দে ফেরার পর তাদের থামানো যেকোনো প্রতিপক্ষের জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে।
২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্ট শুরু করেছিল। তবে প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করায় স্পেন হোঁচট খেয়েছে। এরপর সৌদি আরবের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়েও গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়েকে মাত্র ১-০ গোলে হারাতে হয়েছে।
অপরাজিতভাবে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠে গেলেও দলটি এখনও প্রত্যাশা অনুযায়ী ফুটবল খেলতে পারেনি বলে মনে করেন ইয়ামাল।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
তিনি বলেন, ‘এটা সত্য যে সবাই আমাদের কাছ থেকে আরও ভালো ফুটবল আশা করেছিল। তবে আমরা ইউরোপের বাইরের ভিন্ন ধরনের দলের বিপক্ষে খেলেছি। ম্যাচগুলো ছিল কঠিন, বিশেষ করে শেষ ম্যাচটি, যেখানে খেলা বারবার থেমেছে।’
তবে ইয়ামালের বিশ্বাস, স্পেনের সেরা পারফরম্যান্স এখনো আসেনি।
তিনি বলেন, ‘আমার মনে হয় না, আমরা এখনও কোনো দুর্দান্ত ম্যাচ খেলেছি। কিন্তু একবার ছন্দ খুঁজে পেলে —আর আমি নিশ্চিত আমরা সেটা পাব, তখন আমাদের থামানো প্রায় অসম্ভব হয়ে যাবে।’
চোটের কারণে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো ম্যাচ পুরো ৯০ মিনিট খেলতে পারেননি বার্সেলোনার এই তারকা। তবে শেষ ষোলোর আগে নিজেকে পুরোপুরি ফিট বলেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা
ইয়ামাল আরও বলেন, ‘আমি এখনও আন্তর্জাতিক ফুটবলে শিখছি। ক্লাব ফুটবলের তুলনায় এখানে অনেক কিছুই আলাদা। চোট থেকে ফিরে নিজেকে কীভাবে সামলাতে হয়, সেটাও শিখছি। এখন আমি দারুণ অনুভব করছি এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটির অপেক্ষায় আছি।’
বিশ্বকাপের শেষ ষোলোতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন। জিতলে ইউরোপীয় চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন