শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৫০ পি.এম
সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশ অভিযানের মাধ্যমে ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলীম উদ্দিনসহ মোট ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মোঃ ফয়জুল করিম (৪০), ৮নং তোয়াকুল ইউনিয়নের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। এছাড়া মুসলিম নগর গ্রামের মোঃ কুরবান সরকারের পুত্র সমোঃ আশিক সরকার (২৯), ৩নং পূর্ব জাফলং ছাত্রলীগের সহ-সভাপতি এবং রাজনগর গ্রামের মৃত কাজী মতাহির আলীর পুত্র আলিম উদ্দিন (৫০), ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৮ নভেম্বর সিলেটের রাতারগুলে সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা এডভোকেট রনজিৎ সরকারের একটি সভা নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে প্রশাসন সক্রিয় হয়ে ওঠে এবং গোয়াইনঘাট থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ থেকে ২০ জন আওয়ামীলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ১০ নভেম্বরের ধর্মঘটের দিন ক্লাস ও পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা এই ধর্মঘটের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন এখনও কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেনি। জাবির উপ-উপাচার্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তথ্য সংগ্রহের কাজ চলছে।
১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন ও অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছিল। এই দিন বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষা কার্যক্রম চলছিল কি না এবং কোনো শিক্ষক পূর্বানুমতি ছাড়া ক্লাস-পরীক্ষা থেকে বিরত ছিলেন কি না, তা জানার জন্য ঢাবি ও জবি প্রশাসন তৎপর হয়েছে।
গত বুধবার, জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে বিষয়ে তথ্য চাওয়া হয়। একই সঙ্গে, যদি কোনো শিক্ষক অনুপস্থিত থাকেন, তবে তিনি যথাযথ প্রক্রিয়ায় ছুটি নিয়েছিলেন কি না, তার পূর্ণাঙ্গ বিবরণ তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে, ঢাবি প্রশাসনও পূর্বানুমতি ছাড়া অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়ে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্ধারিত সময়ের মধ্যে নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানিয়েছেন, কয়েকজন শিক্ষক ওই দিন ক্লাসে উপস্থিত ছিলেন না। তাঁরা কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাহীনতায় ছিলেন কি না, তা যাচাই করার জন্য প্রশাসন তথ্য চেয়েছে। শিক্ষকদের নিরাপত্তা এবং নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রয়েছে।
তবে জাবি প্রশাসন এখনও এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেছেন, “আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে বিভিন্ন বিভাগে খোঁজখবর নেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহ করে প্রশাসনিক সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
জাবি প্রশাসনের এই নীরবতার কারণে ক্ষোভ প্রকাশ করে তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেছেন, যদি কোনো শিক্ষক নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট সমর্থন করে ইচ্ছাকৃতভাবে ক্লাস বা পরীক্ষা না নেন, তবে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে জবাবদিহির আওতায় আনতে হবে। জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানও বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি করেছেন।
জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেছেন, শুধু নোটিশ জারি করেই দায়িত্ব শেষ করা যাবে না; তদন্ত কমিটি গঠন করে ধর্মঘটের প্রতি সংহতি জানানো শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেছেন, ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকা শিক্ষকদের সঙ্গে ধর্মঘট সফল করার উদ্দেশ্যে ক্লাস না নেওয়া শিক্ষকদের পার্থক্য করা জরুরি। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ