ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

গাজীপুরকে অপরাধমুক্ত করতে সাংবাদিক ও পুলিশের যৌথ উদ্যোগের আহ্বান


গাজীপুরকে অপরাধমুক্ত করতে সাংবাদিক ও পুলিশের যৌথ উদ্যোগের আহ্বান

গাজীপুর, ১০ নভেম্বর, ২০২৬ : শিল্পনগরী গাজীপুরকে নিরাপদ, মাদক-সন্ত্রাসমুক্ত এবং সাধারণ মানুষের বাসযোগ্য করে তুলতে সংবাদকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রয়াসের ওপর জোর দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।

আজ মঙ্গলবার জিএমপি সদর দপ্তরের সভা কক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি উল্লেখ করেন যে, পেশাগত তথ্যের আদান-প্রদান এবং সুদৃঢ় পারস্পরিক আস্থার মাধ্যমে নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধান সম্ভব।

জিএমপির নবনিযুক্ত কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সভায় সংবাদকর্মীরা দ্রুত বর্ধনশীল এ অর্থনৈতিক কেন্দ্রটির নানা নাগরিক সংকট বিশেষ করে সড়ক নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধ, যানজট নিরসন এবং শিল্পাঞ্চলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার তাগিদ দেন তারা। মাদক সমস্যার স্থায়ী সমাধানে খুচরা বিক্রির পাশাপাশি মূল কারবারি, গডফাদার ও সরবরাহকারীদের শনাক্ত করে আইনি ধারায় আনার পরমর্শ দেওয়া হয়। একই সঙ্গে উঠতি বয়সের অপরাধী চক্র ও তাদের পেছনের মদদদাতাদের দমনে কঠোর ব্যবস্থার দাবি ওঠে।

এ সময় শ্রমিক, নারী ও পথচারীদের যাতায়াত নিরাপদ করতে ঝুঁকিপূর্ণ স্থান ও শিল্প এলাকাগুলোতে নৈশকালীন টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত, পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্চ-মে’র গরমে কেন, আইপিএলকে শীতে নিয়ে যাওয়ার পরামর্শ কলকাতার মালিকের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৩ এম


মার্চ-মে’র গরমে কেন, আইপিএলকে শীতে নিয়ে যাওয়ার পরামর্শ কলকাতার মালিকের

মার্চ-মে’র গরমে আইপিএল আয়োজনের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা নাইট রাইডার্সের সহমালিক জুহি চাওলা। তিনি পরামর্শ দিয়েছেন, তুলনামূলক শীতল সময় অর্থাৎ জানুয়ারিতে আইপিএল আয়োজন করা উচিত।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জুহি এই প্রশ্নটি উত্থাপন করেন। তাঁর মতে, আইপিএল এখন ক্রিকেটের ক্যালেন্ডারে নিজেদের জন্য জায়গা খুঁজে পাওয়ার প্রয়োজন নেই। বরং, ক্রিকেটের ক্যালেন্ডারকে প্রভাবিত করার মতো অবস্থান আইপিএল ইতিমধ্যেই অর্জন করেছে।

জুহি লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি কেন বছরের সবচেয়ে প্রচণ্ড গরমের সময় আয়োজন করতে হবে? আর যদি ক্রিকেটের সূচি নতুন করে বিবেচনা করা হয়, তাহলে এপ্রিল-মের পরিবর্তে জানুয়ারি কেন নয়? এতে আবহাওয়া ভালো থাকবে, ক্রিকেটের মান বাড়বে এবং সবার অভিজ্ঞতাও আরও উন্নত হবে।’

তিনি আরও বলেন, ‘আইপিএল অনেক দূর এগিয়েছে। এখন হয়তো এর আয়োজনের সময়সূচি পরিবর্তন করার সময় এসেছে।’

আইপিএলের অন্যতম পরিকল্পনাকারী ললিত মোদি জুহি চাওলার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন। মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আইপিএলের জন্য আইসিসির কাছ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা বা উইন্ডো পাওয়ার প্রয়োজন নেই। আইপিএল বিসিসিআইয়ের মালিকানাধীন ও পরিচালিত একটি ঘরোয়া টুর্নামেন্ট। এটি কখন আয়োজন করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআইয়ের রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এবং খেলোয়াড়দের প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তবে সেটি সম্পূর্ণ আলাদা বিষয়। বছরের নির্দিষ্ট সময়ে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি চাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আরও বড় বিষয় হলো, আইপিএল এখন আর বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা খুঁজে বেড়ানো কোনো টুর্নামেন্ট নয়। বরং বিশ্ব ক্রিকেটকেই আইপিএলের অর্জিত অবস্থানকে স্বীকৃতি দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার ৯২২: প্রতিমন্ত্রী আব্দুল বারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ এম


সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার ৯২২: প্রতিমন্ত্রী আব্দুল বারী

সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি দপ্তরে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য অবস্থায় রয়েছে। সরকার এসব শূন্য পদ পূরণের জন্য স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

আজ জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এই তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস-২০২৫’ অনুযায়ী, সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

তিনি আরও জানান, এসব শূন্য পদ পূরণের লক্ষ্যে বর্তমান সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। কর্মপরিকল্পনার আওতায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের জন্য অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগসংক্রান্ত তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

এছাড়া, দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে নিয়োগ সম্পন্ন করার জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

খায়রুল কবির খোকনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতে সম্পন্ন হওয়া নিয়োগের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ পাওয়া যায় বা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়, তবে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ব্যবস্থা গ্রহণের ফলে যদি কোনো পদ শূন্য হয়, সেসব পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আবুল হাসনাতের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি নিয়োগ কার্যক্রমের তথ্য প্রতি ৬ মাস অন্তর হালনাগাদ করা হয়। দেশের জেলা ও কেন্দ্রীয় পর্যায়সহ সব দপ্তর, বিভাগ এবং সরকারি কর্ম কমিশনের নিয়োগ কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রয়েছে।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন দপ্তর থেকে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এসব তথ্য সমন্বয় করে নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন সরকারি কর্মচারী নিয়োগ পেয়েছেন, সে বিষয়ে জাতীয় সংসদকে অবহিত করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌবাহিনী চ্যাম্পিয়ন আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ এম


নৌবাহিনী চ্যাম্পিয়ন আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায়

বাংলাদেশ নৌবাহিনী গৌরব অর্জন করেছে ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়ে। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচের দিন বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে প্রতিযোগিতা হয়। এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নৌবাহিনী ৪৩ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, গত ৫ নভেম্বর বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল।

এইবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর দল। তিন বাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর, যিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় এবং সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিলে ১৩ বছর পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ এম


মতিঝিলে ১৩ বছর পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর, রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য ক্রয়কৃত ভবনের দখল অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি।

আজ মঙ্গলবার সকালে আদালতের নির্দেশে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা ব্যাংক কর্তৃপক্ষের কাছে ভবনটির দখল বুঝিয়ে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আইনানুগভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভবনটির দখল বুঝে পাওয়ার পর ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য করেন, "দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের মাধ্যমে ব্যাংকের ক্রয়কৃত ভবনের দখল বুঝে পাওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন।" তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এর পর সেখানে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে ব্যাংকের আর্থিক সাশ্রয় হবে।

ব্যাংক সূত্রে জানা যায়, ২০১০ সালে প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব ভবন নির্মাণ ও ক্রয়ের লক্ষ্যে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাতা প্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক। চুক্তির শর্ত অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবনটি নির্মাণ শেষ করে ব্যবহার উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল।

চুক্তি অনুযায়ী ভবনটির নিচতলা থেকে ১২ তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি হস্তান্তর না করায় ব্যাংক তার স্বার্থ ও আইনগত অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সংশ্লিষ্ট মামলায় আদালতের রায় এবং আদেশ ব্যাংকের পক্ষে আসে। বেসিক ব্যাংকের টাইটেল এক্সিকিউশন মামলা নম্বর ৬৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা জজ স্বাক্ষরিত আদেশে ব্যাংকের অনুকূলে ভবনটির দখল প্রদানের নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশের ভিত্তিতে আজ আদালতের প্রতিনিধিরা ভবনটির দখল ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

বেসিক ব্যাংক কর্তৃপক্ষ মনে করে, দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে ভবনটির দখল বুঝে পাওয়া ব্যাংকের সম্পদ ও স্বার্থ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর ফলে নিজস্ব সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পথ সুগম হয়েছে। পাশাপাশি ব্যাংকের সম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%