মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০০ পি.এম
জামালপুরের বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক। কোমরে রশি এবং হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাবার জানাজায় তার উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। জানাজা সম্পন্ন হওয়ার পর তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
আশিকুর রহমান আশিক বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। গত বৃহস্পতিবার রাতের দিকে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (১৩ নভেম্বর) নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরিবারের সূত্রে জানা যায়, ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে আগে থেকেই অসুস্থ অবস্থায় থাকা আশিকের বাবা, ব্যবসায়ী চিক্কু মিয়া (৬৫), আরো অসুস্থ হয়ে পড়েন। ওই দিন রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তাকে পৌর শহরের সীমারপাড় এলাকার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। রাত ৮টার দিকে তিনি মারা যান।
বাবার মৃত্যুর পর তার জানাজায় অংশগ্রহণের জন্য আশিকের প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার। জেলা প্রশাসনের কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কঠোর পুলিশি পাহারায় তাকে বকশীগঞ্জে নিয়ে আসা হয়। সীমারপাড় ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন আশিক। জানাজা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের দায়িত্ব দিল্লির নয়, বরং এ দেশের জনগণের হাতে থাকবে বলে মন্তব্য করেছেন রাকসুর সাবেক ভিপি ও বিএনপির মহাসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের অধিকার সম্পূর্ণরূপে এ দেশের জনগণের। কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারবে না।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল চেতনা ৭ নভেম্বরের। এ চেতনা বাংলাদেশের জনগণকে অন্যায়, স্বৈরশাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস জোগায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চিত করাই ছিল এ চেতনার অন্যতম অঙ্গীকার।
আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতা ধরে রাখার প্রবণতা লক্ষ্য করা গেছে। গত ১৭ বছরের শাসনামল ছিল পুরোনো স্বৈরশাসনের নতুন সংস্করণ। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল। মধ্যরাতের নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, আওয়ামী লীগ একদিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার কথা বলেছে, অন্যদিকে বাংলাদেশের স্বার্থ ও পররাষ্ট্রনীতির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। শেখ হাসিনা একবার বলেছিলেন, ‘আমি ভারতকে যা দিয়েছি, ভারত তা কোনো দিন ভুলবে না।’ এ বক্তব্যের মধ্যেই আওয়ামী লীগের রাজনীতির স্ববিরোধিতা ফুটে ওঠে। বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।
জুলাই আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বুক পেতে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন। তাঁর আত্মত্যাগ সারা দেশের তরুণ, কিশোর, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। একজন শিক্ষার্থীর আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, তা শেষ পর্যন্ত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটায়।
আওয়ামী লীগের দমন-পীড়নের অভিযোগ তুলে রিজভী বলেন, জুলাই আন্দোলনে এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনা জাতির জন্য গভীর বেদনাদায়ক। আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ছাত্রসংগঠনকে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এ সময় আন্দোলনকারীদের রাজাকারের নাতি-পুতি আখ্যা দিয়ে তাদের দমনের চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সহিংস রাজনীতির প্রসঙ্গে তিনি আরও বলেন, এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের রক্তের পিপাসা শেষ হয়নি। আবারও ক্ষমতায় ফেরার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও পুলিশের বক্সে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেশের সম্পদ লুটপাটের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা আবারও রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন রিজভী।
বিএনপির আন্দোলন ও বর্তমান রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও কারাবাসের মধ্যেও গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। জাতীয়তাবাদী রাজনীতি ও গণতন্ত্রের প্রতীক হিসেবে তিনি মানুষের কাছে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।
বর্তমান পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা দু-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভিন্নমত প্রকাশ করতে পারবে এবং সরকারের সমালোচনা করার কারণে কেউ গুম বা নির্যাতনের শিকার হবে না। এমন গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। কোনো একক শক্তি জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকে থাকতে পারে না।
তিনি আরো বলেন, জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়েই ৭ নভেম্বরের চেতনা গড়ে উঠেছে। এ চেতনা যুগ যুগ ধরে অন্যায়, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে সাহস জোগাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের জৈন্তাপুরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, তারাবাতি এবং আতশবাজি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি, পৃথক একটি অভিযানে একটি পুরোনো ভারতীয় পালসার মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের একটি বসতঘর এবং হেমু হাউদপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ফতেপুর ইউনিয়নের নুরুল উল্যাহ (৩৫), পিতা মৃত খয়রুল উল্যাহর বসতঘরে অভিযান চালিয়ে ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। এই চা পাতার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
এ সময় উদ্ধার করা হয় ভারতীয় ‘Athithi 7cm Electric Sparklers’ নামের ২ হাজার ১৫০ প্যাকেট তারাবাতি। এসব তারাবাতির আনুমানিক মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা। এছাড়া ‘Happy Fire Works’ ব্র্যান্ডের ৫৫২ বক্স তুফান চকলেট নামের আতশবাজি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার ২০০ টাকা।
পুলিশের হিসাব অনুযায়ী, বসতঘর থেকে উদ্ধার করা চা পাতা, তারাবাতি ও আতশবাজির মোট আনুমানিক মূল্য ১১ লাখ ১৪ হাজার ২০০ টাকা। অন্যদিকে, একই দিনে উপজেলার হেমু হাউদপাড়া এলাকা থেকে একটি পুরোনো ভারতীয় ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, অভিযানে ভারতীয় পণ্য ও মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মক্কার পবিত্র নগরী সৌদি আরবের বিখ্যাত ক্লক টাওয়ার দুটি বিশ্বরেকর্ড অর্জন করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে ভবনের ভেতরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ।
দ্য ইসলামিক ইনফরমেশন সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, ক্লক টাওয়ারের ৪২৬ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত জাদুঘরটি বিশ্বের সর্বোচ্চ জাদুঘর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৬০ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত, যা বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ।
মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন জানায়, ক্লক টাওয়ারের কসমস সায়েন্স অ্যান্ড ক্রিসেন্ট অবজারভেশন সেন্টার এবং মক্কা ক্লক দুটি স্বীকৃতির সনদ গ্রহণ করেছে।
কেন্দ্রটিতে মহাকাশবিজ্ঞান, মহাবিশ্বের রহস্য, চাঁদ দেখার প্রযুক্তি এবং সময় পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীরা এখানে জ্যোতির্বিজ্ঞানের বিকাশ, এর ইতিহাস এবং বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারেন।
রয়্যাল কমিশনের মতে, এ স্বীকৃতি ক্লক টাওয়ারের স্থাপত্যশৈলী ও বৈজ্ঞানিক সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এটি দর্শনার্থীদের জন্য জ্ঞান অর্জন ও পর্যটনের নতুন অভিজ্ঞতা তৈরি করেছে।
কেন্দ্রটির পর্যবেক্ষণ মঞ্চ থেকে পবিত্র মসজিদুল হারাম ও পুরো মক্কা নগরীর মনোরম দৃশ্য দেখা যায়। ফলে ক্লক টাওয়ারটি শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং বিজ্ঞান, শিক্ষা ও পর্যটনেরও অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের লালমনিরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফরের সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট শহরে আনন্দ মিছিল আয়োজন করেছে ‘আলোকিত যুব কমিটি’র স্বেচ্ছাসেবীরা। এর আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে স্বেচ্ছাসেবীদের মধ্যে ভেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়েছে।
আলোচনা সভায় স্বেচ্ছাসেবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর সফর লালমনিরহাটবাসীর জন্য আনন্দের ও গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। প্রধানমন্ত্রী দিনব্যাপী জেলায় অবস্থান করবেন, যা স্থানীয় মানুষের জন্য বিশেষ আনন্দের বিষয়।" এ সফরের প্রতিটি কর্মসূচী সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবীদের ধৈর্য, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, "দায়িত্ব পালনের সময় সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো ধরনের দায়িত্বে অবহেলা করা যাবে না। স্বেচ্ছাসেবীদের সুসংগঠিত থেকে নির্ধারিত দায়িত্ব ও নির্দেশনা মেনে চলতে হবে।" এ ক্ষেত্রে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী জানান, ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোট ৩টি কর্মসূচী রয়েছে। প্রথমে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। পরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ